যাত্রা শুরু হয়েছিল ১০ মাস আগে গত বছরের সেপ্টেম্বরে। সারা দেশের দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশ নিয়েছিল ইন্টারনেটভিত্তিক প্রতিযোগিতা গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে। কিন্তু ধাপে ধাপে সবাইকে পেছনে ফেলে তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটে দক্ষতার পরিচয় দিয়ে উৎসবের ‘আই-জিনিয়াস গ্র্যান্ডমাস্টার’ হয়েছে কক্সবাজারের মেয়ে সীলমা সুবাহ্ রাইসা।গতকাল শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে চূড়ান্ত পর্বে সবাইকে টপকে প্রথম হয় সীলমা। আগের দিন শুক্রবার বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রামীণফোন হাউসে সারা দেশ থেকে বাছাই করা ১২১ জন আই-জিনিয়াসকে নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। তার ফল জানানো হয় গতকাল চূড়ান্ত পর্বে। এই ১২১ জনের মধ্যে প্রথমে ১০ জনকে নির্বাচন করা হয়।এরপর এই ১০ জনকে নিয়ে টান টান উত্তেজনায় তিন পর্বে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। প্রথম পর্বে বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে ১০ জন থেকে ছয়জনকে নির্বাচন করা হয়। এরপর সেখান থেকে নির্বাচন করা হয় চারজনকে। এই চারজন হলো কক্সবাজারের সীলমা সুবাহ্ রাইসা, পঞ্চগড়ের রিয়াজুল হাসান, রাজবাড়ীর ইনতিসার আওয়াল এবং শেরপুরের সাদমান সাকিব। তাদের নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। প্রতিটি পর্বে অনুষ্ঠানের সঞ্চালক খায়রুল বাশার প্রতিযোগীদের বিভিন্ন ধরনের প্রশ্ন করেন এবং প্রতিযোগীরা মুঠোফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে তার উত্তর দেয়। বিশেষভাবে তৈরি করা রোবটের মাধ্যমে এসব উত্তর সঠিক কি না তা যাচাই করা হয়।যারা আগে উত্তর দেয়, তারাই এগিয়ে যায়। এভাবে ‘আই-জিনিয়াস গ্র্যান্ডমাস্টার’ হয় সীলমা সুবাহ্ রাইসা। যখন ফল ঘোষণা করা হয় তখন যেন ভাষা হারিয়ে ফেলে সীলমা। শুধু বলছিল, ‘স্বপ্ন দেখছি...’। পরে পুরস্কার গ্রহণের পর যখন সঞ্চালক প্রতিক্রিয়া জানতে চান তখনো বলছিল, ‘বিশ্বাস হচ্ছিল না, এখনো বিশ্বাস হচ্ছে না। ঘোরের মধ্যে ছিলাম, মনে হচ্ছে স্বপ্ন দেখছি।’পুরস্কার হিসেবে মাস্টার ট্রফি ছাড়াও সে পেয়েছে শিক্ষা অনুদান হিসেবে এক লাখ টাকা, নরওয়ে শিক্ষাসফরে যাওয়ার সুযোগ ও মুঠোফোন সেট। পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা অ্যালান বোঙ্কে, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সীলমা এবার কক্সবাজার সরকারি বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষাতেও কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তার বাবা জি এম কাদেরী ও মা নাজিমা আকতার দুজনই চিকিৎসক। অনুষ্ঠানে সেরা ১০ জনও পেয়েছে বিভিন্ন ধরনের পুরস্কার। অতিথিদের বক্তব্য: তরুণ শিল্পী রাফার ‘এসো পৃথিবীর পাঠশালায়...’ শীর্ষক গানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয় অনুষ্ঠান। এতে সারা দেশ থেকে নির্বাচিত হয়ে আসা ১২১ জন আই-জিনিয়াসও অংশ নেয়। এরপর অতিথিরা বক্তব্য দেন।প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী উপস্থিত আই-জিনিয়াসদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘এখান থেকে একজন প্রথম হবে, কিন্তু আমি বলব তোমরা সবাই মেধাবী।’ মন্ত্রী শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, ‘এ বছর ২৩ হাজার ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ চালু করছি। সবার কাছে যেন আধুনিক প্রযুক্তি নিয়ে যেতে পারি, সে জন্য সবার সহযোগিতা চাই।’অ্যালান বোঙ্কে আই-জিনিয়াসদের উদ্দেশ করে বলেন, ‘এরাই বাংলাদেশের ভবিষ্যৎ। এ জন্য আমরা গর্বিত।’তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসচিব নজরুল ইসলাম খান বলেন, ইন্টারনেট মানুষের পছন্দকে বাড়িয়ে দেয়, জ্ঞানের রাজ্যে প্রবেশের সুযোগ করে দেয়।প্রথম আলো সম্পাদক বলেন, বাংলাদেশে ১৬ কোটি মানুষের মধ্যে তিন কোটি ৩০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। এটা বিস্ময়কর। রাজনৈতিক সহিংসতাসহ নানা ঘটনার মধ্যেও মানুষ এগিয়ে চলেছে। এটাই সাহসের কথা, আশার কথা। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।ফরিদুর রেজা সাগর আই-জিনিয়াসদের উদ্দেশে বলেন, ‘তোমরা আমাদের আগামী দিনের আশা, স্বপ্ন ও সবকিছু।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসাইন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, গ্রামীণফোনের ভারপ্রাপ্ত প্রধান যোগাযোগ কর্মকর্তা তাহমিদ আজিজুল হক, গতবারের আই-জিনিয়াস চৌধুরী সাদিদ আলম প্রমুখ।গ্রামীণফোন-প্রথম আলো আয়োজিত প্রাণবন্ত এই উৎসবের সহযোগী ছিল চ্যানেল আই, অপেরা মিনি, নকিয়া, গুগল, ফেসবুক, উইকিপিডিয়া ও রেডিও ফুর্তি। সহযোগিতা করেছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন কর্মসূচি। গত বছরের ১৩ সেপ্টেম্বর দেশের ৬৪ জেলার ১২১টি স্থানে শুরু হয়েছিল এই উৎসব। এই উৎসব থেকে বের করে আনা হয় তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ ১২১ জন আই-জিনিয়াসকে, যারা সবাই স্কুল ও কলেজের শিক্ষার্থী। এদের মধ্য থেকেই হলো আই-জিনিয়াস গ্র্যান্ডমাস্টার। দেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় এই উৎসব।