ঠান্ডাজনিত কারণে কক্সবাজার ও পার্বত্য বান্দরবানের শত শত শিশু নিউমোনিয়াসহ শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে। গত সাত দিনে এসব রোগে আক্রান্ত হয়ে কক্সবাজারে ২৫টি শিশু মারা গেছে। আর বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মারা গেছে পাঁচটি শিশু। এ ছাড়া নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত পাঁচ শতাধিক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, গত সাত দিনে কক্সবাজার সদর হাসপাতালে মারা গেছে ১৪টি শিশু। এ ছাড়া একই সময়ে কক্সবাজার সদর, উখিয়া, রামু, মহেশখালী ও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মারা গেছে আরও ১৬টি শিশু। স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বৃহস্পতিবার শহরের সমুদ্র উপকূলের ফদনারডেইল গ্রাম থেকে সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ২৯ দিন বয়সী একটি শিশু। প্রায় ৫০ হাজার ভাসমান মানুষের গ্রাম ফদনারডেইলে কয়েক শ শিশু এখন ভাইরাস জ্বরে আক্রান্ত। গতকালই পার্শ্ববর্তী নাজিরাটেক গ্রামে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে তিন মাস বয়সী একটি শিশু। সদর উপজেলার পাহাড়ের চূড়ায় স্থাপিত আদর্শ গ্রাম বিত্তহীন সমবায় সমিতির সভাপতি আমির হোসেন জানান, গত বুধবার আদর্শ গ্রামের ২৪ দিন বয়সী একটি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৩ নভেম্বর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় মহেশখালীর চরপাড়া ও কুতুবজোম গ্রামের দুটি শিশু। ২২ নভেম্বর সদর উপজেলার খুরুশকুলের মামুনপাড়া, লিংক রোড এলাকা ও বাংলাবাজার এলাকার তিনটি শিশু মারা যায়। ২১ নভেম্বর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি গ্রাম, ঘুমধুম ও চাকঢালা গ্রামের তিনটি শিশু মারা গেছে। এ ছাড়া ১৯ ও ২০ নভেম্বর উখিয়ার পাতাবাড়ি গ্রাম, কোটবাজার ও তুমব্রু এলাকা এবং রামুর গর্জনিয়া গ্রাম ও ঈদগড়ের পাঁচটি শিশু মারা গেছে।গতকাল কক্সবাজার সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, সেখানে নয় শতাধিক রোগী ভিড় করছেন। এর মধ্যে চার শতাধিক রোগীই শিশু। শিশুদের বেশির ভাগ নাইক্ষ্যংছড়ি, রামু, উখিয়া, মহেশখালী ও কক্সবাজার সদর এলাকা থেকে আসা। তাদের অধিকাংশই সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছে।কক্সবাজার সদর উপজেলার কলাতলী গ্রামের গৃহবধূ হোসনে আরা গতকাল সকাল ১০টার দিকে নিউমোনিয়ায় আক্রান্ত আট মাস বয়সী একটি মেয়েকে নিয়ে সদর হাসপাতালে আসেন। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১২টার দিকে শিশুটির অবস্থার অবনতি হলে দ্রুত তাকে অক্সিজেন দেওয়া হয়। হোসনে আরা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় থাকার কারণে সব সময় তাঁদের হাসপাতালে যাওয়া হয় না। হাসপাতালে গেলে অনেক টাকার প্রয়োজন। কিন্তু তাঁদের কাছে সেই টাকা নেই। তাঁর অভিযোগ, গ্রামের ক্লিনিকে গিয়ে স্বাস্থ্যকর্মীদের খুঁজে পাওয়া যায় না।গতকাল হাসপাতালের ৩০ শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি ছিল ৯৭টি শিশু। এর মধ্যে ৫০টিরও বেশি শিশু নিউমোনিয়া ও ব্রংকিউলাইটিস রোগে আক্রান্ত। হাসপাতাল সূত্র জানায়, গত সাত দিনে এই ওয়ার্ডে মারা গেছে ১৪টি শিশু। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা পুঁচনু জানান, নভেম্বর মাসে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে দুই হাজার ১৭৭টি শিশুকে। এর মধ্যে মারা গেছে ৩৭ শিশু। এর মধ্যে ১৮ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সময়ে ১৪টি শিশু মারা যায়। তিনি জানান, গত অক্টোবরে হাসপাতালে ভর্তি হয় দুই হাজার ৪৪২টি শিশু। এর মধ্যে ৪৬টি শিশু মারা যায়। মৃত শিশুদের মধ্যে ৬০ ভাগই নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। চিকিৎসক পুঁচনু বলেন, ঠান্ডাজনিত কারণে পাহাড়ি ও সমুদ্র উপকূলীয় এলাকার শিশুরা শ্বাসকষ্টসহ নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে।অনুসন্ধানে জানা যায়, টেকনাফ, উখিয়া, রামু, কুতুবদিয়াসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য অক্সিজেনের ব্যবস্থা নেই। এমনকি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে দেখা যায়, শিশু ওয়ার্ডের ভেতর একটি কক্ষে একটি লাইন স্থাপন করে তা থেকে বিশেষ কায়দায় পাঁচটি পাইপ টেনে একসঙ্গে পাঁচটি শিশুকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। সেখানে নিউমোনিয়ায় আক্রান্ত বহু শিশুকে নিয়ে অক্সিজেনের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ নুরুল করিম খান বলেন, পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিউমোনিয়া হলে গ্রামের লোকজন ‘নিয়ানা’ রোগ মনে করে শিশুদের প্রথমে গ্রাম্য ওঝা-বৈদ্যের কাছে নিয়ে যায়। এ সময় অপচিকিৎসার শিকার হয়ে বেশির ভাগ শিশু মারা যায়।