কক্সবাজারে ‘বিএনপিপল্লির’ ৫৯ প্লটের বন্দোবস্ত বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের সাগরপারে হোটেল-মোটেল জোনে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বরাদ্দ করা কথিত বিএনপিপল্লির প্রায় ৬০ একরের ৫৯টি প্লটের ইজারা চুক্তি (বন্দোবস্ত) বাতিল করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ইজারা বাতিলের সরকারি এ নির্দেশ ফ্যাক্স-বার্তার মাধ্যমে ঢাকা থেকে কক্সবাজারের জেলা প্রশাসককে জানানো হয়। দীর্ঘমেয়াদি ইজারা শর্ত ভঙ্গের দায়ে এসব প্লটের বন্দোবস্ত বাতিল করা হয়।এ বন্দোবস্ত বাতিলের সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, জমির ইজারাগ্রহীতাদের এ ব্যাপারে শিগগিরই জানানো হবে এবং সরকারি জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে সাগরসৈকতের ফাঁকা জমিতে প্রশাসনের অনুমতি ছাড়া কোনো স্থাপনা তৈরি করতে দেওয়া হবে না।নাম প্রকাশ না করার শর্তে জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বিএনপিপল্লি-বিষয়ক অনিয়ম ও মূল্যবান জমি পানির দরে বিক্রির ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করে। দুর্নীতি খতিয়ে দেখতে সাংসদ মাঈনুদ্দিন খান বাদলকে প্রধান করে চার সদস্যের সংসদীয় উপকমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা একাধিকবার কক্সবাজার গিয়ে তদন্তকাজ সম্পন্ন করেন। সর্বশেষ গত বছরের ১৮ জুন কমিটির সদস্যরা সরেজমিন তদন্ত শেষ করে সরকারের শীর্ষস্থানীয় মহলে প্রতিবেদন দাখিল করেন। এ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ৫৯টি প্লটের ইজারা চুক্তি বাতিল করা হয়।সাংসদ মাঈনুদ্দিন খান জানান, সাগরপারের হোটেল-মোটেল জোনের জন্য ১০৭টি প্লট তৈরি করা হয়েছিল। এর মধ্যে আটটি প্লট সাগরের ছোবলে ক্ষতিগ্রস্ত হয়েছে, ১১টি প্লট নানা কারণে বরাদ্দ দেওয়া হয়নি, একটি প্লট বণ্টনের জন্য আলাদা করে রাখা হয়েছে এবং বাকি ৮৭টি প্লট গত জোট সরকারের আমলে বরাদ্দ দেওয়া হয়। এসব প্লটের মধ্যে শর্ত লঙ্ঘন করেন ৭২টির মালিক। প্লটগুলোর মধ্যে ৪৭টি এখনো খালি পড়ে আছে। সীমানাপ্রাচীর দিয়ে লোকদেখানো অবকাঠামো করা হয়েছে আটটির, নকশা অনুমোদিত হয়নি নয়টির, নির্ধারিত সময়ে কিস্তির টাকা পরিশোধ করা হয়নি আটটির এবং বাকি ১৫টি প্লটের মধ্যে আটটিতে নীতিমালা অনুসরণ করে হোটেল মোটেল তৈরি করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, বাতিলের তালিকায় রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ছেলে ফয়সাল মোরশেদ খান, মাগুরার সাবেক সাংসদ কাজী সলিমুল হক, সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার, ছাত্রদলের সাবেক সভাপতি হাবিব-উন-নবী সোহেল, কক্সবাজার-২ আসনের সাবেক সাংসদ আলমগীর মো. মাহফুজ উল্লাহ, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর স্ত্রী শাহীন চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী, কক্সবাজার-৩ আসনের সাবেক সাংসদ মো. সহিদুজ্জামানের ভগ্নিপতি মাহবুব আনাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামূল হক, চকরিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হাকিম, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ প্রমুখ।সূত্র জানায়, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সাগরপারের প্রায় ১১২ একর (গণপূর্ত বিভাগের ৩৯ দশমিক ৭৮ একর এবং সরকারি খাস জমি ৭১ দশমিক ১৫ একর) জমিতে আন্তর্জাতিকমানের হোটেল মোটেল জোন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। সে লক্ষ্যে প্রতি এক একর করে ১০৭টি প্লট তৈরির নকশা করে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে বিদায় নেয়। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এলে এসব প্লটের অধিকাংশ দলের মন্ত্রী, সাংসদ ও নেতা-কর্মীরা ভাগ করে নেন। এ কারণে হোটেল মোটেল জোনটি বিএনপিপল্লি নামে প্রতিষ্ঠা পায়।সংশ্লিষ্ট সূত্র জানায়, জমি বরাদ্দ নিয়ে বিগত কয়েক বছরে বিএনপির বহু নেতা ৩৪ লাখ টাকার একেকটি প্লট দুই থেকে তিন কোটি টাকায় অন্যের কাছে বিক্রি করে শত শত কোটি টাকা হাতিয়ে নেন। শর্ত রয়েছে, প্লট রেজিস্ট্রেশনের এক বছরের মধ্যে সেখানে হোটেল মোটেল নির্মাণের কাজ শুরু এবং তিন বছরের মধ্যে কাজ শেষ করতে হবে। অন্যথায় ইজারার চুক্তি বাতিল হয়ে যাবে। হোটেল মোটেল ছাড়া এসব জমিতে অন্য কোনো স্থাপনা তৈরি করা যাবে না। কিন্তু ছয় থেকে সাত বছরেও অনেকে তা করতে ব্যর্থ হয়েছেন।