কক্সবাজারে সন্ত্রাসীদের হামলায় ৬ সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের পুলিশ লাইনের পেছনে বাইপাস সড়কে আজ শনিবার দুপুরে সন্ত্রাসীদের হামলায় ছয় সাংবাদিক আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আহত সাংবাদিকেরা হলেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি বদিউল আলম, ইত্তেফাক-এর কক্সবাজার প্রতিনিধি ও কক্সবাজার রিপোটার্স ইউনিটির সভাপতি এস এম আমিনুল হক চৌধুরী, সংবাদ-এর প্রতিনিধি প্রিয়তোষ পাল, কালের কণ্ঠ-এর স্টাফ রিপোর্টার তোফায়েল আহমদ, যুগান্তর-এর প্রতিনিধি আবদুল মাবুদ ও বৈশাখী টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি শফি উল্লাহ। তাঁরা কক্সবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। জেলা প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক আবাসন প্রকল্পের সভাপতি বদিউল আলম জানান, পুলিশ লাইনের পেছনে সাংবাদিকদের আবাসন প্রকল্পে সন্ত্রাসীদের হামলা ও চাঁদাবাজির ঘটনায় সম্প্রতি তিনি কক্সবাজার মডেল থানায় মামলা করেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ গতকাল বেলা একটার দিকে মামলার বাদী ও সাক্ষীদের ঘটনাস্থলে উপস্থিত থাকার অনুরোধ জানান। এরই পরিপ্রেক্ষিতে তাঁরা ছয় সাংবাদিক বেলা পৌনে একটার দিকে ঘটনাস্থলে যান। বদিউল আরও জানান, বেলা একটার দিকে ইফতেখার উদ্দিন ওরফে পুতুর নেতৃত্বে একদল সন্ত্রাসী সাংবাদিকদের ওপর হামলা চালায়। তারা সশস্ত্র অবস্থায় সাংবাদিকদের ধাওয়া করে এবং বেধড়ক মারধর করে। পরে পুলিশ লাইন ও মডেল থানা থেকে পুলিশ এসে সাংবাদিকদের উদ্ধার করে।এ ঘটনায় সাংবাদিক আবদুল মাবুদ আজ রাতে ইফতেখার, আটক সাইফুলসহ ২৫ জনের বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় মামলা করেন। মডেল থানার এসআই রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।