কঠোর কর্মসূচি অব্যাহত রাখতে চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজপথে কঠোর কর্মসূচির ধারা অব্যাহত রাখবে বিএনপি। চলতি মাসে আরও হরতাল দেওয়ার চিন্তাও রয়েছে বলে দলটির একাধিক সূত্র থেকে জানা গেছে।তবে মঙ্গলবার রাতের ১৮ দলীয় জোটের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে কর্মসূচি পালন করা হবে জোটগতভাবে। এর আগে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠার পর জামায়াতকে সঙ্গে নিয়ে কর্মসূচি পালন থেকে দূরে থাকার কৌশল নিয়েছিল বিএনপি। এখন ১৮ দলীয় জোটের ব্যানারে কর্মসূচি পালনের সিদ্ধান্তের মধ্য দিয়ে আগের কৌশল থেকে সরে এসেছে দলটি। তবে জামায়াত জোটের বাইরে এককভাবেও কিছু কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।কাল শুক্রবার ‘সরকারি বাহিনীর গণহত্যার শিকার শহীদ’ ও আহত ব্যক্তিদের জন্য সারা দেশে দোয়া দিবস পালনের কর্মসূচি দিয়েছে জামায়াত। আর ‘পুলিশ ও র্যাবের গুলিতে নিহতদের’ স্মরণে আগামী শনিবার রাজধানীর নয়াপল্টনে ‘গায়েবানা জানাজা’ কর্মসূচি রয়েছে ১৮ দলের জোটগতভাবে। পরদিন রোববার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলের কেন্দ্রীয় সাত নেতার জামিনের জন্য উচ্চ আদালতে যাওয়ার কথা রয়েছে।বিএনপি ও জামায়াতের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, গায়েবানা জানাজা কর্মসূচিতে বাধা দেওয়া হলে অথবা পরদিন উচ্চ আদালতে বিএনপির নেতাদের জামিন মঞ্জুর না হলে আগামী সপ্তাহে আবার হরতাল ডাকার চিন্তা রয়েছে।অবশ্য ১৮ দলের পরবর্তী কর্মসূচি ঠিক করতে আজ বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক বসে। এর আগের রাতের জোটের বৈঠকে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনে নামার সিদ্ধান্ত হয়েছে। জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলো ডটকমকে বলেন, ‘এক দফা নয়, যেকোনো দফার জন্য বিএনপি প্রস্তুত রয়েছে। বিরোধী দলের আন্দোলন দমন করতে সরকার যে কৌশল নেবে, বিরোধী দলও সময়মতো পাল্টা কৌশল গ্রহণ করবে।’