কচুয়ায় সহকারী কমিশনারের ওপর হামলার ঘটনায় দুজন গ্রেপ্তার, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়ায় সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমানের ওপর হামলার ঘটনায় পুলিশ দুজনকে গত সোমবার মধ্যরাতে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কচুয়া উপজেলার কড়ৈশ এলাকার বাসিন্দা, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ওরফে শিশির (২০) ও পৌর যুবলীগের কর্মী নাসির উল্যা (২৮)। কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করেছেন।হামলার ঘটনায় মোস্তাফিজুর রহমান বাদী হয়ে সোমবার রাতে কচুয়া থানায় কচুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আওলাদ সরকার ও এমরান হোসেন, সদস্য সোহাগ এবং ওয়ার্ড যুবলীগের নেতা মো. মামুনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।এদিকে গতকাল মঙ্গলবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক বিশ্বাস মুহম্মদ আজিম উদ্দীনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভা হয়। সভায় কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী সহকারী কমিশনারের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ছাত্রলীগ থেকে বহিষ্কৃত কয়েকজন এ ঘটনা ঘটিয়েছে। তিনি হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেন।কচুয়ার ইউএনও নূরে আলম সিদ্দিকী জানান, সহকারী কমিশনারের ওপর হামলার প্রতিবাদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতীকী কর্মবিরতি পালন করেছেন।এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে প্রতিবাদ সভা হয়। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন, মত্স্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা আবিদ মিয়া ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী আহম্মদ মিয়া।এ ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশি তত্পরতা না থাকায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। সভায় উপজেলা প্রশাসনের প্রতিটি দপ্তরে পুলিশি নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়।চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম জানান, নাসির উদ্দিন ও নাসির উল্যা নামে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা আরও কয়েকটি মামলার আসামি। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ বড়ুয়া জানান, ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।সোমবার সন্ধ্যায় সরকারি জায়গায় পাকাঘর নির্মাণকাজে দেওয়ায় ছাত্রলীগের কয়েকজন কর্মী রড দিয়ে পিটিয়ে কচুয়ার সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমানের মাথা ফাটিয়ে দেন। মোস্তাফিজুর রহমান বর্তমান কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন।