কক্সবাজারে হঠাৎ বন্যায় পাঁচজনের মৃত্যু, নিখোঁজ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের প্রবল বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দিয়েছে। বন্যায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চকরিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি বদিউর রহমান (৬৫) রয়েছেন। চকরিয়ায় আরও একজন নিখোঁজ রয়েছেন। অমাবস্যার জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে কুতুবদিয়া উপজেলার ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে কাঁচাঘর ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১০ হাজার লোক। পানিবন্দী হয়েছে আরও ১০ হাজার মানুষ।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, রবি ও সোমবারের টানা বর্ষণে নদীর পানি বেড়ে ও পাহাড়ি ঢলে এ বন্যা দেখা দেয়। রোববার সকালে চকরিয়ার কৃষক লীগ নেতা বদিউর রহমান ভেলায় করে লামার ইয়াংছা নদী পার হওয়ার সময় পানিতে পড়ে যান। এ সময় প্রবল স্রোতের টানে তিনি ভেসে যান। গতকাল বুধবার সকালে চকরিয়ার ভাটি অঞ্চল চরণদ্বীপ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।ওসি জানান, একই দিন উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর বাজারপাড়ার দিনমজুর মোহাম্মদ খলিলুর রহমান (২৩) মাতামুহুরী নদীতে উজান থেকে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে স্রোতের টানে ভেসে যান। সেই থেকে তিনি নিখোঁজ।উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিন জানান, রোববার রাতে বিশ্বকাপের খেলা দেখে বাড়ি ফেরার পথে উখিয়ার ভালুকিয়া থিমছড়ি এলাকা থেকে বন্যার পানিতে ভেসে যান জসিম উদ্দিন (২৩)। মঙ্গলবার বিকেলে তাঁর লাশ উদ্ধার করা হয়।রামু থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, রামুতে বন্যার পানিতে ভেসে যাওয়া স্কুলছাত্রী রেহেনা আকতারের লাশ মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার খরুলিয়া দরগাহপাড়া এলাকায় বাঁকখালী নদী থেকে উদ্ধার করা হয়।মঙ্গলবার সকালে সদর উপজেলার চৌধুরীপাড়া পূর্ব বিল থেকে রিকশাচালক সৈয়দ আলমের (৩১) লাশ উদ্ধার করা হয়। গত রোববার ঈদগাঁও ভোমরিয়াঘোনা এলাকায় লাকড়ি কুড়াতে গিয়ে তিনি বন্যার পানিতে ভেসে যান। তাঁর বাড়ি সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের অলিয়াবাদে। একই দিন সকালে ঈদগড় ইউনিয়নের ক্যাম্পের চর এলাকার শাহ আলমের (৬৫) লাশ উদ্ধার করা হয়। বাড়িতে বন্যার পানি ঢোকার পর তিনি পানিতে ডুবে মারা যান।চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম জানান, চকরিয়ার ১২টি ইউনিয়নের ৫০টি গ্রাম এখনো পানির নিচে। এসব এলাকায় কমপক্ষে দুই লাখ মানুষ পানিবন্দী।কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সলিম উল্লাহ বাহাদুর জানান, সদর উপজেলার ঈদগাঁও, পোকখালী ও চৌফলদণ্ডী ইউনিয়নে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, ঈদগাঁও নদীতে বেড়িবাঁধ না থাকায় দুই পারের মানুষ প্রতিবছর ক্ষয়ক্ষতির শিকার হয়। স্লুইস গেট দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও তা এখন অকেজো।অমাবস্যার জোয়ারে মঙ্গলবার ও গতকাল পানি বেড়ে স্রোতের প্রচণ্ড তোড়ে কুতুবদিয়া দ্বীপের ৪০ কিলোমিটার বেড়িবাঁধের ১৫টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ভেঙে যাওয়া এসব ফোকর দিয়ে তীব্র বেগে পানি ঢুকে বিশাল এলাকা প্লাবিত হয়েছে।গতকাল দুপুরে গৃহহারা এসব মানুষ বাঁধ মেরামতের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর আলমের কার্যালয় ঘেরাও করে। বাঁধ মেরামতের দাবিতে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর তারা স্মারকলিপি দেয়। ইউএনও স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।গতকাল উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী ও ইউএনও মোহাম্মদ জাফর আলম দ্বীপের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।এ টি এম নুরুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, অমাবস্যার জোয়ারে সাগরের পানি তিন থেকে চার ফুট বেড়ে বাঁধের ভাঙা অংশ দিয়ে ঢুকে ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ৫০০ হেক্টর জমির আউশ ফসল তলিয়ে গেছে। ১০ হাজার মানুষ পানিবন্দী। ঘরবাড়ি হারিয়েছে আরও ১০ হাজার লোক।পানি উন্নয়ন বোর্ডের কুতুবদিয়া উপজেলার শাখা কর্মকর্তা আবদুস ছাত্তার বলেন, কুতুবদিয়া দ্বীপে তাবলেরচর, হাইদর বাপের পাড়া, বায়ুবিদ্যুৎ-সংলগ্ন বিলীন বেড়িবাঁধ এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণে ৩৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে। বাঁধ নির্মাণের কাজও শুরু হয়েছে। দ্বীপের ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১০ কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অর্থ বরাদ্দের চাহিদাপত্র পাঠানো হয়েছে।