কক্সবাজারে ২৩০ গ্রামে প্লাবন, তিন লাখ মানুষ পানিবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে কক্সবাজারের আটটি উপজেলার ২৩০টি গ্রাম প্লাবিত হচ্ছে। এতে অন্তত তিন লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বিলীন হয়েছে আট শতাধিক কাঁচা ঘরবাড়ি। একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনায় চারজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে।স্থানীয় কক্সবাজার আবহাওয়া অফিস সূত্র জানায়, গতকাল সোমবার সন্ধ্যা ছয়টা থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগর উত্তাল থাকায় তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাছিনা আকতার জানান, এই দ্বীপের চতুর্দিকে প্রায় ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রায় পাঁচ কিলোমিটার সম্পূর্ণ ভেঙে গেছে। এসব ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢোকে ছয়টি ইউনিয়নের ৩১টি গ্রাম প্লাবিত হচ্ছে। গত দুই দিনে লেমশিখালী ইউনিয়নে পায়রাকাটা ও তাবলেরচর গ্রামে ৩৪৫টি কাঁচা ঘরবাড়ি বিলীন হয়েছে। এতে অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুতুবদিয়ার উপবিভাগীয় প্রকৌশলী আব্বাস উদ্দিন জানান, পূর্ণিমার কারণে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন চার ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়ে উপকূলে আঘাত হানছে। এ কারণে ১৭টির বেশি অংশে কয়েক কিলোমিটার বাঁধ ভেঙে গেছে।রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল জানান, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের পানি বাঁকখালী নদী উপচে দুই পাশের সাতটি ইউনিয়নের অন্তত ২৫ গ্রাম প্লাবিত হচ্ছে। ঢলের পানিতে নিমজ্জিত হওয়ায় রামু-ফকিরাবাজার সড়ক, রামু-নাইক্ষ্যংছড়ি সড়ক, রামু পুরাতন আরাকান সড়কসহ আটটি রাস্তায় বেলা ১১টা থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়ুব উল্লাহ চৌধুরী জানান, এই ইউনিয়নের পাঁচ শতাধিক বসতবাড়ি এখনো পানির নিচে। এসব বাড়ির লোকজনকে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা, গিলাতলি এলাকার বিশাল ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম জানান, মাতামুহুরী নদীর পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদীর দুই তীরের ১০টি ইউনিয়নের ৭১টির বেশি গ্রাম প্লাবিত হচ্ছে। পানিবন্দি রয়েছেন প্রায় এক লাখ মানুষ। পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ জানান, ভারী বর্ষণ ও সমুদ্রের পানি বেড়ে এই উপজেলার ছয়টি ইউনিয়নের অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হচ্ছে। প্রায় ৫০০ একরের চিংড়ি ঘের সাগরে তলিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভারী বর্ষণের কারণে কক্সবাজার সদর উপজেলার লিংকরোড, মুহুরীপাড়া, চাইন্দা, খরুলিয়া, বাংলাবাজারসহ অন্তত ১৯টি গ্রামের ছয় শতাধিক বসতবাড়ি পানির নিচে ডুবে রয়েছে। এ ছাড়া টেকনাফের চারটি ইউনিয়নের ২১টি, উখিয়ার ১২টি ও মহেশখালী উপজেলার ২০টি গ্রামে বন্যার পানিতে ডুবে রয়েছে। পাহাড় ধসের ঘটনায় মহেশখালীতে চারজন নিহত এবং রামু ও কক্সবাজার পৌরসভার বিভিন্ন স্থানে আরও অন্তত ৩০ জন আহত হয়েছে।