কঠোর নিরাপত্তার মধ্যে মুক্তি পেল মাই নেইম ইজ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে আজ শুক্রবার মুম্বাইয়ে মুক্তি পেল বলিউড তারকা শাহরুখ খানের নতুন ছবি মাই নেইম ইজ খান। মুম্বাইয়ের ৬৩টি স্থানে ছবিটি মুক্তির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের সময় উগ্র হিন্দু জাতীয়তাবাদী দল শিবসেনার কমপক্ষে এক হাজার ৮০০ কর্মীকে আটক করেছে পুলিশ। ছবি মুক্তি দেওয়া উপলক্ষে দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ ২১ হাজার পুলিশ নিয়োগের ঘোষণা দিয়েছে। এর পরও অনেকগুলো হল ছবিটি প্রদর্শনের জন্য আগাম বুকিং নেওয়া বন্ধ রেখেছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, মুম্বাইয়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা হিমাংশু রায় বলেছেন, প্রয়োজনে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টি-২০ ম্যাচসংক্রান্ত মন্তব্যের কারণে শাহরুখ খান মুসলমান বিদ্বেষী শিবসেনার বিরাগভাজন হন। আগামী ১২ মার্চ থেকে শুরু হওয়া আইপিএলের তৃতীয় আসরে কোনো পাকিস্তানি খেলোয়াড়কে না নেওয়ায় গত মাসে শাহরুখ খান দুঃখ প্রকাশ করেছিলেন। আর শাহরুখের এই মন্তব্য নিয়ে রাজনীতি করছে শিবসেনা। আইপিএলের আটটি দলের একটি কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান। শাহরুখ তাঁর মন্তব্যে অবিচল থাকলেও মাই নেইম ইজ খান ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা চেয়েছেন। তিনি গত সপ্তাহে লন্ডনে সাংবাদিকদের বলেন, ‘আমি চাই ছবিটিকে বাদ দিয়ে আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে কথা বলা হোক।’ তবে হিন্দুদের বিভিন্ন বিষয় সমর্থনকারী মহারাষ্ট্রভিত্তিক রাজনৈতিক দল শিবসেনা তাদের এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।