কখনো ভাবিনি মেয়র হব: মন্জুর
‘জীবনে কখনো ভাবিনি, মেয়র হব। সেটা কখনো চাইওনি। আমি সব সময় সমাজের মানুষের সেবা করেছি। সেই অর্থে আমি সমাজসেবকই হতে চেয়েছিলাম। কিন্তু পরিস্থিতি আর ভাগ্যই আমাকে মেয়র বানিয়েছে। এ জন্য চট্টগ্রামের মানুষের কাছে আমি কৃতজ্ঞ।’বেসরকারিভাবে চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোহাম্মদ মন্জুর আলম গতকাল শুক্রবার তাঁর প্রতিক্রিয়ায় প্রথম আলোকে এ কথা বলেন। মেয়রের দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ কী হবে—জানতে চাইলে তিনি বলেন, ‘ইশতেহারে আমি অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনার কথা উল্লেখ করেছি। সেসব অনুসরণের পাশাপাশি এই মুহূর্তে নগরের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিয়ে কাজ করতে হবে। এ ছাড়া নগরের রাস্তাঘাটগুলোর অবস্থাও খুব একটা ভালো নয়। এসব সড়কও সংস্কার করতে হবে।’নবনির্বাচিত মেয়র বলেন, ‘আমি সব সময় সরকারের সঙ্গে যোগাযোগ ও স্থানীয় সাংসদদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে উন্নয়নকাজ পরিচালনা করতে চাই।’ নগরবাসীর সমস্যা সমাধানের জন্য প্রতি মাসে দুটি ওয়ার্ড পরিদর্শনের পরিকল্পনার কথাও জানান তিনি।মন্জুর আলম জানান, তিনি শিগগির সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করবেন। তিনি বলেন, ‘সিটি করপোরেশনের কাজ করার সময় আমি তাঁর সহযোগিতা এবং পরামর্শ চাইব।’ মহিউদ্দিন চৌধুরীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেই তিনি মেয়র নির্বাচিত হয়েছেন।দুপুরে মন্জুরের উত্তর কাট্টলী সিটি গেইটের বাসভবনে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন তাঁর সঙ্গে কুশল বিনিময় করছেন। তিনি তাঁদের সঙ্গে কথা বলেন এবং সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনার জন্য তাঁদের সহযোগিতা চান। এ সময় সিটি করপোরেশনের কয়েকজন প্রকৌশলীও সেখানে উপস্থিত ছিলেন। মন্জুর আলম এর আগে টানা ১৭ বছর ওয়ার্ড কাউন্সিলর এবং ১৮ মাস ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন মহিউদ্দিন চৌধুরীর একসময়ের ঘনিষ্ঠ।