কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জবাই করা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আজ মঙ্গলবার এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। বেলা ১১টার দিকে কমপ্লেক্সের দোতলার পুরুষ ওয়ার্ডের বাথরুম থেকে লাশটি উদ্ধার করে কটিয়াদী থানার পুলিশ। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪০। তাঁর পরিচয় এখনো পাওয়া যায়নি।হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলার পুরুষ ওয়ার্ডে যান। তাঁরা সেখানকার কর্তব্যরত নার্সকে ওয়ার্ডের বাথরুম কোন দিকে জানতে চান। নার্স তাঁদের বাথরুম দেখিয়ে দেওয়ার কিছুক্ষণ পর একজন রোগী গিয়ে এক ব্যক্তির গলা কাটা লাশ দেখে চিত্কার দেন। পরে লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালের কর্মকর্তারা জানান, দোতলা থেকে সাড়ে ১০টার দিকে এক লোককে তাঁরা নেমে যেতে দেখেন। একটু পর আরেকজন লোক খুব দ্রুত নেমে চলে যান। বাথরুমে এক জোড়া রক্তমাখা জুতা পাওয়া গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ মনজুরুল হক জানান, তাঁর চাকরি জীবনে এমন ঘটনা দেখেনি। সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে খুনের ঘটনাটি ঘটেছে।মামলার তদন্ত কর্মকর্তা কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা ছোরা উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির প্যান্টের পকেটে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। এর সূত্র ধরে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যাবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহাম্মেদ প্রথম আলো ডটকমকে জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।খবর পেয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম, সিভিল সার্জন সারোয়ার হুসাইন খান, উপজেলা চেয়ারম্যান লায়ন আলী আকবর, সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।