কজমো লাউঞ্জে খাওয়ার আরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আর দশটা রেস্তোরাঁর সঙ্গে কজমো লাউঞ্জের তফাতটা আকাশ-পাতাল। দরজা খুলে ভেতরে ঢুকলেই ভোজনরসিকদের কোলাহল চোখে পড়বে না, তার চেয়ে বরং ধীর লয়ের কোনো বিদেশি বাদ্যের সুর ছুঁয়ে যাবে হূদয়। স্বচ্ছ কাচে ঘেরা বিশাল ঘরটায় একরকমের আলো-আঁধারির খেলা আছে। দিনের বেলায় রাস্তার ওপারের ধানমন্ডি লেক আর সেই বিখ্যাত জাহাজবাড়ি চোখে পড়ে। রাতের বেলায় অল্প আলোর মায়াবি পরিবেশ। পুরো দেয়ালে অদ্ভুত এক ওয়াল পেপার। তাকালে মনে হয়, জাহাজের খোলের মধ্যে বসে আছি।সাজসজ্জার মধ্যে যেটা অবাক লাগে সেটা হলো, বেশ কয়েকটা সোফা পাতা দেখে। সোফা কেন? উত্তরে কজমো লাউঞ্জের ম্যানেজার তামজিদুল ইসলাম বললেন, এ কারণেই তো কজমো রেস্তোরাঁ নয়, কজমো লাউঞ্জ।লাউঞ্জের ব্যাখাটা পাওয়া গেল এর পরপরই। সাধারণ রেস্তোরাঁয় যেমন মূল উদ্দেশ্যই থাকে পেটপুরে খেয়ে বিদায় নেওয়া। লাউঞ্জের বিষয়টা ঠিক সে রকম নয়। লাউঞ্জ হলো আরাম করে খাওয়ার জায়গা। মেনু দেখে খাবারটা পছন্দ করে ফেলুন। তারপর সোফায় গা এলিয়ে দিয়ে আরাম করে বসুন। চাইকি, কোলের ওপর ল্যাপটপটা নিয়ে নেট ব্রাউজ করুন। পুরো লাউঞ্জে ওয়াইফাই আছে। এর মধ্যেই আপনার খাবার চলে আসবে। তাড়াহুড়োর কিছু নেই, আস্তে-ধীরে খান। খাওয়া শেষ? আহা বসুন না! অত তাড়া কিসের? এক্ষুনি উঠতে হবে না আপনাকে। আরও কিছুক্ষণ আরাম করে নিন। কেউ কিছু বলবে না আপনাকে। যতক্ষণ ভালো লাগবে, বসে বিশ্রাম নিন। এই না হলে আবার লাউঞ্জ কিসের! আর কজমো লাউঞ্জের ম্যানেজার তামজিদুল ইসলামের দাবি অনুযায়ী, কজমো লাউঞ্জই ঢাকার প্রথম এ ঘরানার রেস্তোরাঁ।সে তো বুঝলাম, ইচ্ছেমতো আরাম করা যাবে, কিন্তু যেটা আসল জিনিস, সেই খাবারের খবর কী? উত্তর হচ্ছে—ভালো, সেটাও খুব ভালো। কজমো লাউঞ্জের খাবারের স্বাদ আর মান দুটোই ভালো। পরিমাণটাও একেবারে মন্দ নয়। মেনুতে পদের সংখ্যা অবশ্য খুব বেশি নয়। তবে যে কয়টা আছে, সেগুলো বেশ যত্ন করে বানিয়ে পরিবেশন করা হয় অতিথিদের। আর মেনুটাও একটু অদ্ভুত। কোনো একটা নির্দিষ্ট তরিকার নয়, মানে চাইনিজ খাবার যেমন মিলবে, তেমনি মিলবে ইতালিয়ান, সঙ্গে যদি চান তো আফগান, জাপানি কিংবা আরবীয়, তাও মিলবে এখানে। এখানকার সাজসজ্জার পরিকল্পনা থেকে শুরু করে রান্নার রেসিপি নির্ধারণ পর্যন্ত প্রতিটি জিনিস কজমো লাউঞ্জের প্রতিষ্ঠাতা আরিফ হাফিজের করা।মধুর সঙ্গে মুরগির মাংস খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে কজমো লাউঞ্জের হানি গ্লেজড চিকেন উইং নিয়ে নিন এক প্লেট। সঙ্গে দেওয়া গার্লিক সসে ভালো করে মাখিয়ে নিলে ‘মধু-মুরগির’ স্বাদটা খোলে দারুণ। এখানে একটা ফ্রেঞ্চ ফ্রাই মেলে। কী মসলা দেয় তাতে, কে জানে। কিন্তু খেতে বেশ ভালো। তার সঙ্গে নিতে পারেন পাস্তা কিংবা স্প্যাগেটি উইথ মরোক্কান মিট সস। স্যুপ আছে বেশ কয়েক পদের। এর যেকোনোটা চেখে দেখতে পারেন। লেমোনেড আর ফলের রসও পাওয়া যায় কিংবা খাঁটি কফির স্বাদও চেখে দেখতে পারেন এখানে।খাওয়া, আড্ডা কিংবা আরামের বাইরে আরও একটা আয়োজন আছে কজমো লাউঞ্জে। মাসে অন্তত একবার গানের জলসা বসে এখানে। আজকের বাংলাদেশে অনেক খ্যাতিমান তরুণ তারকার প্রথম জলসা আর উত্থানের সূচনা হয়েছে এখানে, এই কজমো লাউঞ্জে। লাউঞ্জের অতিথিরাও সেই অর্থে সৌভাগ্যবান। কারণ, তাঁরাও নিজের চোখে এই তারকাদের উত্থানটা দেখতে পেলেন।কজমোর দেয়ালে দেয়ালে টাঙানো আছে তার ইতিবৃত্ত। কজমোর কর্ণধার আরিফ হাফিজের ক্যামেরায় বিভিন্ন সময় ধরা পড়েছে কজমো লাউঞ্জে এই তারকাদের নানা মুহূর্ত। বাংলা ব্যান্ডের আনুশেহ থেকে শুরু করে নিভৃতচারী প্রতিভাবান গিটারশিল্পী হ্যারল্ড রশিদ এখানকার অতিথিদের জন্য আসর বসিয়েছেন। অর্থহীন ব্যান্ডের সুমন আর বিপ্লবী গানের অরূপ রাহীও জলসা জমিয়ে গেছেন এখানে। দেয়ালে দেয়ালে ঝোলানো তাঁদের নানা ভঙ্গিমার ছবিগুলো সে কথাই বলে।খাবারের দাম খানিকটা চড়া। তবে সবকিছু মিলিয়ে কজমো লাউঞ্জ আরাম করে খাওয়া আর খেতে খেতে আরাম করার জন্য দারুণ জায়গা। তাই সকাল সাড়ে নয়টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে যেকোনো সময় গিয়ে হাজির হতে পারেন ধানমন্ডি ৫/এ রোডের ৭৪ নম্বর প্লটে দাঁড়ানো বিকল্প টাওয়ারের চারতলায় কজমো লাউঞ্জের দরজায়।