অর্থের সংস্থান না হলে শুধু সড়ক যোগাযোগের ব্যবস্থা রেখে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হবে। আজ বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে জুনাঈদ আহমেদের সম্পূরক প্রশ্নে জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।এর আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকেল পাঁচটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের হাতে দুটি ডিজাইন আছে। আমরা দেশে নতুন কিছু করতে চেয়েছিলাম। একটি ডবল ডেকার, যার ওপর দিয়ে গাড়ি ও নিচ দিয়ে রেল চলার কথা। আরেকটি শুধুমাত্র গাড়ি চলার জন্য। আমি সেতু বিভাগের সঙ্গে কথা বলেছি। যদি অর্থায়নে অসুবিধা হয়, তাহলে আমরা নিজস্ব অর্থায়নে দ্রুত কাজ শুরু করার জন্য গাড়ি চলাচলের জন্য সেতু নির্মাণ করব।’ শেখ হাসিনা আরও বলেন, পদ্মা নদী অত্যন্ত খরস্রোতা। শীতকাল ছাড়া এখানে কাজ করা যাবে না। তাই শীতে নদী ড্রেজিং ও নদী শাসনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পদ্মা সেতু নির্মাণে সরকার নিজস্ব অর্থায়ন থেকে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় করেছে বলে প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, ‘বিশ্বব্যাংক এখানে দুর্নীতি খুঁজে পায়নি। অথচ যেখানে অর্থছাড় হয়নি, সেখানে দুর্নীতি খুঁজে পেল।’চয়ন ইসলামের পক্ষে জুনাঈদ আহমেদের উত্থাপিত প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু নির্মাণে কোনো দাতা সংস্থার অর্থছাড় হয়নি বিধায় বৈদেশিক ঋণের কোনো অর্থও ব্যবহার হয়নি। তবে প্রকল্পটির প্রাক-সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়ন কাজে এডিবির সঙ্গে ২০০৭ এবং ২০০৯ সালে স্বাক্ষরিত ২৭ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলারের দুটি কারিগরি ঋণচুক্তির অর্থ থেকে ২৬ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলার ছাড় ও ব্যবহার হয়েছে। এ ছাড়াও বিশ্বব্যাংকের সঙ্গে প্রস্তুতিমূলক কাজ সম্পাদনে ২০০৮ সালে স্বাক্ষরিত তিন মিলিয়ন মার্কিন ডলার ঋণচুক্তির বিপরীতে ১ দশমিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলার ছাড় ও ব্যবহূত হয়েছে।শেখ হাসিনা আরও বলেন, দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করলেও দুর্নীতি দমন কমিশনের তদন্তে মূল সেতুর টেন্ডার প্রক্রিয়ায় তা প্রমাণিত হয়নি। অথচ তদন্ত চলাকালীন অবস্থায় বোর্ড সভায় কোনো ধরনের আলোচনা ছাড়াই বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট পদ্মা সেতুতে অর্থায়ন-সংক্রান্ত ঋণচুক্তি বাতিল করেন, যা যুক্তিযুক্ত ও ন্যায়সঙ্গত হয়নি। এতে বাংলাদেশের জনগণের বহুল প্রত্যাশিত পদ্মা সেতু নির্মাণ কিছুটা হলেও পিছিয়েছে।প্রধানমন্ত্রী জানান, বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করায় বিকল্প উত্স হিসেবে গত ১০ এপ্রিল পদ্মা সেতু ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণে মালয়েশিয়া সরকারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মালয়েশিয়া সরকার গত ২৭ আগস্ট কনসেশন চুক্তির খসড়া কপি সরবরাহ করেছে, যা যাচাই করা হচ্ছে।ফজলুল আজিমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সড়ক ছাড়াও রেল যোগাযোগ উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত ১৭ হাজার ১৩০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৩৫টি এবং পাঁচ হাজার ৪৪৫ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১১টি সংশোধিত প্রকল্প অনুমোদন করেছে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় ৩৬ হাজার ২১৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১৪৯টি প্রকল্প অন্তর্ভুক্ত আছে। গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে সংসদনেতা বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এ ছাড়াও প্রবৃদ্ধির হার ১০ শতাংশে উন্নীত করা, মাথাপিছু আয় দুই হাজার ডলারে উন্নীত করা, দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনগণের সংখ্যা ১৩ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা, জিডিপিতে শিল্পখাতের অবদান ৪০ শতাংশে বৃদ্ধি করা ইত্যাদি লক্ষ্যে কাজ করছে। সম্পূরক প্রশ্ন করতে গিয়ে ফজিলাতুননেসা বাপ্পি খালেদা জিয়ার ছোট ছেলে আরাফত রহমান কোকোর দুর্নীতি-সংক্রান্ত বিষয়ে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের বক্তব্য উল্লেখ করে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, কোকোর দুর্নীতির বিষয়গুলো রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচার করা হবে কি না?জবাবে শেখ হাসিনা গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনকে উদ্দেশ করে বলেন, ‘আমাদের দেশে কিছু কিছু নেতা রয়েছে যারা বসন্তের কোকিলের মতো। কখন যে কুহু কুহু করে ওঠেন, কখন সরব, কখন নীরব, সেটা বুঝি না। উনি কেন যে হঠাৎ করে উত্তেজিত হয়ে উঠলেন, বুঝতে পারছি না।’প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করছে বলেই দুর্নীতি ধরা পড়েছে। এটা তো তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ধরা পড়া উচিত ছিল। তিনি তো তত্ত্বাবধায়ক সরকারের বড় উপদেষ্টা ছিলেন। ওই তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিল। ওই সময় কী কারণে দুর্নীতির বিষয়গুলো ধরা পড়েনি, জানি না। ভালো করে প্রচার করার জন্য যিনি বলেছেন, তাঁকে ধন্যবাদ জানাই। আশা করব তিনি নিজেই ঘটনাটি ভালো করে প্রচার করবেন।’