কড়া নিরাপত্তার মধ্যেও বোমায় নিহত ৭
পাকিস্তানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরও আজ শনিবার রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। পবিত্র আশুরা উপলক্ষে আজ সকালে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় দেরা ইসমাইল খান শহরে শিয়া সম্প্রদায়ের একটি শোভাযাত্রা বের হলে এ ঘটনা ঘটে। রয়টার্স, আল জাজিরা ও ডন অনলাইনের খবরে এ কথা জানানো হয়।দেরা ইসমাইল খান শহরটি আল-কায়েদার সঙ্গে জড়িত একটি উগ্রপন্থী সুন্নি দলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। পাকিস্তানে গত এক সপ্তাহে আশুরা সামনে রেখে চালানো হামলায় ১২ জনের বেশি লোক নিহত হয়েছে। চলতি মাসে শিয়াদের ওপর আরও হামলা চালানোর হুমকি দিয়েছে উগ্রপন্থী সুন্নী মুসলিমরা।পবিত্র আশুরায় বড় ধরনের নাশকতার আশঙ্কায় আজ শনিবার ও আগামীকাল রোববার পাকিস্তানের ৫০টি শহরে মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। আশুরার নিরাপত্তা রক্ষা বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের রেহমান মালিক বলেন, শনি ও রোববার সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত ৫০টি শহরে মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ থাকবে। রাওয়ালপিন্ডি ও রাজধানী ইসলামাবাদের কয়েকটি এলাকায় মোবাইল বন্ধ রাখা হবে বলেও জানানো হয়। বেসরকারি মোবাইল নেটওয়ার্কের পাশাপাশি দেশটির সরকারি টেলিফোন সংস্থা পিটিসিএলের ওয়্যারলেস ফোনও এর আওতায় থাকবে বলে জানান তিনি।মালিক বলেন, আশুরা সামনে রেখে গত দুই সপ্তাহ ধরে যেসব বোমা হামলার ঘটনা ঘটেছে, এর অধিকাংশই মোবাইল ফোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। আশুরায় শিয়া মুসলিমদের নিরাপত্তা রক্ষায় প্রাদেশিক সরকারগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।আশুরাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা ইসলামাবাদ, করাচি ও কোয়েটা শহরে বড় ধরনের হামলা চালানোর ষড়যন্ত্র করছে—সরকারের কাছে এমন তথ্য রয়েছে বলে জানান রেহমান মারিক। তিনি জানান, ধ্বংসাত্মক বিস্ফোরক যন্ত্র রাখা কোনো ব্যক্তির সন্ধান দিতে পারলে সন্ধানদাতাকে ৫০ লাখ রুপি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গতকাল থেকে আগামী রোববার পর্যন্ত তিনদিন হায়দ্রাবাদ ও কোয়েটা শহরে মোটর সাইকেল চালানোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অবশ্য সংবাদপত্র বিক্রেতারা তাদের পরিচয়পত্র ব্যবহারের মাধ্যমে মোটর সাইকেল ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়। ঘোড়ার গাড়ি চালানোর ওপরও এ তিনদিন নিষেধাজ্ঞা বহাল থাকবে।