কচুয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলার ঘাগড়া এলাকায় গতকাল রোববার রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। তাঁর নাম গোলাম গাউস ওরফে মনি গাউস (৫০)। বাড়ি কচুয়া উপজেলার মেগদাই গ্রামে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেনের দাবি, নিহত গাউস আন্তজেলা ডাকাত দলের সদস্য। তিনি তিনটি ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত আসামি। কচুয়া, বড়ুরা ও চান্দিনা উপজেলার সীমান্ত এলাকায় তাঁদের দল ডাকাতির ঘটনায় জড়িত।ঘটনা সম্পর্কে র‌্যাব-১১-এর বরাত দিয়ে কচুয়া থানার পুলিশের ভাষ্য, গতকাল দিবাগত রাত তিনটার দিকে কচুয়া উপজেলার ঘাগড়া গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের একটি টহল দল ডাকাত দলটিকে দেখতে পায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালান। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে। ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে জানা যায়, এটি গাউসের লাশ। লাশটি কচুয়া থানা পুলিশের কাছে রয়েছে।র‌্যাব দাবি করেছে, ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র, চারটি কার্তুজ, দুটি রিভলবারের গুলি, একটি রাম দা ও তিনটি কিরিজ উদ্ধার করা হয়।তবে কচুয়া উপজেলার বাসিন্দা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন দাবি করেন, মনি গাউস ডাকাত ছিলেন না। তিনি বিএনপির কর্মী ছিলেন।