কক্সবাজারের চার পৌরসভায় নির্বাচনে আর আইনি বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলার চারটি পৌরসভার নির্বাচন নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদেশ বহাল রয়েছে। হাইকোর্টের আদেশে চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে করা আবেদন আজ নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের রুল শুনানির উদ্যোগ নিতে বলা হয়েছে। আজ সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।এর ফলে কক্সবাজার সদর, টেকনাফ, চকরিয়া ও মহেশখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন।জানা যায়, এর আগে কক্সবাজার সদরের বাসিন্দা কার্তিক দাসের একটি রিটের পরিপ্রেক্ষিতে গত ১৫ ডিসেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ কক্সবাজার সদর, টেকনাফ, চকরিয়া ও মহেশখালী পৌরসভার নির্বাচন এক মাসের জন্য স্থগিত করেছিলেন। ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ জানুয়ারি ওই চার পৌরসভায় ভোট গ্রহণের কথা ছিল। তবে হাইকোর্টের ওই আদেশের স্থগিতাদেশ চেয়ে চেম্বার বিচারপতির আদালতে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ১৯ ডিসেম্বর আদালত হাইকোর্টের আদেশের কার্যকারিতা ৬ সপ্তাহের জন্য স্থগিত করেন। এদিকে ইতিমধ্যে ওই পৌরসভাগুলোর নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণা করা হয়েছে। ২৭ জানুয়ারি সেখানে ভোট গ্রহণের কথা।তবে চেম্বার বিচারপতির ওই স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে রিট আবেদনকারী ২০ ডিসেম্বর আপিল বিভাগে আবেদন করেন। ওই আবেদননের শুনানি শেষে আদালত আজ এই আদেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী রফিক-উল-হক ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক মামলা পরিচালনা করেন।একরামুল হক প্রথম আলোকে বলেন, চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে কক্সবাজারের চারটি পৌরসভায় ২৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।