কঠিন স্বপ্নটাই দেখছে সাকিবের বাংলাদেশ
বীরেন্দর শেবাগের সঙ্গে এই প্রথম সরাসরি দ্বিমত করলেন কোনো ভারতীয় ব্যাটসম্যান। দিন শেষে হাসপাতালে যাওয়ার জন্য স্টেডিয়ামের বাইরে অপেক্ষমাণ গাঢ় নীল গাড়িটিতে ওঠার আগে বলে গেলেন, ‘খুবই ভালো বল করছে তোমাদের বোলাররা। আলাদা করে কারও নাম বলব না। সবাই ভালো করছে। সবার বলই কোনো না-কোনোভাবে সমস্যায় ফেলেছে আমাদের।’শেবাগের সঙ্গে একটা লড়াইয়ে তাহলে জিতেই গেল বাংলাদেশ! খুব ‘অর্ডিনারি’ বোলিং হলে তো আর বিশ্বসেরা টেস্ট দলের কোনো ব্যাটসম্যান এমন কথা বলেন না। প্রথম ইনিংসে ভারতের ১০ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট। শেবাগ কাল ইনিংস ঘোষণার ‘চালাকি’টা না করলে হয়তো বাকি দুটি উইকেটও তুলে নেওয়া যেত। কী আর করা! সেটা যখন হলোই না এখন শেষ লড়াইটাতেই জিততে চায় বাংলাদেশ। ব্যাটিং ছাড়ার আগে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৪১৩ রান করে ৪১৪ রানের লিড নিয়েছে ভারত। ওই রানের পাহাড় টপকানোই বাংলাদেশের জন্য শেষ লড়াই। বাংলাদেশ কি পারবে এতে জিততে? অধিনায়ক সাকিবসহ গোটা দলের আশা, পারবে।তবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল যেখানে দাঁড়িয়ে চতুর্থ দিনটা শেষ করল বাংলাদেশ, সেখান থেকে স্বপ্ন দেখা একটু কঠিনই। চা-বিরতির পর আর ২৮ মিনিট ব্যাট করে ইনিংস ঘোষণা করেছে ভারত। এরপর ১৮ ওভার ব্যাটিং করে দিন শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৬৭ রান। জেতার জন্য আজ শেষ দিনে বাংলাদেশকে করতে হবে ৩৪৮ রান, ভারতের চাই ৮ উইকেট। দিন শেষে কোনটা সহজ প্রমাণিত হয়, এখন সেটাই দেখার অপেক্ষা।কাল বাংলাদেশের ব্যাটসম্যানদের তাড়াহুড়া দেখে অবশ্য মনে হচ্ছিল প্রথমটাই বুঝি বেশি সহজ। কোচ বাজে বলে মারার মন্ত্র জঁপে দিয়েছেন। ব্যাটসম্যানদের কাছে যেন জহির খান-শ্রীশান্তদের সব বলই বাজে মনে হচ্ছিল! ইমরুল কায়েস দলকে মাত্র ৮ রানে রেখে জহির খানের বলে কট বিহাইন্ড, শাহরিয়ার নাফীস দুবার ‘জীবন’ ফিরে করতে পারলেন ২১ রান। ব্যক্তিগত ৫ ও ১৫ রানে জহির খানের বলে স্লিপে তাঁর ক্যাচ ফেলেছেন ভিভিএস লক্ষ্মণ। পরেরবার তো ক্যাচ নিতে গিয়ে ফাটিয়ে ফেলেছেন হাতই। ম্যাচ শেষে ওই হাতে সেলাই দিতেই হাসপাতালে যেতে হয়েছে তাঁকে।ভারতের জন্য লক্ষ্মণের ইনজুরি হয়তো একটা দুঃসংবাদ, তবে বাংলাদেশের জন্য ৪৭ রানের মধ্যে ২ উইকেট হারানোও কম দুঃসংবাদ নয়। শেষ দিনে ওই দুঃসময় কাটিয়ে বাংলাদেশ কতটা এগিয়ে যেতে পারে সেটা অনেকখানিই নির্ভর করছে উইকেটে থাকা দুই অপরাজিত ব্যাটসম্যান তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুলের ওপর।মুখে বাংলাদেশের বোলারদের যতটা সাধারণ মানে নামিয়ে আনতে চেয়েছিলেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক, কাজে-কর্মে তাঁরা সেটা কমই পারলেন। ওপেনার গৌতম গম্ভীর টানা ১০ টেস্টে পঞ্চাশের বেশি রানের ইনিংস খেলার সঙ্গে টানা পঞ্চম টেস্টে পেলেন সেঞ্চুরি। আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে উইকেটে নামা অমিত মিশ্রর প্রথম টেস্ট ফিফটি কিংবা লক্ষ্মণের অপরাজিত ৬৯ রান আর যা-ই হোক ‘অর্ডিনারি’ বোলিংয়ের বিপক্ষে বিশ্বসেরা ব্যাটিংয়ের সর্বোচ্চ সামর্থ্য প্রমাণের জন্য যথেষ্ট নয়। দলের পক্ষে সর্বোচ্চ জুটি বলতে দ্বিতীয় উইকেটে গম্ভীর-মিশ্রর ৯৮ রান। জুটিটা গড়ে উঠল বাংলাদেশি ফিল্ডারদের হাত ফসকে এই দুই ব্যাটসম্যানেরই ক্যাচ পড়ার পর। ব্যক্তিগত ৫৫ রানে শর্ট লেগে সাকিবের বলে গম্ভীরের ক্যাচ ফেলেছেন ইমরুল। আর মিশ্র নিজের ৪১ রানের সময় সাকিবের বলেই বেঁচে গেছেন স্লিপে দাঁড়ানো শাহরিয়ারের হাত ফসকে। মিশ্র নতুন জীবন কাজে লাগাতে না পারলেও কাজটা ভালোভাবেই করেছেন গম্ভীর। ১১৮ বলে ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেছেন সাকিবকে লং অন দিয়ে ছক্কা মেরে। দিন শেষে সাকিবকে ওই ছক্কার জন্য ধন্যবাদ দিতেই কি ভারতীয় ড্রেসিংরুমে তাঁকে ডেকে নিয়েছিলেন গম্ভীর?টেস্ট ক্রিকেটে প্রথম উইকেটের আনন্দ এমনিতেই বেশি। সেই উইকেটটি একজন সেঞ্চুরিয়ানের বলেই আনন্দ আরও বেড়ে যাওয়ার কথা শফিউলের। ইনিংসের ৪৮তম ওভারে তাঁর বলেই কাট করতে গিয়ে ভারতের গম্ভীর থার্ডম্যানে ক্যাচ হয়েছেন শাহরিয়ারের। শফিউলের চেয়ে কম আনন্দ নয় বাংলাদেশের আরেক পেসার রুবেল হোসেনের। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শচীন টেন্ডুলকারকে মাত্র ১৬ রানে ফিরিয়ে দিয়ে তীব্র উচ্ছ্বাসে মেতে ছিলেন তিনি।কুয়াশায় ঢেকে যাওয়া আগের সময় পুষিয়ে নিতে আজ খেলা শুরু হওয়ার কথা সকাল ৯টায়। আলো নিয়ে সমস্যা না থাকলে খেলা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে জয়ের জন্য সর্বোচ্চ ৯৮ ওভার ব্যাট করার সুযোগ পাবে বাংলাদেশ দল। তবে সকালে যেমন ঘনঘটা থাকছে কুয়াশার, তাতে পুরো ৯৮ ওভার খেলা হওয়ার সম্ভাবনা কমই। জয়ের চেয়ে এই টেস্টে বাংলাদেশের কাছে ড্র-টাই বেশি সহজ হওয়ার কথা।