কণ্ঠশীলনের নরেন বিশ্বাস স্মরণ
সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার সংগঠন কণ্ঠশীলন বাকশিল্পী নরেন বিশ্বাসের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণানুষ্ঠান ও পদক বিতরণের আয়োজন করেছিল গতকাল রোববার। সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিল্পী কাইয়ুম চৌধুরী। আবৃত্তিশিল্পী তারিক সালাহউদ্দিন মাহমুদকে ২০১১ সালের ‘নরেন বিশ্বাস’ পদক দেওয়া হয়।অনুষ্ঠানে আলোচনা করেন কামরুল ইসলাম, মীর বরকত, গোলাম সারওয়ার প্রমুখ। পরে আবৃত্তি করেন রফিকুল ইসলাম, বেলায়েত হোসেন, আহকাম উল্লাহ, রেজিনা ওয়ালী, মাসকুরে সাত্তার, মজুমদার বিপ্লব, তামান্না তিথি প্রমুখ।বাকশিল্পী নরেন বিশ্বাস ১৯৯৮ সালের ২৭ নভেম্বর পরলোকগমন করেন। নরেন বিশ্বাসের স্মৃতিরক্ষার্থে কণ্ঠশীলন ১৯৯৯ সাল থেকে এই দিনে বাকশিল্পীদের কাজের স্বীকৃতি ও অনুপ্রেরণা দিতে এই পদক প্রবর্তন করে।