কক্সবাজারে বিএনপি-জামায়াতের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার
কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকা থেকে পুলিশ একজন বিএনপির নেতা ও চারজন জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর মিছিল করার অভিযোগে বেলা আড়াইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার মোক্তারকুল ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল হক (৫৫), জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মী আবদুল্লাহ (২৮), মোহাম্মদ সোহেল (২২), মিজানুর রহমান (২০) ও শাহাব উদ্দিন (১৮)।কক্সবাজার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এম সালাহ উদ্দিন জানান, জুমার নামাজের পর মিছিল বের করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে প্রথমে দুজনকে ও পরে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান জানান, বাংলাবাজার জামে মসজিদে জুমার নামাজের পর মুসল্লিরা মিছিল বের করেন। এটা জামায়াতের পূর্বনির্ধারিত কোনো কর্মসূচি ছিল না। তিনি বলেন, ‘আমি শুনেছি পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে তিনজন জামায়াত কর্মী, দুজন বিএনপি নেতা-কর্মী ও দুজন সাধারণ মুসল্লি রয়েছেন।’ তবে সহকারী পুলিশ সুপার সালাহউদ্দিন জানান, মিছিল করার অপরাধে পাঁচজন ও অন্য অপরাধে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।