কক্সবাজারে প্রথম আলো সরবরাহকারী মাইক্রোবাসে ডাকাতের হামলা, আহত ১০
চকরিয়া উপজেলায় আজ শনিবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সশ্রস্ত্র ডাকাতেরা প্রথম আলো সরবরাহকারী একটি মাইক্রোবাসসহ তিনটি ট্রাকে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে কমপেক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় ডাকাতেরা নগদ টাকাসহ ছয়টি মোবাইল সেট নিয়ে গেছে। উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাহাড়ি এলাকা কচ্ছপিয়া ঢালায় আজ ভোর সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের মধ্যে মাইক্রোবাসের চালক মিজানুর রহমানকে (২৫) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দায়ের কোপে তাঁর ডান হাত কেটে যায়। ডাকাতের বেদম প্রহারে আহত হন মাইক্রোর সহকারী জাবেদ হোসেন (১৫) ও পরিচালক মোহাম্মদ পেয়ারু (২৮)। মিজানুর রহমান জানান, রাত তিনটায় প্রতিদিনের মতো প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা নিয়ে মাইক্রোবাসটি (চট্ট মেট্রো-চ-১১-৪৩৪২) কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। ভোর পাঁচটার দিকে চকরিয়া শহরে পত্রিকা নামিয়ে দিয়ে পাঁচটা ২০ মিনিটের সময় মাইক্রোবাসটি কচ্ছপিয়ার ঢালায় ডাকাতের কবলে পড়ে। আহত ব্যক্তিরা জানান, ৩০ থেকে ৩৫ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত আগে থেকে সড়কের ওপর বড় গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে। মাইক্রোবাসসহ তিনটি ট্রাক ব্যারিকেডের সামনে গেলে ডাকাতেরা ফাঁকা গুলি ছোড়ে। এরপর ডাকাতেরা প্রথমে পত্রিকাবাহী মাইক্রোতে হামলা চালায়। এ সময় চারজন ডাকাত অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এক ডাকাত ধারালো কিরিচ দিয়ে মাইক্রোর চালক মিজানুর রহমানের ডান হাতে দুটি কোপ দেয়। তারা মাইক্রোর সহকারী জাবেদ হোসেন, পরিচালক মোহাম্মদ পেয়ারুসহ পাঁচ যাত্রীকে মারধর করে। এ সময় নগদ ছয় হাজার ৮০০ টাকাসহ ছয়টা মোবাইল সেট লুট করে ডাকাত দল জঙ্গলে ঢুকে পড়ে। পরে আহত অবস্থায় মোহাম্মদ পেয়ারু গাড়িটি চালিয়ে কক্সবাজার শহরে নিয়ে আসেন। সকাল সাতটায় আহত চালক মিজানকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগে চিকিত্সা শেষে তাঁকে বেলা ১১টায় বিশ্রামে পাঠানো হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বলেন, ‘ডাকাতির খবর আমি জানি না। তবে এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। আগামীতে গভীর রাতে সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দলকে টহলে রাখা হবে।’