কটিয়াদীতে ডলার প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জাল ডলার বিক্রির সময় পুলিশ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে এক লাখ সাত হাজার টাকা ও ১০০ ডলারের ৩০৬টি জাল নোট উদ্ধার করেছে।গ্রেপ্তারকৃতরা হলেন কটিয়াদী উপজেলার সতেরদ্রোন গ্রামের রোকন শাহ (৩৭), বাজার কুতুবপুর গ্রামের মো. মুরসালিন (৪৫), একই গ্রামের কালাম (২৫) ও পূর্ব সহস্রাম গ্রামের আ. মালেক (৪৫)।জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাঁদেরকে আজ বিচারিক হাকিম আদালতে পাঠালে আদালত তাদের জেল হাজতে পাঠিয়ে দেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে ঢাকার পূর্ব শেওড়াপাড়া এলাকার ব্যবসায়ী মো. শফিকুল আলম রানা তাঁর দুই বন্ধুকে নিয়ে পূর্বপরিচয়ের সূত্র ধরে কটিয়াদী উপজেলার মুমুরদিয়া গ্রামের ডলার ব্যবসায়ী প্রতারক চক্রের সদস্য কফিল উদ্দিনের বাড়িতে ডলার কিনতে যান। সেখানে আগে থেকে ডলার প্রতারক চক্রের আট-দশজন সদস্য পূর্বপরিকল্পনা অনুযায়ী মো. শফিকুল আলমকে কিছু জাল ডলার হস্তান্তর করে। শফিকুল আলম প্রতারণার ঘটনা বুঝতে পেরে ডলার না কিনে জাল ডলার ফেরত দিতে চাইলে প্রতারক চক্রের সদস্যরা তাঁদেরকে হুমকি দিয়ে ডলার কেনার জন্য সঙ্গে থাকা তিন লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে শফিকুল কটিয়াদী থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে আজ ওই চারজনকে গ্রেপ্তার করে। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বিশেষ ক্ষমতা আইনে কটিয়াদী থানায় মামলা করেছেন। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মুশফিকুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তারকৃতদেরকে আজ আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।