কঠিন ইনিংসের মুখোমুখি ইমরান (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের লাহোর ও করাচিতে সম্প্রতি দুটি বিশাল সমাবেশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খান। সমাবেশ দুটিতে জনস্রোত দেখে ইমরান ও তাঁর দল তেহরিক-ই-ইনসাফ নিয়ে ঘরে-বাইরে শুরু হয়ে গেছে নানা রাজনৈতিক বিশ্লেষণ। আর গত সোমবার দলটির ভাইস প্রেসিডেন্ট শাহ মাহমুদ কোরেশি ঘোষণা দিয়েছেন, ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ দেশটির সাবেক সেনাপ্রধান পারভেজ মোশাররফের সঙ্গে জোট বাঁধতে যাচ্ছেন। এর পরপরই ইমরানকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছেন পাকিস্তানিরা। দেশটির তরুণসমাজ ইমরানের পক্ষে জোর সমর্থন দিচ্ছে বলে শোনা যাচ্ছে। কিন্তু দেশটির জটিল রাজনৈতিক পরিস্থিতিতে ইমরান কতটা সফলভাবে নিজেকে মেলে ধরতে পারবেন—তা নিয়ে দেশ-বিদেশে চলছে নানা আলোচনা।রাজনীতির মঞ্চে ইমরান ছিলেন অনেকটাই নিষ্প্রভ। অনেকেই বলছিলেন, ক্রিকেটার ইমরান ও রাজনীতিবিদ ইমরান এক হতে পারবেন না। ’৯২ সালে ক্রিকেট বিশ্বকাপ জেতার পর পাকিস্তানজুড়ে ইমরানপ্রীতি বেড়ে যায়। তবে রাজনীতির মাঠে নেমে তিনি অনেকের কাছেই অপ্রিয় হয়ে ওঠেন। ৬০ ছুঁই ছুঁই ইমরান খান পাকিস্তানের জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে কাজ করে যাচ্ছেন। দেশটির পার্লামেন্টে ইমরানের দলের একটি মাত্র আসন (ইমরানের নিজের) আছে। এ ছাড়া তাঁর দলের উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই। সম্প্রতি তাঁর দলের নবজাগরণ ঘটলেও নিন্দুকের সংখ্যা নেহাত কম নয়। অনেকেই তাঁর সাম্প্রতিক এই খ্যাতি ও সম্মানে বিরক্ত। তাঁরা বলছেন, ইমরান পাকিস্তানের ক্ষমতাসীন বা অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের ‘অভিজাত’ শ্রেণীর বলে অপবাদ দেন। কিন্তু তিনি নিজেই অক্সফোর্ড ইউনিভার্সিটির স্নাতক। সমালোচকেরা বলছেন, ইমরান লন্ডনে প্লেবয়, আর লাহোরে বনে গেছেন ধার্মিক। তাই নিন্দুকদের চোখে ইমরান একজন ভণ্ড। জেমিমা গোল্ড স্মিথকে বিয়ে করার পর অনেক গণমাধ্যমে তাঁকে ইহুদিদের এজেন্ট বলেও সম্বোধন করা হয়েছিল।বিশ্লেষকদের মতে, অনেক কারণে পাকিস্তানের রাজনীতিতে ইমরান এগিয়ে যাচ্ছেন। দেশটিতে সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমের উত্থান ঘটেছে। এগুলোতে প্রায়ই রাজনৈতিক নেতাদের ব্যর্থতা ও দুর্নীতির খবর ফাঁস হয়ে যাচ্ছে। ফলে রাজনৈতিক নেতাদের ভাবমূর্তি সম্পর্কে পাকিস্তানের মানুষের ধারণা পাল্টে যাচ্ছে। আর এ সময়ই ইমরানের প্রতি দেশটির জনগণের আগ্রহ দিন দিন বাড়ছে। এরই মধ্যে পাকিস্তানে শহুরে মধ্যবিত্ত শ্রেণীর একটি অংশ ও তরুণেরা রাজনীতিতে বিকল্পধারার একজন নেতার প্রতি উত্সাহ দেখাচ্ছেন। আর ইমরানের মধ্যেই তাঁরা এ রকম নেতার প্রতিচ্ছবি দেখছেন।সেনাবাহিনী থেকে সামরিক কর্মকর্তা, ছাত্র থেকে শুরু করে সাধারণ জনগণ সবার কাছেই ইমরান দেশপ্রেমিক ও সাহসী নেতা হয়ে উঠছেন। ইমরানকে তাঁরা জারদারি ও পারভেজ মোশাররফের সঙ্গে তুলনা করে দেখছেন। তাঁরা বলছেন মোশাররফ দেশের যেকোনো সমস্যায় ‘গা বাঁচিয়ে’ চলতেন। আর জারদারি দেশের দুর্যোগ মুহূর্তে নিজেকে অন্যত্র সরিয়ে রাখেন। সাম্প্রতিক প্রলয়ঙ্করী বন্যার সময় তিনি ছিলেন ইউরোপ ভ্রমণে আর ‘মেমোগেট’ কেলেঙ্কারির সময় ছিলেন সংযুক্ত আরব আমিরাতে।ইমরানের জন্য চ্যালেঞ্জ: ক্ষমতায় গেলে ইমরানকে জরুরি ভিত্তিতে পাকিস্তানের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। তাঁকে অবশ্যই বেলুচিস্তানের বেআইনি হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। উপজাতীয় এলাকা হিসেবে বেলুচিস্তানকে পাকিস্তানের অন্যতম ‘সম্মানজনক’ প্রদেশ হিসেবে বিবেচনা করতে হবে। অবশ্য বালুচদের কাছে পশতুনভাষী ইমরানের আলাদা গ্রহণযোগ্যতা আছে। কারণ, প্রভাবশালী পাঞ্জাবিদের বিরুদ্ধে বালুচরা দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে নানা অভিযোগ করে আসছে। এ ছাড়া ক্ষমতায় গেলে তাঁকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে। বিদ্যুত্ ও গ্যাসের সমস্যা মেটাতে হবে। এ ছাড়া ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। অভ্যন্তরীণ এই সমস্যা মেটানোর পাশাপাশি ইমরানকে পাকিস্তানের নাজুক বর্তমান বৈদেশিক নীতিও পরিবর্তন করতে হবে। বিশেষ করে প্রতিবেশী আফগানিস্তান ও ভারতের সঙ্গে তার সম্পর্ক উন্নয়ন করতে হবে। এ ছাড়া পুরোনো বন্ধু যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের নিম্নমুখী সম্পর্ককে ঊর্ধ্বমুখী করে তোলা হবে ইমরানের জন্য অন্যতম চ্যালেঞ্জ। এক দশক ধরে চলমান সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যতম সহযোগী হয়ে থাকবে পাকিস্তান; নাকি দেশের ভঙ্গুর অর্থনীতি ও রাজনীতিকে মেরামত করতে মনোযোগ দেবেন ইমরান—সেটাই তাঁর জন্য এক বিরাট চ্যালেঞ্জ।পাকিস্তানিরা এখন একজন নেতার ওপর নির্ভরশীল হতে চাইছেন। যে নেতা তাঁদের চলমান অস্থিরতা থেকে আশার আলো দেখাবেন। ইতিহাস বলছে, পাকিস্তানিরা প্রায় সময় একজন ত্রাণকর্তার ওপর নির্ভরশীল হন। কিন্তু কিছুদিন গেলে ওই ত্রাণকর্তা তাঁদের আশাহত করেন। এমনকি পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর বেলায়ও বিষয়টি সত্য।বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেক নেতা-কর্মী ইমরানের দলে যোগ দিচ্ছেন। ভিন্ন দল থেকে আসা এই ভিন্নমতের লোকদের নিয়ে একতা বজায় রেখে কাজ করাও ইমরানের জন্য আরেকটি চ্যালেঞ্জ। এ ছাড়া পাকিস্তানের রাজনীতিতে জারদারি-ভুট্টোর ঐতিহ্য ও নওয়াজ শরিফের প্রভাবও কম নয়।ইমরানের জন্য আরও এক চ্যালেঞ্জ হতে পারেন বিলাওয়াল ভুট্টো। তিনিও ইমরানের মতোই অক্সফোর্ডের স্নাতক। রাজনীতিতে এখনো অত্যন্ত নবীন হলেও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান এবং দুজন সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রীর ছেলে ও নাতি হিসেবে বিলাওয়াল রাজনীতিতে তাঁর জোরালো অভিষেক ঘটাতে পারেন। সব মিলিয়ে ইমরান খানকে তাঁর ক্রিকেটীয় মেধাকে সুষ্ঠুভাবে রাজনীতিতে প্রয়োগ করতে হবে। আর সেজন্য তাঁকে একটি নিখুঁত ‘ইনিংস’ খেলতে হবে। আল-জাজিরা অবলম্বনে।করাটিতে ইমরান খানের জনসভার ভিডিওচিত্র দেখুন: