আমার কাছে খেলতে না পারাটাই হতাশার। তা ম্যাচটা কেনিয়ার বিপক্ষেই হোক কিংবা পাকিস্তানের বিপক্ষে। যেকোনো দেশের বিপক্ষে খেলা মিস করলেই আমার খারাপ লাগে। আশা ছিল, চোট কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজে হয়তো ফিরতে পারব। কিন্তু পুনর্বাসন প্রক্রিয়ার শুরুতেই পিছিয়ে গিয়েছিলাম। পাকিস্তান সিরিজটা তাই খেলা হচ্ছে না। এটা মেনে নিতেই হবে। এ জন্য খুব বেশি হতাশ নই। আর বিশ্বকাপ খেলতে না পারার পর আমি সবকিছুই সহজভাবে নিতে পারি। এখন আমার লক্ষ্য, সামনের বছরে জাতীয় দলের হয়ে সব ম্যাচ খেলা।তবে একটা ব্যাপার ভাবলে খুব অবাক লাগে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ মানেই আমার মন খারাপ করা স্মৃতি। এর আগে একবারই বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান দল। ২০০২ সালের জানুয়ারিতে সেই সিরিজটা খেলতে পারলাম না আগের মাসে নিউজিল্যান্ড সফরে পিঠের ইনজুরিতে পড়ায়। ওই সময় ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসরা ছিল পাকিস্তান দলে। চিকিৎসা নিতে মাঠে যেতে হতো বলে খুব কাছ থেকে দেখেছি ওদের। তখন আমি আন্তর্জাতিক ক্রিকেট মাত্র শুরু করেছি। খেলতে না পারায় খুব খারাপ লেগেছিল।পরের বছর পাকিস্তান সফরে আরেক ঘটনা। মুলতানে শেষ টেস্টে আমাকে বিশ্রাম দেওয়া হলো। অথচ ওই টেস্টেই আমার খেলাটা বেশি দরকার ছিল মনে হয়। উইকেটে অনেক সাহায্য ছিল পেসারদের জন্য। আমাদের জেতারও সুযোগ ছিল। অলক চোট পাওয়ায় সে টেস্টে অনেকক্ষণ ফিল্ডিং করেছিলাম, তিনটা ক্যাচও নিয়েছিলাম। একাদশে না থাকলেও তাই খারাপ লাগছিল না। তবে মাত্র ১ উইকেটে হারার পর খুব খারাপ লেগেছে। মনে হচ্ছিল, জয়ের ভালো একটা সম্ভাবনা নষ্ট হলো আমাদের। কে জানে, আমি খেললে হয়তো কিছু করতে পারতাম।গত জিম্বাবুয়ে সফরে আমাদের দলের পারফরম্যান্স দুর্ভাগ্যজনকভাবে খারাপ হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনেক ভালোভাবে ফিরে এসেছি। তবে আমাদের জন্য পাকিস্তান সিরিজ অনেক বেশি চ্যালেঞ্জিং। ওদের পেস-স্পিন দুই বোলিং আক্রমণই ভালো। দলটার সব বিভাগেই ভালো খেলোয়াড় আছে। তার ওপর সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলে আসায় বাড়তি আত্মবিশ্বাস থাকবে ওদের।আমাদের বিপক্ষে পাকিস্তানের বাড়তি সুবিধা, ওরা স্পিন ভালো খেলে। বাংলাদেশ যেহেতু স্পিনারদের ওপরই বেশি নির্ভরশীল, এটা আমাদের জন্য একটা সমস্যাই। এই সিরিজে তাই আমাদের পেসারদের দায়িত্বটা বেশি থাকবে। পেসারদের নিয়ে আমি আশাবাদীও। রুবেল বিশ্বকাপ থেকেই খুব আত্মবিশ্বাসী। শফিউলও এখন পর্যন্ত ভালো করছে। মাঝে এক-দুই ম্যাচ খারাপ গেলেও অনেক দিন বিশ্রামে থেকে নিশ্চয়ই এই সিরিজে সে আগের অবস্থায় ফিরবে। পেসাররা বাড়তি দায়িত্ব নিতে পারলে স্পিনারদের জন্য সুবিধা হবে।চট্টগ্রামের উইকেটে পেসারদের একটু সমস্যা হলেও হতে পারে। তবে মিরপুরের উইকেট পেসারদের সব সময়ই সাহায্য করে। বিশ্বের যেকোনো পেস বোলারই এখানে বল করাটা উপভোগ করে। আমাদের পেসাররাও এই মিরপুরের উইকেটেই ভালো বোলিং করেছে। আর ওরা যত ভালো স্পিনই খেলুক, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমাদের স্পিনাররা যেভাবে বল করেছে, সেভাবে করতে পারলে সাকিব-রাজ্জাকদের বল খেলা সহজ হবে না। কাজেই দুই উইকেটে দুই রকম দায়িত্ব থাকবে বোলারদের। মিরপুরে পেসারদের বেশি দায়িত্ব নিতে হবে। চট্টগ্রামে স্পিনারদের।তবে যে উইকেটেই খেলেন, টেস্ট ক্রিকেট বোলারদের খেলা। টেস্ট জিততে হলে ২০ উইকেট নিতেই হবে। না নিলে হয় হারবেন, নয় ড্র হবে। জেতার সম্ভাবনা নেই। বোলারদের তাই টেস্টে বিশেষ কিছু করতেই হবে। কিন্তু টি-টোয়েন্টি আর ওয়ানডে পুরোটাই ব্যাটসম্যান-নির্ভর খেলা। লড়াই করার মতো পুঁজিটা তাদেরই দিতে হবে। অনেক দিন দলের সঙ্গে না থাকলেও গত কয়েক দিন ওদের সঙ্গে থেকে মনে হলো, অনেক ভালো ব্যাটিং প্র্যাকটিস হচ্ছে। এখন মাঠে সেটা কাজে লাগাতে পারলেই হয়।আমাদের সঙ্গে বড় দলের পার্থক্য হলো, ওদের একজন ব্যাটসম্যান ৭০ রান করলে সেটা এক শ-দেড় শতে নিয়ে যায়। বড় রান করে। বিশ্বের সব বড় ব্যাটসম্যানই বলেন, তোমার দিনে তুমি বড় ইনিংস খেলো। এটা তোমার ক্যারিয়ারের জন্য ভালো, দেশের জন্যও ভালো। আমাদের ব্যাটসম্যানদের ভেতর এই উপলব্ধিটা আসতে হবে। অন্যরা ৭০-৭৫ রানে আউট হলেও খুব ভালো বলে আউট হয়। আমরা অনেক সময় বাজে বলেও উইকেট দিয়ে আসি।আগেই বলেছি পাকিস্তান এমন একটা দল, যারা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। অন্যদের জন্য দলটা আনপ্রেডিক্টেবল হলেও আমাদের জন্য অনেক কঠিন দল। কারণও আগেই বলেছি। আমাদের শক্তি স্পিন, আর ওরা স্পিনই ভালো খেলে। আর ওদের পেস বোলিং আক্রমণ সব সময়ই খুব ভালো। পাকিস্তানের বিপক্ষে বিশ্বের সব টপ-অর্ডার ব্যাটসম্যানই সংগ্রাম করে। এই একটা জায়গায় পাকিস্তান কখনোই সমস্যায় পড়েনি। সব মিলিয়ে আমাদের চেয়ে ওদের শক্তি দ্বিগুণ বলতে পারেন।তার পরও আমি আশাবাদী। আমাদের সামর্থ্য আছে পাকিস্তানকেও হারানোর। সাম্প্রতিক সময়ে আমরা অনেক ভালো ভালো দলকে হারিয়েছি। পাকিস্তান নিশ্চয়ই এখন বিশ্বের এক নম্বর দল নয়। তবে তাদের বিপক্ষে সেই সাফল্য পেতে হলে সবাইকে কিছু না কিছু করতে হবে। দুই-তিন জনের ওপর নির্ভর করে আমরা জিততে পারব না। আমি পারব—খেলোয়াড়দের সবার আগে এই বিশ্বাসটাই বুনে নিতে হবে মনের মধ্যে।