ইউনুস খান হাতটা এমনভাবে মুশফিকুর রহিমের কাঁধে রাখলেন যেন বড় ভাই সাহস দিল ছোট ভাইকে। একটু পর ট্রফি উন্মোচন পর্বে মিসবাহ-উল-হকের পাশেও আকৃতি-শরীরী ভাষায় ছোট ভাইয়ের মতো লাগল মুশফিককে। বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডেরই কি ছবি এটা?১৯৯৯ বিশ্বকাপের জয়টা বাদ দিলে ওয়ানডে ক্রিকেটে এই একটা দলের বিপক্ষে কখনোই বাঘ হয়ে ওঠেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলও যখন বাংলাদেশের সঙ্গে সতর্ক পদক্ষেপে এগোতে শুরু করেছে, সেখানে পাকিস্তানের সামনে তারাই বোধ হয় সহজতম শিকার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শুরু তিন ওয়ানডে সিরিজের আগে তাই বড় প্রত্যাশাকে সন্তর্পণে মুড়ে রাখতে চাইছে খোদ বাংলাদেশই।ক্রিকেটে খেলার সঙ্গে সৌজন্য দেখানোরও একটা প্রতিযোগিতা থাকে। প্রতিপক্ষ যত দুর্বলই হোক, তাদের ‘দুর্বল’ বলা যাবে না। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ এখন সেই অর্থে ‘দুধভাত’ নয়ও। সংবাদ সম্মেলনে এসে কাল ইউনুস খান তাই যোগ্য প্রতিপক্ষের মর্যাদা দিলেন মুশফিকদের, ‘আমরা মোটেও আশা করছি না, সিরিজটা সহজ হবে। কাগজে-কলমে যে দলই এগিয়ে থাকুক, জিততে হলে মাঠে ভালো খেলেই জিততে হয়। সিরিজ সহজ হলো না কঠিন—এটা কেবল সিরিজ শেষেই বলা যাবে।’পাকিস্তান শিবির থেকেই যখন এমন কথা ওঠে, প্রতিপক্ষ হিসেবে মিসবাহর দলকে আরও বেশি সমীহ করাটাই স্বাভাবিক বাংলাদেশের। সেটা বাংলাদেশ করছেও। সাবেক অধিনায়ক সাকিব আল হাসান আহ্বান জানালেন এই সিরিজ নিয়ে আশার বেলুন না ওড়াতে। ‘আমরা এখানে হারতে আসিনি’ বললেও কোচ স্টুয়ার্ট ল-ও মানছেন, ‘সিরিজটা কঠিন হবে। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ একটা সিরিজ খেলে এসেছে পাকিস্তান। আমরা জানি, তাদের হারাতে হলে খুবই ভালো ক্রিকেট খেলতে হবে।’সেই ভালো খেলার পথে বাংলাদেশ দলের প্রথম অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে সম্ভবত টপ-অর্ডারের ব্যাটিং। হাঁটুতে হঠা ৎ ব্যথা পেয়ে ফিরে আসায় টি-টোয়েন্টি ম্যাচে খেলেননি তামিম ইকবাল। সেই ব্যথা আর নেই। টসের আগ পর্যন্ত সব ঠিকঠাক থাকলে আজ তামিম খেলছেন। কিন্তু খেলছেন না ইমরুল কায়েস। অনেক দিন ধরেই ফর্মের সঙ্গে যুঝতে থাকা এই বাঁহাতি ওপেনারের জন্য হয়তো এটাই নিয়তি হয়ে দাঁড়িয়েছিল। ২০০৮-এর অক্টোবরে নিউজিল্যান্ডের সঙ্গে অভিষেকের পর মাত্র তিন ম্যাচ খেলেই হারিয়ে গিয়েছিলেন ইমরুল। কিন্তু ২০১০-এর জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ দিয়ে দলে ফিরে গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত বাদ পড়েননি একবারও। এই সময়ের মধ্যে ইমরুল খেলেছেন ৪৪টি ওয়ানডে, বাংলাদেশও ৪৪টিই।ইমরুলের পরিবর্তে এই ম্যাচে তামিমের ওপেনিং সঙ্গী হচ্ছেন আরেক বাঁহাতি শাহরিয়ার নাফীস। আর পরশুর টি-টোয়েন্টিতে ওপেন করা নাঈম ইসলাম নেমে আসছেন তিন নম্বরে এবং ওই ম্যাচে তিন নম্বরে খেলা অলক কাপালি চলে যাচ্ছেন একাদশেরই বাইরে! কাল সন্ধ্যার টিম মিটিংয়ে চূড়ান্ত হওয়া একাদশে আরও নেই পেসার নাজমুল হোসেন ও অলরাউন্ডার ইলিয়াস সানি।ব্যাটিং-অর্ডারে এতটা ওলট-পালটের পক্ষে নন স্টুয়ার্ট ল। কিন্তু কী করবেন? কেউ খেলার আগ মুহূর্তে হাঁটুর ব্যথায় আক্রান্ত হয়, কেউ বা সুযোগ পেয়েও সেটাকে আস্তাকুঁড়ে ছুড়ে দেয়! কাল দুপুরের সংবাদ সম্মেলনে অলকের টি-টোয়েন্টির ব্যাটিং নিয়ে হতাশাই ঝরল কোচের কণ্ঠে, ‘অলকের তিন নম্বরে খেলায় কোনো সমস্যা দেখিনি আমি। এটা বরং তার জন্য একটা সুযোগ ছিল। কিন্তু গত (পরশু) রাতে যা হলো, তা দুর্ভাগ্যজনক।’ কারণটা কোচ নিজেও বোঝেন। তামিম না খেলায় দলে ঢুকে হুট করেই তিন নম্বরে খেলতে হয়েছিল অলককে। ‘...খেলোয়াড়দের মনে এসব জিনিস কাজ করে থাকতে পারে। আপনি কোন জায়গায় ব্যাট করবেন, সেটা জানা জরুরি। দুর্ভাগ্যজনকভাবে গতকাল (পরশু) সেটা হয়নি’—বলেছেন বাংলাদেশ কোচ।অনেক কাটাছেঁড়ার পর আজ অবশ্য সবাই জানেন কার কী দায়িত্ব। মাঠে গিয়েও তাঁরা দায়িত্বটা পালন করবেন, দর্শকও সে আশা নিয়েই স্টেডিয়ামমুখী হবে। কাগজে-কলমের শক্তিমত্তায় পাকিস্তানের সঙ্গে মুশফিকের দলের যতই ছোট ভাই-বড় ভাই সম্পর্ক থাকুক, এই সিরিজ নিয়ে দর্শকদের উ ৎ সাহের কমতি নেই। টি-টোয়েন্টি ম্যাচে স্টেডিয়ামের গেটে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আজ তাই বিসিবি তাদের কিছুটা নির্ঝঞ্ঝাটে খেলা দেখার সুযোগ করে দিচ্ছে। খেলা দুপুর দেড়টায় শুরু হলেও গ্যালারির প্রবেশদ্বার খোলা হবে সকাল সাড়ে ১০টায়। কাউন্টারে টিকিট পাওয়া যাবে ১০টা থেকে।