ছোট্ট তাজবীদ শুধুই বলে, ‘বাবা আসে না কেন? তাকে ধরে নিয়ে আসো।’ সন্তানের এ প্রশ্ন প্রায়ই শুনতে হয় মা তাসনুভা মাহাকে। নিহত সেনা কর্মকর্তা তানভীর হায়দার নূরের সাড়ে ছয় বছরের সন্তান তাজবীদ ইশরাফ নূরকে কিছুতেই বোঝাতে পারেন না যে তার বাবা না-ফেরার জগতে চলে গেছেন। এভাবেই হাহাকার, কিছু স্মৃতি আর রাশি রাশি কান্না নিয়ে জীবন কাটাচ্ছেন মা আর দুই ছেলে।২০০৯ সালে পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহের ঘটনায় মেজর তানভীরের মতো ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। তাজবীদ-তাসনুভার মতো অন্য পরিবারের সদস্যরাও বেঁচে আছেন হারানো স্বজনের স্মৃতি আঁকড়ে। তাঁদের অন্যতম দাবি, এই নারকীয় হত্যাকাণ্ডের বিচার যেন দ্রুত শেষ হয়। নিহত কর্মকর্তাদের জন্য স্মৃতিস্তম্ভ নির্মাণেরও দাবি জানান তাঁরা।নিহতদের পরিবারেব সদস্যরা সেনানিবাসে থাকার জায়গা পাওয়ার পাশাপাশি আর্থিক সহায়তাও পেয়েছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুদান হিসেবে সরকার ১০ লাখ ও সেনাবাহিনী পাঁচ লাখ টাকা দিয়েছে। ব্যাংকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে মাসে ৪০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। তারা ১০ বছর পর্যন্ত এই টাকা দেবে। এ ছাড়া তাঁরা নিয়ম অনুযায়ী স্বামীর পেনশন ও ভাতা পেয়েছেন।নিহত এক সেনা কর্মকর্তার স্ত্রী বলেন, সেনাবাহিনী উপযোগী পরিবেশে তাঁদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। মিরপুর ডিওএইচএসে নিহত সেনা কর্মকর্তাদের জন্য ফ্ল্যাট তৈরি হচ্ছে। সেখানে যাওয়ার আগপর্যন্ত তাঁরা এখানে থাকতে পারছেন। এ জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ তিনি।গত বুধবার সেনানিবাসের সরকারি বাসায় কথা হয় নিহত মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনুভা মাহার সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, তানভীরের স্মৃতি আগলে ধরে দুই সন্তানের ভবিষ্যৎ গড়তে তাঁকে বেঁচে থাকতে হচ্ছে। তিনি বলেন, স্কুলে সহপাঠীকে তার বাবা আদর করছে দেখে তাজবীদের মন খারাপ হয়ে যায়। ওকেও বাবা এমনিভাবে আদর করত, এমনটাই ভাবে ছোট্ট তাজবীদ।তাসনুভা মাহা বলেন, ‘ওর (তানভীর) স্মৃতি কোনোভাবেই ভুলে থাকতে পারি না। সবচেয়ে খারাপ লাগে ফেব্রুয়ারি মাস এলে। তরতাজা মানুষটি চলে গেল। ভালো থাকি কীভাবে?’ বলতে বলতে চোখের কোণে পানি জমে যায় তাঁর। একটু পরেই কান্নার বাঁধ ভাঙে।কোনোরকম সামলে নিয়ে আবার কথা বলতে শুরু করেন তাসনুভা। আরেক সন্তান তাসবীর ইশরাফ নূরের বয়স এখন সাড়ে চার বছর, কিছুটা বুঝতে শিখেছে। সেনাবাহিনীর গাড়ি দেখলেই সেদিকে দৌড়ে যেতে চায়, উঠতে চায়। ওদের এসব দাবি পূরণ করা সম্ভব নয়, তা বোঝে না ছোট্ট শিশু দুটি। সামনের দিনগুলো এ দুই সন্তানকে নিয়ে কীভাবে একা পাড়ি দেবেন—এই ভেবে আকুল তিনি। ওদের মুখের দিকে তাকালে মনে হয়, ওদের ভবিষ্যতের জন্য বাঁচতে হবে।নিহত মেজর মোহাম্মদ মমিনুল ইসলাম সরকারের স্ত্রী সানজানা সোনিয়া জোবাইদা বললেন, তাঁদের একমাত্র সন্তান সাদাকাত বিন মমিন জন্মের পর বাবাকে দেখেনি। সেই নারকীয় ঘটনায় তাঁর স্বামী নিহত হওয়ার ১১ দিনের মাথায় সাদাকাতের জন্ম। আগামী ৯ মার্চ তার তিন বছর পূর্ণ হবে। কথা বলতে শিখেছে সাদাকাত। বাবার ছবি ধরে ‘পাপা’ ডাকে। তিনি বলেন, হত্যাযজ্ঞের তিন বছরেও বিচার শেষ হলো না। মমিনের রেখে যাওয়া স্মৃতি সাদাকাতকে মানুষ করতে যত কষ্টই হোক, তা করবেন তিনি।পড়াশোনা শেষ করে সানজানা সোনিয়া এখন সন্তান মানুষ করার জন্য চাকরি খুঁজছেন। নিহত মেজর মোশাররফ হোসেনের স্ত্রী কামরুননাহার লিপি তাঁদের দুই সন্তান আকিব মাহমুদ (৭) ও আজিব মাহমুদকে (২) মানুষের মতো মানুষ করতে সবার দোয়া চান। তিনি বলেন, ‘আকিব প্রশ্ন করে, বাবাকে কারা মারল? কেন মারল? বুঝ দিতে গেলে পাল্টা প্রশ্নের মুখে পড়তে হয়।’নিহত সেনা কর্মকর্তা তানভীর, মমিনুল বা মোশাররফই নন, বিডিআর বিদ্রোহের ঘটনায় স্বজনহারা অন্য পরিবারগুলোর একই অবস্থা। তাঁদের কেউ কেউ অভিযোগ করেন, এ ঘটনার পরে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পিতৃহারা সন্তানদের বিনা বেতনে পড়ার সুযোগ দিতে চেয়েছিল। কিন্তু এখন সে আগ্রহ আর নেই। এমনকি নিহত সেনা কর্মকর্তাদের স্ত্রীদের চাকরির প্রতিশ্রুতিতেও এখন ভাটার টান।