আমার প্রিয় ব্যক্তিত্ব কণিকা বন্দ্যোপাধ্যায়। আমার গানের গুরু তিনি। পরিচিত মহলে তাঁকে সবাই মোহরদি নামে চিনত। শান্তিনিকেতনে ১৯৭৫-১৯৮১ পর্যন্ত এই মানুষটির সান্নিধ্যে থাকার সুযোগ হয়েছে আমার। বাড়িতে যে মানুষটির রেকর্ড শুনতাম, প্রথমবার তাঁকে দেখার কথা এখনো মনে পড়ে। কেমন মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে ছিলাম। একদম অন্য রকম মানুষ ছিলেন তিনি। তাঁকে গুরু হিসেবে পাওয়া ছিল পরম সৌভাগ্যের বিষয়। সব সময় পাশে থেকে আমাকে সংগীতের নানা অজানা দিক শিখিয়েছেন, খুবই যত্ন করে। সংগীত অন্তঃপ্রাণ এই মানুষটিকে যতই দেখতাম, ততই মুগ্ধ হতাম। খুব সাদামাটা একটা মানুষের কী অসাধারণ ব্যক্তিত্ব! ১৯৯১ সালের দিকে, এক বছরের জন্য আবার তাঁর কাছে গেলাম। এর আগেই তিনি খবর পাঠিয়েছিলেন, তাঁর শরীর ভালো যাচ্ছে না। অথচ তখনো আমাদের তাঁর অনেক কিছু দেওয়ার আছে। আমার দুই সন্তানই তখন ছোট। ওদের রেখে যাওয়াও সম্ভব নয়। কীভাবে যাব বুঝতে পারছিলাম না। কিন্তু মন বলছে আমাকে যেতেই হবে। শেষে দুই সন্তান আর ওদের দেখভালের জন্য একজনকে নিয়ে চলে গেলাম শান্তিনিকেতনে। এক বছর থাকতে হলো। আমরা গিয়ে কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই উঠলাম। বেশ কিছুদিন সেখানে ছিলাম। সে সময় সম্পর্কটা ঠিক গুরু-শিষ্যের মতো ছিল না। অনেকটা মা-মেয়ের মতো হয়ে যায়। তাঁর প্রতি কতটা নির্ভরতা, ভালোবাসা আর শ্রদ্ধা যে আমায় জুড়ে আছে, সেটি ভাষায় প্রকাশ করা যাবে না। মোহরদির সঙ্গে কাটানো প্রতিটি দিনই আমার জীবনের বিশেষ দিন। তাঁর কাছ থেকে শুধু গান শেখা নয়, রবীন্দ্রনাথের গানের অন্তর্নিহিত অর্থ বোঝা, তাঁর দর্শন জানা—সবই তাঁর কাছ থেকেই তো জানা। আমি আজ এত দূর আসতে পেরেছি শুধু তাঁর জন্যই। মোহরদির পরামর্শে এবং অনুপ্রেরণায় ১৯৯২ সালে সংগীত বিদ্যালয় ‘সুরের ধারা’ প্রতিষ্ঠা করি। এখনো মোহরদির নির্দেশিত পথে চলতে চেষ্টা করছি। এখানেও গুরু-শিষ্য পরম্পরা যেন থাকে সেদিকে খেয়াল রেখেছি। ২০০০ সালে ৭৬ বছর বয়সে আমাদের একা করে চলে গেছেন মোহরদি। তাঁর বিদায়ে মনে হয়েছে আমি একজন গুরু, অভিভাবক ও বন্ধু হারিয়েছি। যেকোনো সংকটময় মুহূর্তে মোহরদিকে মনে পড়ে। আগে যেকোনো সমস্যায় তাঁর কাছে ছুটে যেতাম। এখন তিনি নেই, তাই মাঝেমধ্যে খুব অসহায় লাগে। ভাবি, দিদি থাকলে কী বলতেন, কী পরামর্শ দিতেন এ সময়ে...। মনে মনে মোহরদিকে অনুভব করার চেষ্টা করি, মনে হয় তিনি যেন আশপাশেই আছেন।