কঠোর কর্মসূচি উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের
দাবি আদায়ে আমরণ অনশন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ। আগামী ২২ জানুয়ারির মধ্যে উপজেলা পরিষদকে কার্যকর না করলে ঢাকায় এ কর্মসূচি শুরু করবেন তাঁরা। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভা থেকে পরিষদ এ ঘোষণা দেয়।এতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা উপজেলা আইনে নির্বাহী কর্মকর্তাকে পরিষদের মুখ্য কর্মকর্তা এবং চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অপসারণের যে বিধানের প্রস্তাব করা হয়েছে, তা সংসদে পাস না করার দাবি জানান। এ ছাড়া তাঁদের সাত দফা দাবির মধ্যে রয়েছে উপজেলা পরিষদে সাংসদ ও নির্বাহী কর্মকর্তাদের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা, বিধান অনুযায়ী সরকারের ১০টি মন্ত্রণালয়ের ১৩টি বিভাগ উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করা, পরিষদের ক্ষমতা খর্ব করে জারি করা বিভিন্ন পরিপত্র বাতিল করা, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ভাতা বাড়ানো ইত্যাদি।ঐক্য পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা পড়ে শোনান পরিষদের সভাপতি আবদুল মজিদ। তিনি বলেন, ‘আগামী ২২ জানুয়ারি আমরা কাফনের কাপড় পরে ঢাকায় অনশন কর্মসূচি পালন করব। যতক্ষণ পর্যন্ত না দাবি মানা হয়, অনশন ততক্ষণ চলবে। সংসদের চলতি অধিবেশনেই আইন সংশোধন করে বিল পাস করতে হবে।’অনুষ্ঠানের প্রধান অতিথি কামাল হোসেন বলেন, ‘সংবিধান অনুযায়ী সব ক্ষমতার মালিক জনগণ। এ ক্ষমতা প্রয়োগ করবেন জনগণের দ্বারা নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধিরা। কেন্দ্রীয় সরকারে কাছে ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য দেশ স্বাধীন করা হয়নি। স্থানীয় সরকারের জন্য ব্যর্থতার দায় শুধু আমলাদের ওপর চাপালে চলবে না। আমলাদের চেয়ে এর দায় মন্ত্রী-সাংসদদের অনেক বেশি। কারও দয়া-মায়ার জন্য আবেদন করছি না। সংবিধানে দেওয়া অধিকারের কথা বলছি। এখনো দুই বছর সময় আছে, উপজেলাকে কার্যকর করতে হবে। সেটা না হলে উপজেলা চেয়ারম্যানদের কাজ হবে গ্রামে গ্রামে, ঘরে ঘরে গিয়ে আন্দোলন গড়ে তোলা।’বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সংবিধানে আছে স্থানীয় উন্নয়নের কাজ করবে স্থানীয় সরকার প্রতিষ্ঠান। সাংসদেরা আইন প্রণয়ন এবং সরকারের কাজে তদারকি করবেন। গম বিতরণ তাঁদের কাজ নয়। কিন্তু সাংসদেরা তাই করছেন। এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য কঠোর আন্দোলন ছাড়া অন্য কোনো উপায় নেই।’আওয়ামী লীগের নেতা মাহমুদুর রহমান মান্না উপজেলার জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘সাংসদেরা আপনাদের ক্ষমতা দিতে রাজি নন। তাঁদের সঙ্গে রয়েছেন দুই নেত্রী। ক্ষমতার মালিকও তাঁরা। এ অবস্থায় দাবি আদায়ে আন্দোলনের পাশাপাশি আইনি ব্যবস্থাও নিতে হবে।’অনুষ্ঠানে অন্যান্যের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন এবং বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান মহিবুর রহমান বক্তব্য দেন।