কক্সবাজারে মাইক্রোবাস ভাঙচুর, রোগীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার চেইন্দা এলাকায় আজ সোমবার সকালে একটি মাইক্রোবাসে ভাঙচুর চালায় হরতালের সমর্থকেরা। ওই মাইক্রোবাসে করে একজন রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পরে চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত হাফেজ আবদুর রহমানের (৫৬) বাড়ি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং গ্রামে। তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলে তাঁর ছেলে কেফায়েতুল্লাহ ও ভাগনে তাহের নঈম জানিয়েছেন। মাইক্রোবাসে রোগী হাফেজ আবদুর রহমানের সঙ্গে তাঁর ভাগনে তাহের নঈম ছিলেন। তাহের নঈম (আমার দেশ পত্রিকার সাংবাদিক) প্রথম আলো ডটকমকে বলেন, আজ সোমবার ভোরে ফজরের নামাজ পড়তে ওঠেন আবদুর রহমান। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি স্ট্রোকে আক্রান্ত হন বলে ধারণা করা হচ্ছে। তাঁকে প্রথমে একটি অটোরিকশায় করে বাড়ি থেকে কিছুদূরে নিয়ে যাওয়া হয়। এরপর মাইক্রোবাসে করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। এ সময় ওই মাইক্রোবাসটিতে হামলা ও ভাঙচুর চালানো হয়। রোগীকে সদর হাসপাতালে নেওয়া হলে আবাসিক চিকিত্সা কর্মকর্তা পুচনো বলেন, হাসপাতালে নেওয়ার আগে পথেই তাঁর মৃত্যু হয়েছে। মাইক্রোবাসে থাকলেও রোগী হাফেজ আবদুর রহমান কখন মারা গেছেন, তা তাহের নঈম বুঝতে পারেননি বলে জানান।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে মাইক্রোবাসটি রামুর চেইন্দা এলাকায় (এমিউজমেন্ট ক্লাবের পাশে) পৌঁছায়। এ সময় হরতালের সমর্থক শিবিরের চার-পাঁচজন কর্মী মাইক্রোবাসে হামলা চালায়। এতে মাইক্রোবাসের কাচ ভেঙে যায়। এ সময় মাইক্রোবাসের ভেতরে থাকা রোগী হাফেজ আবদুর রহমানকে মৃত অবস্থায় দেখা যায়। তাঁকে মৃত দেখে হামলাকারীরা পালিয়ে যায়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘কয়েকজন যুবক মাইক্রোবাসটিতে ভাঙচুর করেছে। তবে তার আগেই রোগীর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।’ ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে গেছে বলে তিনি জানান। হাফেজ আবদুর রহমানের লাশ বাড়িতে নেওয়া হয়েছে। বিকেলে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।