কচ্ছপের পিঠে ট্রান্সমিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবারের জন্য এক এলাকায়, আবার প্রজননের জন্য আরেক এলাকায়। সাঁতরে বেড়ায় হাজার হাজার মাইল। এভাবে দিন কাটে সামুদ্রিক কচ্ছপের। কিন্তু তাদের স্বাভাবিক জীবন প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট নানা কারণেই ব্যাহত হচ্ছে। হারিয়ে যাচ্ছে অনেক প্রজাতি। সৈকতে এসব প্রজাতি সম্পর্কে জানা-বোঝা পরিষ্কার হলেও সমুদ্রে এদের গতিবিধি অনেকটাই অজানা। সেই অজানা তথ্য জানতে এবার বাংলাদেশে কচ্ছপের পিঠে স্থাপন করা হলো স্যাটেলাইট ট্রান্সমিটার। এই প্রযুক্তির মাধ্যমে জানা যাবে মজার মজার প্রয়োজনীয় সব তথ্য। এরা কত গভীরে ডুব দেয়, কত গতিবেগে সাঁতার কাটে, কত দিন পরপর উপকূলে ডিম পাড়তে আসে, প্রতিদিন কত দূরত্ব ভ্রমণ করে—এসব তথ্য। এর ফলে এদের সংরক্ষণ সহজ হবে। গত সোমবার সামুদ্রিক জীববৈচিত্র্যের গবেষণা ও সংরক্ষণ সংস্থা মেরিন লাইফ অ্যালায়েন্সের পক্ষ থেকে জলপাই রঙের অলিভ রিডলে কচ্ছপের পিঠে স্থাপন করা হয় স্যাটেলাইট ট্রান্সমিটারটি।সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল আলম জানান, এই প্রথম বাংলাদেশে কচ্ছপের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার স্থাপন করা হলো। ট্রান্সমিটারবাহী কচ্ছপটির নাম রাখা হয়েছে ‘ঊর্মি’। গতকাল শুক্রবার বিকেল চারটা পর্যন্ত চার দিনে ঊর্মি বঙ্গোপসাগরে ২০৫ কিলোমিটার পথ পরিভ্রমণ করে। ঊর্মি বর্তমানে মহেশখালীর সোনাদিয়া উপকূল থেকে ৫৫ কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরে অবস্থান করছে। জানা যায়, ‘জলপাই কাছিম’ নামে পরিচিত অলিভ রিডলের ওজন ৫৬ কেজি। এই মা-কচ্ছপটি গত রোববার সন্ধ্যার দিকে কক্সবাজারের সাগরদ্বীপ সোনাদিয়া সৈকতে ডিম ছাড়তে এসেছিল। কচ্ছপটি বালুচরে ১১০টি ডিম দেয়। ভোর চারটার দিকে কচ্ছপটি সাগরে ফিরে যাওয়ার সময় মেরিন লাইফ অ্যালায়েন্সের কর্মকর্তাদের হাতে ধরা পড়ে। পরদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়ে মা-কচ্ছপটির পিঠে স্থাপন করা হয় ২০০ গ্রাম ওজনের অ্যান্টেনাযুক্ত স্যাটেলাইট ট্রান্সমিটার। তারপর শত শত মানুষের উপস্থিতিতে সন্ধ্যা ছয়টায় কচ্ছপটি সাগরে ছেড়ে দেওয়া হয়। ট্রান্সমিটার স্থাপনে সহযোগিতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও নটর ডেম কলেজের শিক্ষার্থী অর্ণব বাহারুল হাসান, মো. ফয়সাল, ওমর শাহাদাত্, মাহফুজ উল্লাহ, ফয়সাল এহসান, মার্শাল রিসার্ড।জহিরুল ইসলাম জানান, যুক্তরাষ্ট্রের নোয়া ও নাসা এবং ফ্রান্সের সিএনইএস স্যাটেলাইটে স্থাপিত রিসিভার আরগোস ঊর্মির ট্রান্সমিটার থেকে পাঠানো সংকেত ধারণ করবে। পরে তা ইন্টারনেটের মাধ্যমে জানা যাবে। ঊর্মি সমুদ্রের পানিতে ভেসে ওঠা মাত্রই ট্রান্সমিটারটি স্বয়ংক্রিয়ভাবে এর অবস্থান সম্পর্কিত সংকেত পাঠাচ্ছে। আগ্রহী ব্যক্তিরা অনলাইনে www.seaturtle.org/tracking এই ঠিকানায় ঊর্মির অবস্থান জানতে পারবেন। জহিরুল ইসলাম আরও বলেন, ঊর্মির দেওয়া তথ্য-উপাত্ত বাংলাদেশের সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যাপক অবদান রাখবে। এ জন্য তিনি ঊর্মিকে রক্ষায় সামুদ্রিক মৎস্যজীবীদের সহযোগিতা চেয়েছেন। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, সাগরে পুঁতে রাখা জালে আটকা পড়ে অসংখ্য মা-কচ্ছপের মৃত্যু হচ্ছে। প্রতিবছর শীত মৌসুমে কয়েক হাজার মা-কচ্ছপের মৃতদেহ উপকূলে ভেসে আসে। সামুদ্রিক কচ্ছপকে রক্ষায় এগিয়ে আসা জরুরি।