কক্সবাজারে বন্যায় ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়ে সৃষ্ট বন্যায় কক্সবাজারে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন। নিহত ব্যক্তিদের মধ্যে চকরিয়া উপজেলা আওয়ামী কৃষক লীগের সভাপতিসহ দুজন, সদর উপজেলায় একজন, রামু উপজেলায় দুজন ও উখিয়া উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন চকরিয়ার বদিউর রহমান (৬৫), উখিয়ার জসিম উদ্দিন, রামুর স্কুলছাত্রী রেহেনা আকতার (১১), সদর উপজেলার সৈয়দ আলম (৩১) ও একই উপজেলার শাহ আলম (৬৫)। এ ছাড়া চকরিয়া উপজেলার মোহাম্মদ খলিলুর রহমান (২৩) এখনো নিখোঁজ রয়েছেন।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, গত রবি ও সোমবার সৃষ্ট বন্যায় জেলার চকরিয়ায় সীমান্ত এলাকার লামার ইয়াংছা নদী পার হতে গিয়ে পানিতে ভেসে যান উপজেলা কৃষক লীগের সভাপতি বদিউর রহমান (৬৫) এবং একই সময়ে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর বাজারপাড়ার মোহাম্মদ খলিলুর রহমান (২৩) মাতামুহুরি নদীর তীরে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ভেসে যান। পরে বুধবার সকালে চকরিয়ার ভাটি অঞ্চল চরণদ্বীপ থেকে বদিউর রহমানের লাশ উদ্ধার করা হলেও খলিলুর রহমানের সন্ধান পাওয়া যায়নি।উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিন জানান, ১১ জুলাই বিশ্বকাপের খেলা দেখে বাড়ি ফেরার পথে উখিয়ার থিমছড়ি এলাকা থেকে বন্যার পানিতে ভেসে যান জসিম উদ্দিন। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর লাশ পাওয়া যায়।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, রামুতে বন্যার পানিতে ভেসে যাওয়া স্কুলছাত্রী রেহেনা আকতারের লাশ মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার খরুলিয়া দরগাহপাড়া এলাকার বাঁকখালী নদী থেকে উদ্ধার করা হয়।এদিকে গত রোববার সদর উপজেলার ঈদগাঁও ভোমরিয়াঘোনা এলাকায় লাকড়ি কুড়াতে গিয়ে ভেসে যান রিকশাচালক সৈয়দ আলম। মঙ্গলবার সকালে চৌধুরীপাড়া পূর্ব বিলের পানিতে তাঁর লাশ পাওয়া যায়। একই সময় বাড়িতে বন্যার পানি ঢুকলে মারা যান ঈদগড় ইউনিয়নের ক্যাম্পের চর এলাকার শাহ আলম। গতকাল সকাল নয়টার দিকে বাড়ির ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।এদিকে স্থানীয় লোকজন জানিয়েছেন, জেলার চকরিয়া, পেকুয়া, সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও, রামু ও উখিয়া উপজেলায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো কয়েক লাখ মানুষ পানিবন্দী রয়েছে।চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম জানান, চকরিয়া উপজেলার ১২ ইউনিয়নের ৫০টি গ্রাম এখনো পানিতে তলিয়ে আছে। এসব এলাকায় পানিবন্দী হয়ে আছেন অন্তত দুই লাখ মানুষ।