কঙ্গোয় কাবিলা পুনর্নির্বাচিত, বিরোধী নেতার প্রত্যাখ্যান
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচনে জোসেফ কাবিলা পুনর্নির্বাচিত হয়েছেন। তবে বিরোধী প্রার্থী এতিনি সিকেদি নির্বাচনী ফল প্রত্যাখ্যান করে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। এতে দেশটিতে নতুন করে সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে।নির্বাচন কমিশনের প্রধান ডেনিয়েল নগয় মুলুন্দা জানান, নির্বাচনে প্রেসিডেন্ট কাবিলা ৪৯ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিকেদি পেয়েছেন ৩২ শতাংশ ভোট। গত ২৮ নভেম্বর কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।সিকেদি ফল প্রত্যাখ্যান করে বলেন, ‘আমি পেয়েছি ৫৪ শতাংশ ভোট। কাবিলা পেয়েছে ২৬ শতাংশ। কাবিলার মেয়াদ শেষ হয়ে গেছে। আমিই কঙ্গোর প্রেসিডেন্ট।’নির্বাচনে অন্য চার প্রার্থীও জালিয়াতির অভিযোগ করেছেন। তাঁরা নির্বাচন বাতিলেরও আহ্বান জানান।এদিকে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সাবেক ঔপনিবেশিক দেশ বেলজিয়াম সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। সিকেদিও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তবে তিনি জানান, কূটনৈতিক পদক্ষেপে পরিস্থিতি পরিবর্তন হয় কি না, সে জন্য তিনি অপেক্ষা করবেন।আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা জানান, নির্বাচনে অনিয়ম ও ত্রুটি হয়েছে। পর্যবেক্ষকদের অনেকে বলছেন, এ অনিয়ম ফলাফলের ওপর কোনো প্রভাব ফেলবে না। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর কিনশাসায় দাঙ্গা পুলিশ টহল দিচ্ছে। বিভিন্ন এলাকা থেকে তারা গুলির শব্দ শুনতে পাচ্ছেন। কাবিলার অনুগত এলাকাগুলোতে তাঁর সমর্থকেরা বিজয় মিছিল করেছেন। তবে সেকিদির অনুগত এলাকায় তাঁর সমর্থকেরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে।সেনাবাহিনী জানিয়েছে, রাজধানীতে ২০ হাজার সেনাকে প্রস্তুত রাখা হয়েছে। ৪০ বছর বয়সী কাবিলা তাঁর বাবার মৃত্যুর পর ২০০১ সাল থেকে কঙ্গোর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। আগামী ২০ ডিসেম্বর দ্বিতীয় মেয়াদে তাঁর শপথ নেওয়ার কথা।