কঙ্গোর বিদ্রোহীরা গোমা ছাড়বে না
কঙ্গোর বিদ্রোহীরা আজ বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর গোমা থেকে সরে যাওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে। প্রেসিডেন্ট জোসেফ কাবিলা শান্তি আলোচনায় না বসা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে বিদ্রোহীরা।ধারণা করা হয়, এম-২৩ নামের বিদ্রোহী গোষ্ঠীটিকে মদদ দিচ্ছে রুয়ান্ডা। গতকাল বুধবার দলটির নেতারা ঘোষণা করেছেন, প্রাদেশিক রাজধানী গোমা দখলের পর তাঁরা মধ্য আফ্রিকার দেশটির বাকি অংশও মুক্ত করবেন। এম-২৩-এর রাজনৈতিক শাখার প্রধান বিশপ জ্যাঁ মেরি রুনিগা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সমঝোতার স্বার্থে আমরা গোমায় অবস্থান করব। তারা (সরকারি কর্তৃপক্ষ) আমাদের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে, আর আমরা আত্মরক্ষা করছি এবং সামনেও এগিয়ে যাচ্ছি।’রুনিগা বলেন, তাঁদের দুঃখ-দুর্দশা লাঘবে প্রেসিডেন্ট কাবিলার প্রস্তাব কতটা আন্তরিক, তা তিনি নিশ্চিত নন। তিনি বলেন, ‘আমি খুব বেশি আত্মবিশ্বাসী নই। কারণ, গত তিন মাস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার জন্য কাম্পালায় অপেক্ষায় ছিলাম।’গতকাল বুধবার পাশের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বিদ্রোহীদের গোমা এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেন। সোনা, টিন ও কোলতানসমৃদ্ধ অঞ্চলের দিকে আর অগ্রসর না হওয়ার জন্যও বিদ্রোহীদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে রুনিগা বলেন, বিদ্রোহীদের গোমা ছেড়ে চলে যেতে বলার কোনো অধিকার উগান্ডা ও রুয়ান্ডার নেই।