কটিয়াদীতে দুর্ধর্ষ ডাকাতি, জনতার প্রহারে ২ ডাকাত নিহত
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আজমিতা ইউনিয়নের অষ্টঘরিয়া গ্রামে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে এক ডাকাতির সময় জনতার প্রহারে দুই ডাকাত নিহত ও আরও পাঁচজন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী জানায়, অষ্টঘরিয়া গ্রামে মৃত আবদুস সালামের বাড়িতে রাতে ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে গৃহকর্ত্রী কবিতাকে জিম্মি করে প্রায় ৩০ ভরি সোনা ও নগদ দুই লাখ টাকা লুট করে। এ সময় বাড়ির লোকদের চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে ডাকাতদের ধাওয়া করে। তারা কয়েকজন ডাকাতকে আটক করে গণধোলাই দেয়। এ সময় জনতার প্রহারে অজ্ঞাত পরিচয় দুই ডাকাত নিহত হয়। এ ছাড়া ডাকাতের হামলায় কয়েকজন আহত হয়।এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নওরীন সুলতানা বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এতটা অবনতি আগে কখনো দেখা যায়নি। গত কয়েক মাসে প্রায় ১৫টি ডাকাতি ও শতাধিক চুরির ঘটনা ঘটেছে। এলাকার মানুষ ডাকাতের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে।এদিকে কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) মো. সুলতান বলেন, এলাকায় রাতে পুলিশ টহল থাকে। টহলের কোনো এক ফাঁকেই এই ডাকাতির ঘটনা ঘটেছে।