কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে গতকাল শুক্রবার একটি যাত্রীবাহী বোয়িং বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১২৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় ৫১ জন যাত্রী প্রাণে বেঁচে গেছেন বলে দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।কঙ্গোর কর্মকর্তারা জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে কিসানগানি বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে বোয়িং ৭২৭ বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে মোট কতজন যাত্রী ছিল, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ৫১ যাত্রীর অনেকেই গুরুতর আহত হয়েছে। এক বিমান কর্মকর্তা জানিয়েছেন, কঙ্গোর রাজধানী কিনশাসা থেকে বিমানটি উড্ডয়ন করে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বিমানের পাইলট কিসানগানি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করেন। তবে অবতরণের আগেই বিমানটি নিকটবর্তী একটি বনের মধ্যে বিধ্বস্ত হয়।