কক্সবাজারে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ৫৩ জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝোড়ো হাওয়ার কবলে পড়ে কক্সবাজার সমুদ্র উপকূলে ১০টি ট্রলারডুবির ঘটনায় ৫৩ জেলে নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ট্রলার বা নিখোঁজ জেলেদের সন্ধান মেলেনি। কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, গত মঙ্গল ও বুধবার রাতে কয়েক দফা ঝোড়ো হাওয়া ও কালবৈশাখীতে ১০টি ট্রলার ডুবে গেছে। ওই সব ট্রলারে ১৫৭ জন জেলে ছিলেন। এর মধ্যে ১০৪ জনকে অন্যান্য ফিশিং ট্রলার উদ্ধার করলেও এখন পর্যন্ত ৫৩ জেলে নিখোঁজ রয়েছেন। তিনি আরও বলেন, সাগর প্রচণ্ড রকম উত্তাল থাকায় তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত চলছে। তাই ঝুঁকি নিয়ে নিখোঁজ জেলেদের সন্ধানে গভীর সাগরে ট্রলার পাঠানো যাচ্ছে না।বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ বলেন, গত মঙ্গলবার রাতে সাগরে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে এফবি জান্নাতুল ফেরদৌস, এফবি শামীম, এফবি ইসমা, এফবি জারিন, এফবি কোহিনুর, এফবি আল্লাহর দান, এফবি শিউলী, এফবি শাহিনসহ ১০টি ট্রলার ডুবে যায়। এর মধ্যে শহরের বড়বাজারের মো. ইউনুসের মালিকানাধীন এফবি জান্নাতুল ফেরদৌস ট্রলারের ১৫ জন, পেশকারপাড়ার শওকতুল ইসলামের এফবি শাহিনের ছয়জন, আবু বক্কর ছিদ্দিকের এফবি ইসমার ১৪ জন, টেকপাড়ার আবদুল মাবুদের এফবি কোহিনুরের ১৫ জন ও মহেশখালীর কুতুবজোমের সিরাজুল ইসলামের এফবি আল্লাহর দান ট্রলারের তিনজন জেলে নিখোঁজ রয়েছেন। এফবি শাহিন ট্রলারের মালিক শওকত ইসলাম জানান, গত মঙ্গলবার রাতে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে তাঁর একটি ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারের ১২ জন জেলে সাগরে ভাসতে থাকেন। পরে আরেকটি মাছ ধরার ট্রলার ছয়জন জেলেকে উদ্ধার করে উপকূলে নিয়ে এলেও অপর ছয় জেলের সন্ধান মেলেনি। সাগর উত্তাল থাকায় উদ্ধার তত্পরতাও চালানো যাচ্ছে না। কক্সবাজার আবহাওয়া অফিস সূত্র জানায়, তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত বলবত্ থাকায় কক্সবাজারে সাগর উত্তাল রয়েছে। উপকূলে বজ্রসহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।এদিকে আজ বৃহস্পতিবার বেলা তিনটায় কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ফিশারিঘাটে গিয়ে দেখা গেছে, গভীর সাগর থেকে কয়েক হাজার ট্রলার ফিরে এসেছে। আরও কয়েক হাজার ট্রলার মহেশখালীর গোরকঘাটা, টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন ঘাটে অবস্থান করছে বলে জানা গেছে।