কঠোর অবস্থানে বিএনপি
মহাজোট সরকারের দুই বছর পার না হতেই সরকারবিরোধী ‘সর্বাত্মক’ আন্দোলনের দিকে এগোতে চায় প্রধান বিরোধী দল বিএনপি।বিএনপির সূত্রগুলো জানায়, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে ‘উচ্ছেদ’ করার পরিপ্রেক্ষিতে বিএনপি কঠোর অবস্থানের দিকে যাচ্ছে। শিগগিরই বিভিন্ন দাবিতে বিক্ষোভ-মিছিল, রোডমার্চ, লংমার্চ, জনসভাসহ বিভিন্ন কর্মসূচি দেওয়ার কথা ভাবা হচ্ছে। এ ক্ষেত্রে সরকারের ব্যর্থতার অভিযোগ করে মধ্যবর্তী নির্বাচনের দাবি তোলা হবে বলে জানা গেছে।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, তাঁরা সরকার পতনের সর্বাত্মক আন্দোলনে যাচ্ছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আপাতত রোডমার্চ, লংমার্চ ও জনসভা করার কথা চিন্তা করছি। পরিবর্তিত পরিস্থিতিতে হরতালও হতে পারে। এ জন্য শিগগির আমাদের দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকা হবে। বৈঠকে দলের নীতি-নির্ধারকেরা এই ব্যর্থ, অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করবেন।’বিএনপির স্থায়ী কমিটির একজন প্রভাবশালী সদস্য গতকাল প্রথম আলোকে বলেন, সরকারবিরোধী ‘সর্বাত্মক’ আন্দোলনের ধরন কেমন হবে, এ নিয়ে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে এখনো আলোচনা হয়নি। তবে দলের শীর্ষপর্যায়ে কিছু আলোচনা হয়েছে। স্থায়ী কমিটিতে কর্মসূচি ও আন্দোলনের কলাকৌশল চূড়ান্ত করা হবে। গতকাল পর্যন্ত স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকের দিন-তারিখ ঠিক হয়নি।বিএনপির আরেক কেন্দ্রীয় নেতা জানান, তাঁরা শুধু খালেদা জিয়ার ‘বাড়ির’ কারণে আন্দোলনে যাচ্ছেন, জনমনে এমন একটা ধারণা সৃষ্টি করতে সরকারি দল প্রচার চালাচ্ছে। কিন্তু বিএনপি এখন যে ‘সর্বাত্মক’ আন্দোলনের কথা ভাবছে, তাতে অন্যতম প্রধান দাবি হবে মধ্যবর্তী নির্বাচন। আর এতে সাংগঠনিক যতটুকু শক্তি-সামর্থ্য আছে, তা পুরোপুরি কাজে লাগানোর প্রস্তুতিও শুরু করেছে দলটি। এর মধ্যে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের ঢাকা মহানগরের নেতা-কর্মীদের সংগঠিত ও দলীয় কর্মসূচি সফল করার প্রস্তুতি নিতে শীর্ষ নেতৃত্ব থেকে দায়িত্বশীল নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।দলের আরেকটি সূত্র জানায়, সাংগঠনিক বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এত দিন বিএনপি সরকারবিরোধী আন্দোলনের ক্ষেত্রে কিছু রক্ষণশীল পন্থা অবলম্বন করে আসছিল। কিন্তু গত ১৩ নভেম্বর ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে চেয়ারপারসনকে ‘উচ্ছেদের’ পর দলীয় নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা মনে করছেন, এখনই সর্বশক্তি নিয়ে মাঠে নামার সময়। তা না হলে সরকার বিএনপিকে আরও চাপে ফেলবে, দাঁড়াতে দেবে না।জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘এটা স্বাভাবিক যে আমাদের সর্বাত্মক আন্দোলনে যেতে হবে। মানুষের অধিকার রক্ষায় আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই। আর দেশের মানুষও সেটা আশা করে। আমরা তো মানুষকে আশাহত করতে পারি না।’দলটির অন্য এক নেতা অভিযোগ করেন, বিরোধী দলকে সরকার রাস্তায় নামতে দিচ্ছে না, মিছিল করতে দিচ্ছে না। দ্রুত বিচারে মামলা দিচ্ছে। এ রকম মামলায় বিএনপির কিছু নেতাকে সাজা দেওয়ার পাঁয়তারা চলছে, যাতে তাঁরা আগামী নির্বাচনে অংশ নিতে না পারেন। এ জন্য একটি সংস্থা তালিকা তৈরি করছে। তাঁর মতে, এ অবস্থায় বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে না পারলে বিএনপিকে একেবারে কোণঠাসা করে ফেলবে সরকার।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও আন্দোলনের মধ্য দিয়ে কঠোর অবস্থানে যাওয়ার পক্ষে। তিনি মনে করেন, বিভিন্ন কারণে সরকারের প্রতি মানুষের ক্ষোভ বাড়ার পাশাপাশি বিএনপির প্রতি সমর্থন বাড়ছে। এ পরিস্থিতিকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে হবে। তিনি কয়েকজন ঘণিষ্ঠ নেতাকে বলেছেন, তিনি আর জাতীয় সংসদে ফিরতে চান না।সূত্রগুলো জানায়, তবে এখনই সরকার পতনের ডাক নয়, দলটি মধ্যবর্তী নির্বাচনের দাবিকে অগ্রাধিকার দিয়ে রাজনৈতিক কর্মসূচির দিকে যেতে চায়। একই সঙ্গে ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট ও বন্দর ব্যবহারসহ ভারতের সঙ্গে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গ্যাস-পানি-বিদ্যুৎ সংকটের মতো বিষয়ও তুলে ধরা হবে। তবে খালেদা জিয়ার বাড়ি ও দুই ছেলের মামলার বিষয়টি বক্তব্য-বিবৃতির মাধ্যমে তুলে ধরা হবে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের আন্দোলন শুধু বাড়িকে কেন্দ্র করে নয়; দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার চরম অবনতি, গ্যাস-পানি-বিদ্যুৎ সংকট, অর্থনৈতিক মন্দা পরিস্থিতি, সরকারের লুটপাট, হামলা-মামলা, নির্যাতন ও দেশবিরোধী চুক্তি এবং সর্বোপরি এ সরকারের দুঃশাসনের হাত থেকে মানুষকে মুক্ত করতেই আমাদের আন্দোলন।’অবশ্য মির্জা ফখরুল দাবি করেন, খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাসা থেকে ‘উৎখাতের’ ঘটনায় মানুষ ক্ষুব্ধ হয়েছে। হরতাল পালন করে জনগণ সরকারের এই কর্মকাণ্ডের প্রতি ঘৃণা ও ধিক্কার জানিয়েছে। তিনি বলেন, ‘এ রকম পরিস্থিতিতে পিছু হটার সুযোগ নেই। দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা অলআউট আন্দোলনে যাচ্ছি। সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করার পথে নেমেছে। এখন চুপ করে বসে থাকার সময় নেই।’