কক্সবাজারে সংঘর্ষ গুলি, নিহত ৩ ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটন শহর কক্সবাজারে গতকাল শুক্রবার দুপুরে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া এবং গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ২০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন শতাধিক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে জামায়াতে ইসলামী জেলার আটটি উপজেলায় আজ শনিবার ও কাল রোববার টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে। এ ছাড়া জামায়াত কেন্দ্রীয়ভাবে সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করায় কক্সবাজার জেলা টানা তিন দিনের হরতালের ফাঁদে পড়ল।সংঘর্ষে নিহত ব্যক্তিরা হলেন: শহরের রুমালিরছড়ার গুদারপাড়ার কলিম উল্লাহর ছেলে তোফায়েল উদ্দিন (১৯), চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদাহ গ্রামের হামিদ আলীর ছেলে ও শহরের বাজারঘাটার জুতা ব্যবসায়ী আহমদ সালেহ (৪২) এবং সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধর্মেরছড়ার মো. আলমের ছেলে নুরুল হক (৩২)। তোফায়েল উদ্দিন শহর ছাত্রদলের কর্মী এবং অপর দুজন জামায়াতের সমর্থক বলে জানা গেছে। জেলা জামায়াতের সেক্রেটারি জি এম রহিমউল্লাহর দাবি, সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এবং চারজনই তাঁদের দলের কর্মী। আরেকজন শহরের খতিব আল ফোয়াদ হাসপাতালে ভর্তির পর মারা গেছেন বলে জামায়াত দাবি করেছে।গতকালের ঘটনায় পুলিশ ১১৯ জনকে গ্রেপ্তার করেছে। শহরে র‌্যাব-পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরাও টহল দিচ্ছেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, ‘আল্লামা সাঈদী মুক্তি পরিষদ’-এর ব্যানারে জামায়াত-শিবিরের কয়েক হাজার কর্মী-সমর্থক শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের উদ্যোগ নেন। এ জন্য তাঁরা পূর্বানুমতি নেয়নি বলে পুলিশ বাধা দেয়।ধাওয়া, গুলি: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মী-সমর্থকেরা জেলার বিভিন্ন স্থান থেকে বাস ও ট্রাকে করে শহরের দিকে আসতে থাকেন। পুলিশ বেলা ১১টা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল, খুরুশকুল সড়ক, কলাতলী মোড়ে ব্যাপক তল্লাশি করে এসব যানবাহনকে শহরে ঢুকতে বাধা দেয়। বেলা দুইটার দিকে খুরুশকুল সড়ক ও হাশেমিয়া মাদ্রাসা রোড দিয়ে জামায়াত-শিবিরের কয়েক হাজার সমর্থক আল্লামা সাঈদী মুক্তি পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশ বাধা দেয়। তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ ফাঁকা গুলি চালায়। জামায়াত-শিবিরের কর্মীরাও পুলিশকে লক্ষ করে গুলি ছুড়তে থাকে। এতে অন্তত ২০ জন গুলিবিদ্ধসহ শতাধিক লোক আহত হন। আড়াইটার দিকে শিবির পুলিশের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় আরও ২০টির বেশি যানবাহন ভাঙচুর করা হয়। কেন্দ্রীয় বাস টার্মিনাল, তারাবনিয়াছড়া, কালুরদোকান, আলীরজাহানসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।পুলিশ জানায়, জামায়াত-শিবিরের গুলিতে তাদের সাত সদস্য এবং ইট-পাটকেলে ওসিসহ আরও তিন সদস্য আহত হয়েছেন।গুলিবিদ্ধ অন্যদের মধ্যে আমির হোসেন (১৭), আবুল কালাম (২৭), রিয়াজ উদ্দিন (৩৫), কুলমত খাতুন (৫৫), বজল আহমদ (৪০), আবুল কাশেম (৪৫), আবুল কালাম (২৯), সাইফুল ইসলাম (২৫), মো. হোসেনকে (৫০) কক্সবাজার সদর হাসপাতাল এবং মো. শফি (৩৫), আমিনুল হক (১৭), আবদুল শুক্কুর (৩০), আবদুল্লাহ (২৬), মানিক (১৪), ফারুকসহ (২০) ১২ জনকে খতিব আল ফোয়াদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালের একজন চিকিৎসক জানান, গুলিবিদ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শহরজুড়ে আতঙ্ক: সংঘর্ষের পর থেকে শহরের লাল দীঘিরপাড়, বাজারঘাটা, কালুরদোকান, বড়বাজারসহ বিভিন্ন স্থানের দোকানপাট বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ থাকায় শহরের প্রধান সড়ক ফাঁকা হয়ে পড়ে। আতঙ্কিত মানুষ বাসাবাড়িতে আশ্রয় নেয়। বেলা দুইটার পর পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা রাস্তায় নামেন। বিজিবির কর্মকর্তারা বিকেল পাঁচটায় জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান প্রথম আলোকে জানান, বেলা দুইটার দিকে সংঘর্ষ থামাতে বিপুলসংখ্যক বিজিবি রাস্তায় নামে। ১৪৪ ধারা: বিকেল চারটার দিকে জেলা প্রশাসন কক্সবাজার পৌরসভা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করে। সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে মাইকে ঘোষণা দেওয়া হয়। জেলা প্রশাসক মো. রুহুল আমিন প্রথম আলোকে জানান, শনিবার সকাল আটটা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।৪৮ ঘণ্টার হরতাল: জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি এবং শহরে হত্যাকাণ্ডের প্রতিবাদে আল্লামা সাঈদী মুক্তি পরিষদ আজ শনিবার সকাল ছয়টা থেকে কাল রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত জেলার টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়াসহ আটটি উপজেলায় টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে। গতকাল সন্ধ্যায় জরুরি সভা করে হরতাল ঘোষণা করেন জেলা জামায়াতের নেতা ও আল্লামা সাঈদী মুক্তি পরিষদের আহ্বায়ক মাওলানা আবদুল গফুর।মামলা: গুলি করে নিরীহ মানুষকে হত্যা, পুলিশের ওপর হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান, সেক্রেটারি জি এম রহিমউল্লাহসহ জামায়াত-শিবিরের প্রায় চার হাজার নেতা-কর্মীকে আসামি করে গতকাল রাতে তিনটি মামলা করা হয়েছে। শিবিরের হামলায় আহত পুলিশের তিন এসআই বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় এ মামলা করেন। কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. জসীম উদ্দিন জানান, শিবিরের গুলিতে তিন পথচারী নিহত হয়েছেন। এঁরা জামায়াত-শিবিরের কেউ নন।৩০ হাজার পর্যটক আটকা: হরতালের কারণে কক্সবাজারে ভ্রমণে আসা অন্তত ৩০ হাজার পর্যটক আটকা পড়েছেন। সংঘর্ষ আর গোলাগুলির ঘটনায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হোটেলে বসে পর্যটকদের সময় পার করতে হয়েছে। একজন হোটেল মালিক বলেন, কক্সবাজার শহরের তিন শতাধিক হোটেল-মোটেলে বর্তমানে ৭০ হাজারের মতো পর্যটক রয়েছেন। ৩০ হাজার পর্যটকের শনিবার কক্সবাজার ত্যাগের কথা ছিল। এখন তিন দিনের হরতালে এসব পর্যটকের দুর্ভোগ পোহাতে হবে। সিলেটের হরিপুর থেকে সপরিবারে ভ্রমণে আসা পর্যটক মনছুর আলী বলেন, ‘শনিবার বিকেলে ঢাকায় ফিরে যাওয়ার জন্য পাঁচজনের বাসের টিকিট কাটা ছিল। হরতালের কারণে টিকিট ফেরত দিলেও তিন দিন কক্সবাজারে অবস্থান করার মতো অর্থ আমাদের হাতে নেই।’ পর্যটকদের বাড়ি ফিরে যাওয়ার জন্য হরতাল কিছুটা শিথিল করার অনুরোধ জানান তিনি।