কক্সবাজারকে পরিবেশবান্ধব পরিকল্পিত পর্যটন নগরে রূপান্তরের জন্য সরকার আট মাস আগে ৮০ হাজার একর এলাকাজুড়ে একটি ‘মাস্টার প্ল্যান’ বা ‘মহাপরিকল্পনা’ তৈরি করে। কিন্তু মহাপরিকল্পনাটি এখন পর্যন্ত অনুমোদন না পাওয়ায় শহরের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী বলেন, মহাপরিকল্পনাটি অনুমোদনের জন্য গত বছরের ডিসেম্বর মাসে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে এটি প্রধানমন্ত্রীর দপ্তরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি বাস্তবায়ন হলে পরিকল্পিত নগরায়নের পাশাপাশি পরিবেশ-প্রতিবেশ রক্ষা সম্ভব হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার তিনটি পৌরসভা (কক্সবাজার, টেকনাফ, মহেশখালী) ছাড়াও আশপাশের বিভিন্ন দ্বীপ ও সৈকত এলাকার প্রায় ৮০ হাজার একর জমি নিয়ে এই ‘মহাপরিকল্পনাটি’ চূড়ান্ত করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘প্রিপারেশন অব ডেভেলপমেন্ট প্ল্যান অব কক্সবাজার টাউন অ্যান্ড সি-বিচ আপ টু টেকনাফ’। প্রায় দুই বছর জরিপ চালিয়ে ঢাকা নগর উন্নয়ন অধিদপ্তর ও বেসরকারি সংস্থা শেলেটক্ কনসালটেন্ট যৌথভাবে মহাপরিকল্পনাটি তৈরি করে। কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, বর্তমানে সৈকতের এক বর্গকিলোমিটার এলাকায় চার শতাধিক হোটেল-মোটেল গেস্ট হাউসসহ বহুতল ভবন তৈরি হয়েছে। সৈকতসহ কলাতলী, ইনানী, হিমছড়ি, টেকনাফ, সেন্ট মার্টিন দ্বীপে আরও তিন শতাধিক বহুতল ভবন নির্মিত হচ্ছে। অনেকে সমুদ্রসৈকত, উঁচু পাহাড়সহ সরকারি জমি দখল করে ভবন তৈরি করছেন। এতে ধ্বংস হচ্ছে পরিবেশ-প্রতিবেশ। কিন্তু মহাপরিকল্পনাটি প্রধানমন্ত্রীর দপ্তরে আটকে থাকায় শহরের তেমন উন্নয়ন হচ্ছে না। তবে শহরের পরিকল্পিত উন্নয়নের স্বার্থে সরকার পাঁচ-ছয় মাস আগে জেলা প্রশাসককে সভাপতি করে ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন করেছে।কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, প্রতিবছর গড়ে ১৭ লাখ পর্যটক সৈকত ভ্রমণে আসছেন। দীর্ঘ সময় ধরে মহাপরিকল্পনাটি আটকে থাকায় পর্যটনশিল্পের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। হোটেল মালিক শাহেদুল ইসলাম ও রেজাউল করিম বলেন, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ইনানী ও সোনাদিয়ায় বিশেষ পর্যটনপল্লি (এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন) গড়ে তোলা সম্ভব হচ্ছে না। পর্যটকেরা ভ্রমণে এসে শুধু সমুদ্র দর্শন, গোসল, সৈকতে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা ছাড়া উপভোগের তেমন কিছু পাচ্ছেন না। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-৩ (রামু-সদর) আসনের সাংসদ লুৎফুর রহমান বলেন, মহাপরিকল্পনাটি তৈরির সময় স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিদের কারও মতামত নেওয়া হয়নি। এমনকি তাঁর (সাংসদের) মতামত বা পরামর্শ নেওয়াকেও কেউ প্রয়োজন মনে করেননি। ওই পরিকল্পনায় ঢাকার বিশেষ কয়েকটি প্রভাবশালী মহলকে লাভবান করার চেষ্টা করা হয়েছে। এ কারণে অনুমোদন পাওয়া যাচ্ছে না। একই দাবি টেকনাফ, মহেশখালী ও কক্সবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম, মকছুদ মিয়া ও রাজ বিহারী দাশের। মহাপরিকল্পনা প্রস্তুতকারী বেসরকারি প্রতিষ্ঠান শেলেটক্-এর পরিকল্পনাবিদ আবদুর রহমান বলেন, খসড়া হিসেবে মহাপরিকল্পনাটি গত বছরের ১১ থেকে ৩১ মে পর্যন্ত জেলা প্রশাসনসহ তিন পৌরসভা ভবনে উন্মুক্ত করা হয়। অনেকে মতামত দিয়েছেন। তারপর এটি চূড়ান্ত করে অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ২৫ হাজার একর জমি নিয়ে পর্যটন শহর: প্রায় ২৫ হাজার একর জমি নিয়ে তৈরি করা হয়েছে পরিবেশবান্ধব কক্সবাজার শহর। শহরের একমাত্র প্রধান সড়কটি যানজটমুক্ত রাখতে সম্প্রসারণ করা হবে। বাণিজ্যিক এলাকার জন্য বর্তমান কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পূর্ব দিকের লিংক রোড পর্যন্ত সম্প্রসারণের আওতায় আনা হবে। সদর উপজেলার পিএমখালীর পাতলী মাছুয়াখালীতে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা জোন, খুরুশকুলে মৎস্যশিল্প এলাকা, উচ্চ শ্রেণীর আবাসিক এলাকা, খরুলিয়ায় ট্রাক টার্মিনাল, সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত হোটেল-মোটেল জোন, রামুর খুনিয়াপালং এলাকায় প্রাকৃতিক বন ও ইকো-ট্যুরিজম প্রকল্প, শিল্প ও আবাসিক এলাকা গড়ে তোলা হবে। ঝিলংজা এলাকায় প্রাকৃতিক বন, পিকনিক স্পট, শিল্প এলাকা, নাজিরারটেক থেকে কুতুবদিয়াপাড়া পর্যন্ত বিমানবন্দর সম্প্রসারণ, ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট এলাকায় সাংস্কৃতিক জোন, সিটি পার্ক, নুনিয়াছটা এলাকায় মৎস্য জোন, মূল শহরকে প্রশাসনিক ও বাণিজ্যিক এলাকা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শেলেটকের পরিকল্পনাবিদ নাসিফ আহমেদ বলেন, কক্সবাজার পৌরসভা, সদর ও রামু উপজেলার ২৪ হাজার ৮২৫.৫৯ একর জমি নিয়ে এই পর্যটন জোন ঘোষণা করা হয়েছে। জেলা শহরের যেখানে-সেখানে বাণিজ্যিক কর্মকাণ্ড চললেও মহাপরিকল্পনা কার্যকরের পর তা বন্ধ হয়ে যাবে। সেন্ট মার্টিন দ্বীপে তিন জোন: প্রবালদ্বীপ সেন্ট মার্টিনকে ট্যুরিজম, সংরক্ষিত ইকো-ট্যুরিজম ও সম্পূর্ণ সংরক্ষিত ইকো-ট্যুরিজম জোন হিসেবে তিন ভাগে বিভক্ত করার প্রস্তাব রয়েছে। এর মধ্যে সেন্ট মার্টিন জেটি থেকে পূর্ব, দক্ষিণ, পশ্চিম ও উত্তরপাড়ার এক হাজার ৩০ দশমিক ৮৪ একর জমি নিয়ে ট্যুরিস্ট জোন এবং এখানে আবাসিক এলাকা, সি-অ্যাকোরিয়াম, হেলথ জোন, শিক্ষা ও গবেষণা, প্রশাসনিক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান রাখার প্রস্তাব রয়েছে। দ্বীপের দক্ষিণ অংশে তৈরি হবে সংরক্ষিত ইকো-ট্যুরিজম জোন। এখানে ৯৬১ দশমিক ৫৩ একর জমি নিয়ে তৈরি হবে কাছিমের প্রজননক্ষেত্র। ভবিষ্যতের জন্য খালি রাখা হবে ৩৪৬ দশমিক ৩৮ একর জমি—সেখানে থাকবে জলাশয়, বন ও সৈকত।সর্ব দক্ষিণের ছেড়াদিয়াকে সম্পূর্ণ সংরক্ষিত ইকো-ট্যুরিস্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে থাকবে বন ও সাগর এলাকা। মহেশখালীতে ট্যুরিস্ট জোন: মহেশখালী পৌরসভা ও আশপাশের গোরকঘাটা, হামিদারদিয়া, পুটিবিলা ও ঠাকুরতলা মৌজার এক হাজার ৬১২ দশমিক ৫৩ একর জমি নিয়ে রিসোর্ট ও ট্যুরিস্ট জোন করার প্রস্তাব রয়েছে।