কচুরিপানার জটে কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধের পথে
কচুরিপানার জটে দেশের একমাত্র পানি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পাশাপাশি হুমকির মুখে পড়েছে দেশের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রের প্রধান ভিত্তি কাপ্তাই বাঁধ।কাপ্তাই বাঁধ ব্যবহার করে ২৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় বিনা খরচে বিদ্যুৎ উৎপাদন চলতে থাকলেও দীর্ঘ প্রায় ৫০ বছরেরও বেশি সময় বাঁধ ও লেকের কোনো সংস্কার করা হয়নি।কাপ্তাই বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, সাম্প্র্রতিক সময়ে কাপ্তাই হ্রদে নতুন হুমকি হিসেবে দেখা দিয়েছে কচুরিপানা। আট-নয় মাস ধরে কাপ্তাই হ্রদের অর্ধশত বর্গকিলোমিটার এলাকাজুড়ে কচুরিপানার জট সৃষ্টি হয়েছে। কচুরিপানা পুরো কাপ্তাই হ্রদকে আবদ্ধ করে ফেলেছে। ফলে বন্ধ হয়ে গেছে কাপ্তাই হ্রদের মৎস্য অবতরণ কেন্দ্র, লেকের সব নৌ-যোগাযোগ।স্বেচ্ছাশ্রমে একাধিকবার কাপ্তাই জোনের সেনা বাহিনী ৭ আরই ব্যাটালিয়ন, উপজেলা প্রশাসন, বিভিন্ন সংস্থা ও সাধারণ মানুষ কচুরিপানার জঞ্জাল পরিষ্কার করার উদ্যোগ নিলেও তাতে পুরোপুরি সফল হওয়া যায়নি।কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী ফেরদৌস আলী জানান, কচুরিপানা ও অন্যান্য আবর্জনা যাতে বাঁধের গায়ে জমতে না পারে, সে জন্য বিশেষ সতর্কাবস্থা রাখা হয়। কিন্তু বর্তমানে যে হারে হ্রদে কচুরিপানা জমেছে, তা পরিষ্কার করা ও বাঁধকে হুমকিমুক্ত করা শুধু বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের পক্ষে সম্ভব হচ্ছে না।কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাজেরা খাতুন জানান, কাপ্তাই হ্রদের কচুরিপানা বিদ্যুৎ উৎপাদন বিঘ্ন করার পাশাপাশি বাড়িয়েছে জনদুর্ভোগ। হ্রদের সম্পূর্ণ কচুরিপানা অপসারণ করতে হলে ৩০ থেকে ৪০ লাখ টাকা প্রয়োজন বলেও তিনি জানান। বাসস।