কক্সবাজারে রোহিঙ্গা বস্তিগুলোতে মেয়েশিশুদের বিয়ের হিড়িক
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলার রোহিঙ্গা বস্তিগুলোতে মেয়েশিশুদের বিয়ের হিড়িক পড়েছে। গত এক সপ্তাহে উখিয়ার কুতুবপালং, টেকনাফের নয়াপাড়া ও আশপাশের পাঁচটি বস্তিতে ১২ থেকে ১৫ বছর বয়সী ৫০ জনের বেশি মেয়েশিশুর বিয়ের খবর মিলেছে। নিবন্ধন ছাড়াই সারা হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা। অনুসন্ধানে জানা গেছে, গত সাত দিনে কুতুবপালং শরণার্থী শিবির ও পার্শ্ববর্তী রোহিঙ্গা বস্তিতে ২৫ জন মেয়েশিশুর বিয়ে হয়েছে। এই দুই শিবিরে বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় ২৫ হাজার রোহিঙ্গা রয়েছে। সম্প্র্রতি মিয়ানমার সরকার কক্সবাজারে অবস্থানকারী নয় হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে। এতে ফিরে যাওয়ার ভয়ে অনেক রোহিঙ্গা শিবির ছেড়ে পালাচ্ছে। অনেকে মেয়েশিশুদের বিয়ে দেওয়ার নামে ঝামেলামুক্ত হচ্ছে। অনেকে স্থানীয় লোকজনের বাড়িতে মেয়েশিশুদের গৃহকর্মীর কাজে দিচ্ছে। কুতুবপালং বস্তির রোহিঙ্গা মো. আলমগীর (৪৫) জানান, গত ৪ ও ৫ ডিসেম্বর এই বস্তির রোহিঙ্গা আবদুল্লাহর মেয়ে খতিজা (১৩), আবদুল মাবুদের মেয়ে হাসিনা (১৩), আমির হোসেনের মেয়ে ফাতেমার (১৪) বিয়ে হয়েছে উপকূলীয় সোনারপাড়া গ্রামে। ২০ থেকে ৫০ হাজার টাকা দিয়ে এসব মেয়ের বিয়ে দেওয়া হয়। কারও বিয়েতেই কাবিন হয়নি। মাওলানা এসে দোয়া পড়ে তাদের বিয়ে দেন। রোহিঙ্গা আবদুল মাবুদ বলেন, ‘ভালো ঘর পেয়েছি বলেই মেয়েকে বিয়ে দিয়েছি। জামাই সাগরে চিংড়ি পোনা ধরে। কোনোমতে চলতে পারলেই হলো। মিয়ানমারে ফিরে গেলেও মনটা হালকা থাকবে।’ আমির হোসেন বলেন, ‘বাংলাদেশ সরকার চাইছে রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাক। মিয়ানমারও নয় হাজার রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি হয়েছে। কিন্তু সেখানে ফিরে গিয়ে আমরা কী করব? সেখানে কাজ নাই। ছেলেমেয়েদের নিয়ে না-খেয়ে থাকতে হবে। তাই বাংলাদেশি ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিলাম। এই বস্তিতে এ-বয়সী অনেক মেয়ের বিয়ে হয়েছে।’ নাম প্রকাশ না করার শর্তে টেকনাফ রোহিঙ্গা শিবিরে কর্মরত একজন সরকারি কর্মকর্তা জানান, টেকনাফের তিনটি শিবিরে বৈধ-অবৈধ মিলে প্রায় ৩৫ হাজার রোহিঙ্গা রয়েছে। এসব রোহিঙ্গার মধ্যে অন্তত এক হাজার মেয়েশিশুর কোলজুড়ে একাধিক শিশু রয়েছে। অল্প বয়সী শিশুর সঙ্গে কিছুদিন ঘর করে স্বামী নিরুদ্দেশ হয়েছে—এমন ঘটনাও কম নয়। টেকনাফ রয়াপাড়া শিবিরের জাবেদা খাতুন (১৮) জানান, তিন বছর আগে রোহিঙ্গা যুবক মো. হোসেনের (১৯) সঙ্গে তাঁর বিয়ে হয়। এর মধ্যে তিনি ইসমাইল ও সেলিম নামে দুটি শিশুর মা হয়েছেন। দেড় বছর ধরে স্বামী হোসেনের দেখা নেই। উখিয়ার রোহিঙ্গা হটাও আন্দোলনের সভাপতি ও উখিয়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী জানান, প্রত্যাবাসনের ভয়ে শিবির ছেড়ে শত শত রোহিঙ্গা বিভিন্ন স্থানে পালিয়ে যাচ্ছে। অনেকে ছেলেমেয়েদের স্থানীয় লোকজনের হাতে তুলে দিচ্ছে। বিয়ে তো হচ্ছেই। এ নিয়ে প্রশাসনের কোনো মাথাব্যথা নেই। কুতুবপালং শরণার্থী শিবিরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) ও সিনিয়র সহকারী সচিব এ বি ফজলে রাব্বি সাংবাদিকদের বলেন, সরকারি তালিকাভুক্ত রোহিঙ্গারা পালাচ্ছে, এ খবর সত্য নয়। এই শিবিরের বাইরে জড়ো হওয়া অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কেউ পালালে করার কিছু নেই। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল আলম মিনা জানান, গত কয়েক দিনে টেকনাফ, উখিয়া, কক্সবাজার শহরসহ বিভিন্ন স্থান অভিযান চালিয়ে পুলিশ তিন শতাধিক রোহিঙ্গা আটক করেছে। কক্সবাজারের বিভিন্ন স্থানে প্রায় তিন লাখ অবৈধ রোহিঙ্গা বাস করছে।