কচুক্ষেতে ভাইয়ের হাতে ভাই খুন
রাজধানীর কচুক্ষেত এলাকায় আজ শুক্রবার বিকেলে এমরান হোসেন মিঠু (২২) নামের এক যুবক খুন হয়েছেন। বাড়ি ভাড়ার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাই ইলিয়াস তাঁকে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।কাফরুল থানার অপারেশন কর্মকর্তা মো. আরশেদুল হক প্রথম আলোকে জানান, সিবি ১৪৩ পুরাতন কচুক্ষেতে এমরান ও ইলিয়াসের বাবা হাজি ইসমাইল হোসেনের একটি ছয়তলা বাড়ি আছে। কয়েক মাস আগে হাজি ইসমাইল হোসেন মারা যান। এরপর থেকে দুই ভাই বাড়ির ফ্ল্যাটগুলো থেকে তোলা টাকা সমান ভাগ করে নিতেন। এ মাসের ভাড়ার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে আজ বিকেল তিনটার দিকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে বড় ভাই ভোট ভাইকে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাতে এমরানের ডান ঊরুর রগ কেটে যায় এবং ঘটনাস্থলে পড়ে থেকে তাঁর অতিরিক্ত রক্তক্ষরণ হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। মো. আরশেদুল হক আরও জানান, ঘটনার পরপরই ইলিয়াস পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ব্যাপারে নিহত এমরানের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা করবেন।