কটিয়াদীতে ট্রেন লাইনচ্যুত, আহত ৫০
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী মেইল ট্রেনের একটি বগি লাইচ্যুত হয়ে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে।আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গচিহাটা রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে একই লাইনে এক বছরে তিনটি ট্রেন লাইনচ্যুত হয় বলে এলাকাবাসী জানিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী মেইল ট্রেন ৩৮ ডাউন গচিহাটা স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশের পর লাইনচ্যুত হয়ে পড়ে। এতে করে ছাদে ও ভেতরে থাকা যাত্রীরা লাফালাফি করে নামতে গিয়ে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে।এলাকার ইউপি সদস্য আবদুল মান্নান জানান, আজসহ এই লাইনটিতে এক বছরে তিনবার লাইনচ্যুত হয়ে ট্রেন দুর্ঘটনা ঘটেছে। রেল বিভাগ লাইনটি মেরামত না করায় ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। গচিহাটা স্টেশন মাস্টার আবদুল মতিন জানান, এই লাইনটিতে পাথর না থাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। একটি উদ্ধারকারী ট্রেন প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর ট্রেনটিকে লাইনে তুলে আনলে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে।