রাজনৈতিক সংকটের মধ্যেও দলের অভ্যন্তরীণ সংকট ও জোটের টানাপোড়েন নিয়ে সমস্যায় পড়েছে বিএনপি। ফলে সরকার পতনের এক দফা দাবি আদায়ে সরকারের ওপর এখন পর্যন্ত কার্যকর কোনো চাপ সৃষ্টি করতে পারেনি তারা।অভ্যন্তরীণ সংকটের প্রকৃতি জানতে চাইলে বিএনপির কয়েকজন দায়িত্বশীল নেতা প্রথম আলোকে বলেন, তাঁদের প্রধান সংকট হলো, দলের চেয়ারপারসনের নির্দেশ নেতা-কর্মীরা সেভাবে মানছেন না। মাঠপর্যায়ে আছে নেতৃত্বের সংকট। ক্ষমতাসীন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলার জন্য তেমন কোনো কৌশলও নিতে পারেনি দলটি। এর প্রভাব পড়েছে কর্মীদের মধ্যে। তাঁরা মনে করছেন, নেতারা নিজস্ব কর্মসূচি দিয়ে কর্মীদের মনে আশা জাগাতে পারছেন না, তাঁদের নির্ভর করতে হচ্ছে কেবল সরকারের ভুল ও ব্যর্থতার ওপর। এসব নিয়ে এখন কঠিন সময় পার করতে হচ্ছে বিএনপিকে।বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন নেতা এবং বিএনপির রাজনীতি পর্যবেক্ষণ করেন এমন একাধিক ব্যক্তি বলেছেন, বিএনপির বড় সমস্যা হলো, তাদের দলের অনেক সমর্থক আছে, কিন্তু সেই তুলনায় দলের প্রতি অনুগত কর্মী কম। যাঁরা নেতৃত্বে আছেন, তাঁদের মধ্যে বিভাজন বেশি। নেতাদের মধ্যে বিশ্বাস-আস্থার অভাবও আছে। দাবি আদায়ে কর্মপরিকল্পনা নির্ধারণ করার মতো প্রজ্ঞা বা রাজনৈতিকভাবে বিচক্ষণ নীতিনির্ধারকের অভাবও প্রকট হয়ে উঠছে। এর আঁচ পাওয়া যায় পরিস্থিতি বুঝতে সময় নেওয়া এবং একই বিষয়ে দলের নেতাদের ভিন্ন ভিন্ন অবস্থান থেকে। তাঁদের মতে, এটাই এখন দলটির সংকটের মূল কারণ।দলের এই অগোছালো অবস্থায় সুযোগ নিচ্ছে ১৮ দলীয় জোটের শরিকেরাও। গুরুত্বপূর্ণ ইস্যুতে কার্যত দিকনির্দেশনাহীন হয়ে পড়া প্রধান শরিকের ওপর তখন কোনো কোনো শরিক চাপ তৈরি করতে সক্ষম হয়। এ কারণে কোনো বিষয়ে সুদৃঢ় অবস্থান নিতে বেগ পেতে হয় দলটিকে।তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আন্দোলন শুরু করেছে। বড় দল হিসেবে কিছু সমস্যা থাকে, বিএনপিতেও আছে। তবে লক্ষ্য এখন ব্যর্থ সরকারের পতন। এ ব্যাপারে দলের ও জোটের নেতা-কর্মীদের কোনো দ্বিমত নেই। তাই লক্ষ্য বাস্তবায়ন ও দাবি আদায় হবেই। তিনি দাবি করেন, জোটের দলগুলোর সঙ্গে সুন্দর সমঝোতা আছে তাঁদের।কথা বলা সম্ভব হয়েছে এমন কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের একাধিক নেতা মনে করেন, যেকোনো সংকটে বিএনপি জনগণকে দলের সঠিক অবস্থান জানাতে ব্যর্থ হয়েছে। সংসদে যাওয়া না-যাওয়া নিয়ে বিএনপির সঠিক কোনো অবস্থান নেই। বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দাবিতে সরকারবিরোধী আন্দোলন হয়েছে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছে। জিয়া পরিবারের সমস্যা নিয়ে আন্দোলনই হয়েছে সবচেয়ে বেশি। মাঠের নেতা-কর্মীদের বড় অংশ একে ভালোভাবে নেয়নি। সরকারি দলের দিক থেকেও এমন অভিযোগ করা হয় যে, জনগণের কোনো ইস্যু নিয়ে বিরোধী দল আন্দোলন করেনি।দলের নেতাদের মধ্যে যাঁরা সরকারের সঙ্গে আলোচনা করেন সমাধানের পক্ষে, তাঁরা মনে করেন, নির্বাচন পদ্ধতি নিয়ে সরকারকে পাল্টা প্রস্তাব দিতে পারেনি বিএনপি। শাহবাগের আন্দোলন নিয়েও একেক সময় একেক বক্তব্য দেওয়া দলের জন্য ক্ষতি হয়েছে। জামায়াতে ইসলামীর ব্যাপারে কখনো নির্লিপ্ত থাকা আবার কখনো কাছে টানা বিভ্রান্তি তৈরি করেছে। ফলে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়েও বিএনপি তাদের অবস্থান মানুষের কাছে পরিষ্কার করতে পারেনি। সর্বশেষ সময়মতো কাউন্সিল করতে না পারা দলটির একটি বড় সাংগঠনিক ব্যর্থতা হিসেবে দৃশ্যমান হয়েছে। এটা দলের সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন কেউ কেউ। সবচেয়ে বড় কথা, একক কোনো ইস্যুতে বিএনপি রাজনৈতিক দল হিসেবে জনসম্পৃক্ততা তৈরি করতে পারেনি। স্থানীয় সরকারের নির্বাচন নিয়েও নানা মত আছে দলের মধ্যে। কোনো নির্বাচনে অংশ নিচ্ছে, কখনো নিচ্ছে না। এতে তৃণমূলের নেতারা বিভ্রান্ত হচ্ছেন। তাঁরা রাজনৈতিক কর্মকাণ্ডে স্পৃহা হারিয়ে ফেলছেন।সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে জননিরাপত্তা কমিটি গঠনের কথা বলা হলেও এখনো একটি কমিটিও গঠিত হয়নি। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জেলা, উপজেলায় ১৮ দলের শরিকদের নিয়ে সম্মিলিত সংগ্রাম পরিষদ গঠনের নির্দেশ দেওয়া হলেও কেবল খুলনা জেলায় করা হয়। কেন্দ্রের বাইরে ১৮ দলের মধ্যে সমন্বয়ের সমস্যা থাকায় জেলা-উপজেলায় কর্মসূচি পালন বাধাগ্রস্ত হয়।জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল প্রথম আলোকে বলেন, বিএনপিতে অনেক সংকট আছে। একটি বড় ধরনের আন্দোলন করতে গিয়ে সঠিক কর্মপরিকল্পনা করার মতো প্রজ্ঞা এই দলের নীতিনির্ধারকদের আছে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তিনি বলেন, ‘সরকার পতনের আন্দোলনের যে ঘোষণা দিয়ে জোট রাজনীতি করছে, সেখানেও বিএনপি সুদৃঢ় অবস্থানে নেই বলে আমি মনে করি। দলটি একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সুদৃঢ় অবস্থান দেখাতে পেরেছে।’কর্মসূচি পালনে দল ও জোটের নেতাদের অনীহায় ক্ষোভ: ১ মার্চ গুলশানে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে দেশের মানুষকে আহ্বান জানিয়েছিলেন। দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছিলেন। ওই দিনই তিনি ৫ মার্চ হরতাল ঘোষণা করে তা সফল করার জন্য দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের নির্দেশ দেন। কিন্তু হরতালের দিন দেখা গেল, নেতা-কর্মীরা মাঠে নেই।বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বলেন, ওই দিনের হরতালের চিত্র দেখে ক্ষুব্ধ হন খালেদা জিয়া। কিন্তু জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর সারা দেশে জামায়াত-শিবিরের হরতাল এবং একে ঘিরে সৃষ্ট তাণ্ডব ও জামায়াতের ক্ষমতা দেখে খালেদা জিয়া জোটকে আবারও শক্তিশালী করার সিদ্ধান্ত নেন। প্রথমবারের মতো সরকার পতনের আন্দোলনের সব পর্যায়ে জোটবদ্ধ কর্মসূচি পালনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়। দুই মাস পর ১৮ দলের সঙ্গে বৈঠকেও বসেন বিএনপির চেয়ারপারসন। জোটের প্রথম হরতাল হয় ৭ মার্চ। কিন্তু হরতাল পালনে বিএনপি, জামায়াত ও অন্য শরিকদের তেমন কোনো ভূমিকা দেখা যায়নি। কেন্দ্রীয় নেতারা কেউই রাজপথে ছিলেন না। সর্বশেষ ১২ মার্চ হরতালেও ছিল একই চেহারা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের হানার পরের হরতালেও বিএনপি-জামায়াত রাজপথে ছিল নীরব। দলীয় সূত্র জানায়, ১১ মার্চ রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন খালেদা জিয়া। স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, ‘খালেদা জিয়া বলেছেন, ঢাকা মহানগরের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবং জেলা ও মহানগর নেতাদের হরতালে মাঠে নামার নির্দেশ দিয়েছিলাম। আপনাদেরও বলা হয়েছিল, এখন থেকে রাজপথে থাকবেন। কিন্তু ৭ মার্চের হরতালে আপনাদের মাঠে দেখা যায়নি।’ সূত্র নিশ্চিত করে জানায়, একপর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়েই কার্যালয় ছেড়ে যান।একই দিন রাত সাড়ে নয়টার দিকে ১৮ দলীয় জোটের বৈঠকে হরতালের সময় জামায়াতের তৎপরতা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান খালেদা জিয়া। তিনি জামায়াতে ইসলামীর নেতাদের বলেন, মানবতাবিরোধী অপরাধে সাঈদীর ফাঁসির পর জামায়াত-শিবিরের কর্মীরা পথে নেমে আসেন। কিন্তু সরকার পতন বা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কেন জামায়াত মাঠে সেভাবে থাকে না? তিনি জোটের নেতা ও স্থায়ী কমিটির সদস্যদের বলেন, নির্বাচনের মাধ্যমে ১৮ দলীয় জোট ক্ষমতায় যেতে পারলে যা চান, তা করা যাবে। কিন্তু না যেতে পারলে কিছুই হবে না।জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের এক নেতা নাম প্রকাশ না করে বলেন, তাঁদের দলকে কঠিন সংকট মোকাবিলা করে চলতে হচ্ছে। সাঈদীর রায়ের পর যে ঘটনা ঘটেছে, তার সঙ্গে ওই সব এলাকার মানুষও অংশ নেয়। তার পরও জামায়াতে ইসলামী এই সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার জন্য কাজ করছে। জোট নেত্রীকে (খালেদা জিয়া) এ বিষয়টি বিবেচনার জন্য বলা হয়েছে। বৈদেশিক সম্পর্ক নিয়ে দলে টানাপোড়েন: বিএনপির নেতারা বলেছেন, গত বুধবার কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর বিএনপি আবার ধাক্কা খেয়েছে। ওই বৈঠকে ভারত ও যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি না আসায় দলের বিভিন্ন পর্যায়ে বিরূপ আলোচনা চলছে। গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে আসা মধ্যম সারির অনেক নেতা শীর্ষস্থানীয় নেতাদের কাছে এর কারণ জানতে চেয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য কয়েকজন নেতাকে বলেছেন, তাঁরা অন্য একটি কাজে ব্যস্ত ছিলেন। তাই আসেননি। বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টা প্রথম আলোকে বলেছেন, ভারতের কোনো প্রতিনিধি না আসায় তাঁরা অবাক হননি। কারণ, ভারতের মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি সৌজন্যমূলক আচরণ করেননি। তবে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি না আসায় তাঁরা সমালোচনার মধ্যে পড়েছেন বলে জানান। ওই উপদেষ্টা বলেন, বিষয়টি চেয়ারপারসনও জানতে চেয়েছেন। তবে দূতাবাসগুলো থেকে না আসার কোনো কারণ জানানো হয়নি।জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেছেন, সবাই সব সময় আসতে পারেন না। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ওই দিনের বৈঠকে আসেননি। কিন্তু তাঁরা দলের মহাসচিবের সঙ্গে আলাদা বৈঠক করবেন। তবে ভারতের প্রতিনিধি না আসার ব্যাপারে কিছু বলেননি। এর আগেও এমনটা হয়েছে। যাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাঁদের সবাই আসেননি।তবে বিএনপির বুধবারের বৈঠকের ব্যাপারে গত মঙ্গলবার রাত পর্যন্ত ভারতীয় হাইকমিশনে কোনো নিমন্ত্রণ পাঠায়নি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একাধিক কূটনৈতিক সূত্র। তবে বুধবার সকালে তাদের কাছে নিমন্ত্রণ পৌঁছেছে কি না, সে সম্পর্কে সূত্র কিছু জানায়নি।মার্কিন দূতাবাসে খোঁজ নিয়ে জানা গেছে, একই সময়ে একাধিক বৈঠকের সময়সূচি নির্ধারিত হওয়ায় বিএনপির গত বুধবার সন্ধ্যার বৈঠকে যোগ দেননি ঢাকায় কর্মরত কোনো মার্কিন কূটনীতিক।