কখন গাড়ি উল্টে যায়, এই দুশ্চিন্তা যাত্রীদের
ঢাকা-ময়মনসিংহ ১২১ কিলোমিটার মহাসড়কের প্রায় ১০০ কিলোমিটার এলাকা জুড়ে ওত পেতে আছে শত শত মরণফাঁদ। এক সপ্তাহ বন্ধ থাকার পর গতকাল বুধবার এই সড়কে বেসরকারি যাত্রীবাহী বাস চলা শুরু হয়েছে। কিন্তু বাস ছিল কম, যাত্রীরাও ছিল আতঙ্কিত। কখন কোন গর্তে গাড়ির চাকা পড়ে যাবে, কিংবা পুরো গাড়িই উল্টে যাবে—এই দুশ্চিন্তা ছিল সবার মধ্যে।গতকাল যেসব বাস এই রুটে চলেছে, সেগুলোর গতি ছিল খুবই কম। যেমন মহাখালী থেকে বোর্ডবাজার পর্যন্ত ৩০ কিলোমিটার, সেখান থেকে চান্দনা চৌরাস্তা ২০ এবং চান্দনা থেকে মাওনা ও শ্রীপুর ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে চলে বাস। চান্দনা চৌরাস্তা থেকে প্রায় পুরো রাস্তার দুই ধার ছিল জলাবদ্ধ। কোথাও কোথাও মনে হচ্ছিল বন্যাদুর্গত এলাকা। গতকাল ঢাকা থেকে ভালুকা পর্যন্ত সরেজমিন ঘুরে এই চিত্র দেখা যায়। শ্রীপুরের বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আবদুল হাই বলেন, এই জলাবদ্ধতার জন্যই রাস্তা আরও খারাপ হয়ে যাচ্ছে। তিনি জানতে চান, রাস্তার দুই পাশে নর্দমা করে দেওয়ার কোনো কর্তৃপক্ষ কি নেই?শুধু এসব স্থান নয়, ভালুকা পেরোনোর পর কোর্ট ভবন, বগারবাজার, সাইনবোর্ড, রাগামারা, ত্রিশাল, ভৈলর, রানীখোলা ঢাকা থেকে ময়মনসিংহ—পুরো এলাকার রাস্তার প্রায় সর্বত্রই চরম দুরবস্থা। এসব এলাকার মানুষ বলেন, বর্তমান সরকার আসার পর ভালোভাবে কখনোই মেরামত হয়নি রাস্তা। মাওনা ও পূর্বপাশে শ্রীপুর সড়কের সংযোগস্থল যেন মরণফাঁদের বড় একটি নমুনা। এখানে গত সপ্তাহে ট্রাক উল্টে যায়। ওই স্থান থেকে শ্রীপুরের দিকে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে এখনো হাঁটুপানি। সেখানে চলতে গিয়ে সিএনজি অটোরিকশা আর ম্যাক্সি গাড়ি আটকে যায়।তিন ঘণ্টার রাস্তা সাত ঘণ্টায়: ডাউন টাউন নামের পরিবহনের যাত্রী মো. আবদুল্লাহ বললেন, আগে মহাখালী থেকে ময়মনসিংহ যেতে বড়জোর তিন ঘণ্টা লাগত। এখন লাগছে সাত ঘণ্টা। বাসচালক রহমত উল্লাহ বললেন, আগে দিনে ছয়বার আসা-যাওয়া (ট্রিপ) করা যেত। এখন দুই ট্রিপও ভালোভাবে দেওয়া যাচ্ছে না। নেত্রকোনার বাঁধন ক্লাসিকের চালক আবদুল হক বলেন, ঢাকা থেকে নেত্রকোনা একবার গেলে আর ফিরতে পারেন না। নয় থেকে ১০ ঘণ্টা সময় লাগে। তাঁদের মতো অনেক চালক ও যাত্রী ক্ষোভ জানিয়ে বলেন, যোগাযোগমন্ত্রী তার পরও কী করে বলেন, রাস্তা তেমন খারাপ নয়!সড়ক মেরামতের নামে: যোগাযোগমন্ত্রীর আশ্বাসের পর মহাসড়কে মেরামতকাজ শুরু হয়েছে। কিন্তু বাস্তবে মেরামতের নামে চলছে প্রহসন। যোগাযোগমন্ত্রী আবুল হোসেন গত মঙ্গলবার গাজীপুর গিয়ে বলেছিলেন, রাস্তা চলাচলের একেবারে অনুপযোগী নয়, তার পরও যেসব রাস্তা কিছু খারাপ, সেগুলো মেরামত হয়ে যাচ্ছে। মেরামত শুরুও হয়েছে। কিন্তু সেই মেরামতের বিড়ম্বনায় পড়ে যাত্রীদের অবস্থা আরও দুর্বিষহ। ইটের খণ্ড দিয়ে রাস্তার বড় বড় গর্ত ভরাটের চেষ্টা করা হয়েছে। ফলে বাস চলতে গিয়ে লাফাচ্ছিল। অনেক বাসের চালক আর হেলপার চিৎকার করছিলেন, সাইলেন্সার ভেঙে যাচ্ছে, গাড়ির যন্ত্রপানি নষ্ট হয়ে যাচ্ছে।ক্ষিরু নদীর বালু এনে নিম্নমানের ইট দিয়ে ভালুকা বাজার আর ভালুকা সিডস্টোর বাজারের খানাখন্দ ভরাট করা হচ্ছিল। সকালের বৃষ্টিতে বালু ধুয়ে যায়। যানবাহনের চাকার চাপে ইট যায় গুঁড়িয়ে। সিডস্টোর বাজারে স্কেভেটরের সাহায্যে সড়কের পাশের রাস্তায় বড় গর্ত করে পাশেই মাটি রাখা হয়েছে। ভারী বৃষ্টি হলে মাটি আবার ফিরে যাবে গর্তেই। এলাকাবাসী বলেন, চারজন শ্রমিক দিয়ে যে কাজ করানো যেত, তা করা হয়েছে স্কেভেটর দিয়ে।মহাখালী টার্মিনাল ফাঁকা, বাসও কম: ঢাকা-ময়মনসিংহ রুটের ডাউন টাউন এক্সপ্রেসের প্রথম বাসটি ছাড়ে সকাল ছয়টায়। বেলা ১১টায় খবর আসে যে ওই বাস এখনো গাজীপুরের চান্দনা চৌরাস্তায় পৌঁছায়নি। কারণ একদিকে যানজট, অন্যদিকে টঙ্গীর পর থেকে রাস্তা খারাপ। আধা ঘণ্টা পর পর একটি করে বাস ছাড়ার কথা থাকলেও এক ঘণ্টায়ও ছাড়ছে না। কাউন্টারমাস্টার মো. আরিফ জানান, প্রথম বাসটির দেরি দেখে তাঁরা হতাশ হয়ে গেছেন। এ ছাড়া বাস চালু হওয়ার কথাও অনেক যাত্রী জানতে পারেনি। এসআই এন্টারপ্রাইজের কাউন্টারমাস্টার জানালেন, দেড় ঘণ্টা অপেক্ষা করার পর যাত্রী পাওয়া গেছে ১০ জন। একই অবস্থা দেখা গেছে হজরত শাহজালাল এক্সপ্রেস, ঢাকা জামালপুর রুটের রাজীব এন্টারপ্রাইজসহ অন্য পরিবহনের। এসব নিয়ে মহাখালী টার্মিনাল ছিল অনেকটা ফাঁকা। ঢাকা-তারাকান্দি রুটের কাউন্টারে টিকিট বিক্রেতা ঘুমিয়েই পড়েছিলেন। ডেকে তোলার পর বললেন, ‘ভাই, রাস্তার ধকলের ভয়ে যাত্রীরা আসছে না।’