কঙ্গোর বিদ্রোহীরা ভারতীয় পাইলটকে অপহরণ ও জিম্মি করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঙ্গোর বিদ্রোহীরা দেশটির উত্তরাঞ্চলীয় কিভু প্রদেশের প্রত্যন্ত টিন খনি এলাকার ওয়ালিকালে বিমান অবতরণ ক্ষেত্রে পার্ক করা একটি বিমানে হামলা চালিয়ে গতকাল শনিবার এক ভারতীয় পাইলটকে অপহরণ ও জিম্মি করেছে। সেনাবাহিনী ও খনি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স আজ রোববার এ তথ্য জানায়।কঙ্গো সেনাবাহিনীর জেনারেল বাইগওয়া ডিউডোন আমুলি বলেন, রুয়ান্ডার হুটু এফডিএলআর বিদ্রোহীরা ওই হামলা চালায়। বিমানটির মালিক গোমা এক্সপ্রেস জানায়, অপহূত ভারতীয় পাইলটের সহকর্মী এক রুশ পাইলট হামলার সময় পালিয়ে যেতে সক্ষম হন। তিনি পরে কঙ্গোর এক আহত নাগরিকসহ বিমানটি চালিয়ে ঘটনাস্থল থেকে ১৫০ কিলোমিটার দূরে প্রাদেশিক রাজধানী গোমায় চলে আসেন। আমুলি বলেন, ‘এফডিএলআর মাই মাই শেখা মিলিশিয়াদের নিয়ে বিমানটির ওপর হামলা করে। আমরা বিদ্রোহীদের খোঁজে আশপাশের বনে তল্লাশি চালাচ্ছি।’ তিনি বলেন, হামলাকারীরা নগদ ৬০ হাজার ডলার লুট করে ও বিমানটির কো-পাইলটকে অপহরণর করে। তবে তিনি অপহূত কো-পাইলটের নাম উল্লেখ করেননি।গোমা এক্সপ্রেসের পরিচালক পেড্রো কাডোগি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলার পর বিদ্রোহীরা জঙ্গলে পালিয়ে যায়। এ ছাড়া কো-পাইলটকেও জিম্মি করেছে তারা। দুই ঘণ্টা পর রাশিয়ার পাইলট আতঙ্কিত হয়ে সেখানে আর অপেক্ষা না করে গোমায় পালিয়ে আসেন।গভীর জঙ্গলে অবস্থিত বিসাই খনি থেকে ক্যাসিটারাইট রপ্তানির জন্য প্রতিদিন অন্তত ১৫টি বিমান ওয়ালিকালের বিমান অবতরণ ক্ষেত্রে অবতরণ করে থাকে।