কক্সবাজারের ইটভাটা থেকে ২৩ শিশুসহ ২৭ জন উদ্ধার
কক্সবাজারের একটি ইটভাটা থেকে ২৩টি শিশুসহ ২৭ জনকে উদ্ধার করেছে র্যাব। সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার পিএমখালী এলাকায় এবিসি নামের ওই ইটভাটায় আজ সকাল আটটায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন। এ সময় ইটভাটার মালিক হাজি আবদুল শুক্কুর ও ম্যানেজার শামসুল আলমকে গ্রেপ্তার করা হয়। জামালপুরের মাদারগঞ্জ এলাকার মো. আমিনুর রহমান (৪৭) ও বাদশা প্রমাণিক (৫০) জানান, অন্যদের সঙ্গে তাঁদের স্কুল পড়ুয়া দুটি শিশু খাইরুল ও রাশেদুলকে জোর করে কক্সবাজারে নিয়ে আসা হয়। কয়েক দিন আগে খাইরুল কৌশলে তার বাবাকে মুঠোফোনে তাদের ইটভাটায় আটকে রাখার খবরটি জানায়। এরপর তাঁরা কক্সবাজারে এসে র্যাব সদস্যদের সহযোগিতায় উদ্ধার তত্পরতা চালান। উদ্ধার হওয়া শিশুদের জামালপুরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। শিশুসহ অন্য সবার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ ইউনিয়নের গাবুর গ্রামে।র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের উপসহকারী পরিচালক আবদুস সাত্তার জানান, জামালপুরের মাদারগঞ্জ এলাকা থেকে ইদ্রিস নামের এক দালাল এই শিশু-কিশোরদের জোর করে এই ইটভাটায় নিয়ে আসে। গত বুধবার দুই শিশুর বাবা র্যাব ক্যাম্পে হাজির হয়ে এ ব্যাপারে লিখিত অভিযোগ জানালে অভিযান পরিচালনা করা হয়। আবদুস সাত্তার আরও জানান, সরকারি আইন লঙ্ঘন করে শিশুদের জোর করে শ্রমকাজে বাধ্য করা এবং ভাটার একটি কক্ষে বন্দী করে নির্যাতনের অভিযোগে ইটভাটার মালিক হাজি আবদুল শুক্কুর ও ভাটার ম্যানেজার শামসুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।