দরিদ্র পরিবারের সন্তান তারা। নিয়মিতই অর্ধাহারে-অনাহারে থাকতে হয়। কিন্তু পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ তাদের। লক্ষ্য, অনেক দূর যাওয়া। মানুষের মতো মানুষ হয়ে দেশের সেবা করা। পরিবারের খাবার জোগানো কষ্টকর। তাই তারা ঝুড়ি-ডালা বুনে, কাঁথা সেলাই করে, রাজমিস্ত্রির জোগালি খেটে এবং মাছ ধরার চাঁই বানানোর কঞ্চি চেঁছে ওই টাকা থেকে সংসারে খরচ দিয়েছে, সেই সঙ্গে চালিয়েছে নিজেদের পড়াশোনার খরচ। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মধ্য দিয়ে এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তারা।লিটনকে পড়তে হতো দিনে: যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া প্রতাপকাটি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির সময় নাক সিটকায় অনেকে। দলিত সম্প্রদায় (ঋষি) বলে সহপাঠীরাও প্রতাপকাটি গ্রামের লিটন দাসের সঙ্গে ভালোভাবে মিশতে চায়নি। তবে প্রধান শিক্ষক আবদুল জব্বারসহ কয়েকজন শিক্ষকের উৎসাহে এগিয়ে গেছে লিটন। স্থানীয় দলিত সম্প্রদায় থেকে লিটনই প্রথম এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে।বাবা দুলাল দাসকে ঝুড়ি-ডালা বোনার কাজে সহযোগিতা করত লিটন। এ জন্য নিয়মিত বিদ্যালয়ে যেতে পারেনি। কেরোসিন কেনার পয়সা জুটত না বলে অধিকাংশ সময় দিনের বেলায় পড়তে হতো।লিটন জানায়, তার ইচ্ছা চিকিৎসক হওয়া। পাশাপাশি নিজ সম্প্রদায়ের উন্নয়নের জন্য কাজ করে যাওয়া। লিটনের বাবা দুলাল দাস বলেন, ‘ছাবাল তো ভালা পাস করেছে, এহন তার পিছনে মেলা খরচ। এ টাহা আমি কনে পাব?’আছিয়ার সংগ্রাম: বাবা আবদুল আজিজ মোল্লা দীর্ঘদিন ধরে অসুস্থ। ভাই মিরাজ মোল্লা (১৭) রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে। বড় বোন লিপি খাতুন পড়েন ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে। মা হেমেলা বেগম অন্যের বাড়ির কাঁথা সেলাই করেন। একেকটি কাঁথা সেলাই করে ১০০ থেকে ১২০ টাকা পাওয়া যায়। দুই বোনের লেখাপড়া ও সংসারের খরচ মেটাতে মায়ের সঙ্গে আছিয়া খাতুনও কাঁথা সেলাই করত। কাজ শেষে পড়ালেখা করত গভীর রাত পর্যন্ত। সকালে উঠে চার কিলোমিটার হেঁটে যেত পাংশার চরকুলটিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায়।আছিয়াদের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার গাঙ্গবথুমদিয়া গ্রামে। আছিয়া চিকিৎসক হতে চায়। এ জন্য চায় ভালো কোনো কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে। বাবা আবদুল আজিজ বলেন, ‘মাইয়া ভালা রেজাল্ট করছে খুব খুশি অইছি। কিন্তু অহন ওর পড়ার খরচ দিব ডা কে?’চরকুলটিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার সিরাজুল ইসলাম বলেন, ‘আছিয়া খুবই দরিদ্র কিন্তু মেধাবী। সময়মতো খাওয়া-দাওয়া করেও মাদ্রাসায় আসতে পারত না। এ জন্য আমরাও ওকে সাধ্যমতো সাহায্য-সহযোগিতা দিয়েছি।’রাজমিস্ত্রির জোগালি সুজন: সিমেন্ট, বালু, ইট আর সুরকি মিশিয়ে দিন কাটে মো. সুজন হোসেনের। কাজ পেলে খাবার জোটে, নইলে অনাহারে-অর্ধাহারে থাকতে হয়। দিনভর এত পরিশ্রমের পরও লেখাপড়া করতে এতটুকু ক্লান্তি লাগেনি তার। তাকে যে লেখাপড়া শিখতেই হবে, এগিয়ে যেতে হবে সামনে। খুলনা নগরের ইউসেপ স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল সুজন। ফলাফল ঘোষণার দিনও সে ব্যস্ত ছিল জোগালির কাজে। খুশির খবর শুনেছে সন্ধ্যায়।সুজন থাকে খুলনা শহরের খালিশপুরের হাউজিং বাজারসংলগ্ন বস্তিতে। দশ ভাই-বোনের মধ্যে সুজন তৃতীয়। বৃদ্ধ বাবা বোরহান শেখ কবিরাজি করে যা আয় করেন, তা দিয়ে সংসার ঠিকমতো চলে না। বোরহান শেখ বলেন, ‘পোলাডারে কিছু দিত পারি না। ভালা খাওন দিত পারি না, হেয়ই কাম কইরা আমাগো দ্যাহে।’সুজন বলে, ‘যে কলেজে পড়লে টাকা লাগবে না, সেই কলেজে পড়ব। জোগালি খাটতে আর ভালো লাগে না। ইঞ্জিনিয়ার হয়ে বড় বড় বাড়ি বানাতে চাই।’ সুজনের প্রতিবেশী সাব্বির হোসেন বলেন, ‘সুজন আমাদের বস্তির গর্ব, প্রয়োজনে আমরা সবাই মিলে টাকা জোগাড় করে ওর কলেজে পড়ার ব্যবস্থা করব।’কঞ্চি চেঁছে খুকুমণির পড়ার খরচ: পরের জমিতে শ্রমিকের কাজ করেন মুন্সিগঞ্জ সদর উপজেলার রমজান বেগ গ্রামের নুরু মিয়া। ওই টাকায় সংসার ও তিন মেয়ের পড়াশোনার খরচ চলে না। তাই বাড়িতে মাছ ধরার চাঁই বানানোর কঞ্চি চেঁছে মুন্সিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে খুকুমণি।খুকুমণিদের ছোট দোচালা ঘরে গিয়ে দেখা যায় একটি টেবিল। চেয়ার রাখার জায়গা না থাকায় বিছানায় বসেই পড়ে খুকুমণিরা। ছোট একটি আলমারিতে রাখা ছিল একটি ক্রেস্ট। এটি গত বছর এসএসসিতে জিপিএ-৫ পাওয়ায় প্রথম আলোর সংবর্ধনায় খুকুমণির বড় বোন লিপি আক্তার পেয়েছিল।খুকুমণির বিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক শহিদুল্লাহ শহিদ জানান, টিফিনের ছুটিতে সবাই ভালো কিছু খেতে পারলেও খুকুমণির সেই সামর্থ্য ছিল না। খুকুমণি জানায়, ‘ইচ্ছা তো অনেক কিছু হতেই। কিন্তু বাবার তো ওই সামর্থ্য নাই।’[এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নুরুল ইসলাম, মনিরামপুর (যশোর), রাশেদ রায়হান, গোয়ালন্দ (রাজবাড়ী), মনোজ কুমার মজুমদার, খুলনা ও তানভীর হাসান, মুন্সিগঞ্জ]