কক্সবাজারে রাডার স্টেশনের পাহাড় কেটে অবৈধ বসতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের পাশে প্রায় দেড় শ ফুট উঁচু পাহাড়ের চূড়ায় স্থাপিত উন্নত প্রযুক্তির ডপলার রাডার স্টেশনটি অত্যন্ত ঝুঁকির মুখে পড়েছে। ভারী বৃষ্টি হলেই এটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্টেশনের নিচে পাহাড় কেটে অবৈধভাবে তিন শতাধিক বসতবাড়ি নির্মাণ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ, নিম্নচাপ, ঘূর্ণিঝড়সহ নানা দুর্যোগের পূর্বাভাস ও প্রতিরক্ষাসংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত এই রাডার স্টেশনের মাধ্যমে সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাডারটির নিয়ন্ত্রিত এলাকা কক্সবাজারকে কেন্দ্র করে ৪৪০ বর্গকিলোমিটার। স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী মো. আবুল হাশেম প্রথম আলোকে জানান, প্রথম শ্রেণীর কেপিআইভুক্ত (গুরুত্বপূর্ণ স্থাপনা) এই রাডার স্টেশনের সীমানাপ্রাচীরের ১০ মিটারের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ নিষিদ্ধ। কিন্তু খোদ সীমানাপ্রাচীরের মধ্যেই বহু লোক পাহাড় কেটে কয়েক শ বসতবাড়ি তৈরি করেছে। এতে ঝুঁকির মুখে পড়েছে স্টেশনটি। স্টেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, হিলটপ সার্কিট হাউসসংলগ্ন পাহাড়ের দক্ষিণ অংশে ৪ দশমিক ২৮ একর সরকারি খাসজমিতে ১৯৬৯ সালে প্রথম রাডার স্টেশন স্থাপন করা হয়। কিন্তু এখন পর্যন্ত ওই জমি স্টেশনের নামে বরাদ্দ বা রেজিস্ট্রি করে দেওয়া হয়নি। স্টেশনটির নিরাপত্তার জন্য আনসার-পুলিশ চেয়েও পাওয়া যাচ্ছে না। ফলে গত কয়েক বছরে স্টেশনের প্রায় দুই একর জমি অবৈধ দখলে চলে গেছে। চুরি হচ্ছে স্টেশনের বিভিন্ন জিনিসপত্র। সর্বশেষ গত ৬ মে রাডার স্টেশনের মূল্যবান ৪০ ফুট তার চুরি হয়। এ ব্যাপারে পরের দিন কক্সবাজার সদর থানায় সাধারণ ডায়েরি করা হলেও গতকাল বুধবার পর্যন্ত ওই তার উদ্ধার হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্টেশনের নিয়ন্ত্রণে থাকা অবশিষ্ট দুই একর জমি স্টেশনের নামে বরাদ্দ দেওয়ার জন্য জেলা প্রশাসনে আবেদন করা হয়েছে। জমির বিপরীতে টাকাও জমা দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত রেজিস্ট্রি হয়নি। এ কারণে দখলদারদের বিরুদ্ধে মামলাও করা যাচ্ছে না। গত মঙ্গলবার দুপুর একটায় সরেজমিন গিয়ে দেখা গেছে, বৃষ্টিতে ভিজে ১০-১৫ জন শ্রমিক রাডার স্টেশনের পশ্চিম পাশে পাহাড়ের খাদে পাকা প্রতিরক্ষা দেয়াল (গাইড ওয়াল) নির্মাণ করছেন। শ্রমিকেরা জানান, তিন মাস ধরে তাঁরা এই দেয়ালের নির্মাণকাজ চালাচ্ছেন। দেয়ালের নিচে ও খাদে কবরস্থানপাড়ায় অন্তত তিন শতাধিক বসতবাড়ি তৈরি করে কয়েক হাজার মানুষ বসবাস করছেন। দখলদারদের বেশির ভাগই উত্তরবঙ্গ, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়াসহ বিভিন্ন এলাকার দুর্যোগ ও নদী ভাঙনের শিকার। এদের সঙ্গে মিয়ানমারের অনুপ্রবেশকারী কয়েকটি রোহিঙ্গা পরিবারও রয়েছে। স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেম জানান, গত বর্ষা মৌসুমে স্টেশনের পশ্চিম অংশে ব্যাপক হারে পাহাড়ধসের ঘটনায় রাডারটি ঝুঁকির মুখে পড়ে। তখন ধস ঠেকাতে গণপূর্ত বিভাগ প্রায় এক কোটি টাকা বরাদ্দ দিয়ে পাহাড়ের কয়েকটি স্থানে আড়াআড়িভাবে প্রতিরক্ষা দেয়াল তৈরি করে। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। প্রবল বর্ষণে মাটি সরে দেয়ালগুলোও হেলে পড়ছে। এই পরিস্থিতিতে স্টেশনটি রক্ষা করা নিয়ে তাঁরা দুশ্চিন্তায় আছেন। জেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, রাডার স্টেশনের নামে দুই একর জমি বরাদ্দ দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি প্রক্রিয়াধীন রয়েছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া যাচ্ছে না বলে সেখানে পুলিশ নিয়োগ দেওয়া যাচ্ছে না। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় অবৈধ দখলদারদেরও উচ্ছেদ করা যাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৭ সালের ফেব্রুয়ারিতে ডপলার রাডার স্টেশনটি চালুর সময় পাহাড়ের নিচে কবরস্থানপাড়া ও সৈকতপাড়ায় বসবাসরত আড়াই শ পরিবারের প্রায় দুই হাজার মানুষকে উচ্ছেদে সাত দিনের নোটিশ দেয় কক্সবাজার গণপূর্ত বিভাগ। গণপূর্ত বিভাগ সূত্র জানায়, এর আগে ২০০৪ সালের ১ নভেম্বর কক্সবাজার জেলা প্রশাসন এই জমি সরকারি খাস খতিয়ানভুক্ত দাবি করে দখলদারদের উচ্ছেদের জন্য কক্সবাজার আদালতে একটি মামলা করেন। দখলদারদের পক্ষে মো. সিরাজুল ইসলাম তখন হাইকোর্টে রিট দায়ের করেন। এ পরিপ্রেবিক্ষতে হাইকোর্টের একটি বেঞ্চ উচ্ছেদ কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন এবং সরকারের প্রতি রুল জারি করেন। ২০০৫ সালের ২ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বলবৎ রাখেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই পাহাড়ের চূড়ায় প্রথম রাডার স্থাপন করা হয় ১৯৬৯ সালে সুইডেনের আর্থিক অনুদানে। এটি নষ্ট হলে ১৯৮৮ সালে জাপানের সহায়তায় আরেকটি রাডার স্থাপন করা হয়। ২০০৫ সালের জানুয়ারিতে কক্সবাজার ও খেপুপাড়ার রাডার স্টেশন দুটি নিষ্ক্রিয় হয়ে পড়ে। ২০০৬ সালে কক্সবাজারের রাডার স্টেশনের মূল ভবনের বাইরে আরেকটি বহুতল ভবন নির্মাণ করে তাতে উন্নত প্রযুক্তির ডপলার রাডার স্থাপন করা হয়। জাপান সরকার রাডার স্টেশনটি নির্মাণের জন্য ৮৫ কোটি টাকা দেয়। জাপানি প্রকৌশলীদের নকশায় তৈরি এই রাডারের মেয়াদকাল ২০১৬ সাল পর্যন্ত। তবে মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও কয়েক বছর এই রাডার কাজ করবে। বর্তমানে ঢাকা, রংপুর ও খেপুপাড়ায় এ রকম আরও তিনটি রাডার স্টেশন রয়েছে।