কণ্ঠস্বর রোধ করতেই এই মিথ্যা অভিযোগ বললেন হামিদ মির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের জিয়ো টিভির নির্বাহী সম্পাদক হামিদ মিরের সঙ্গে তালেবানের যোগাযোগের অভিযোগ করেছে ডেইলি টাইমস পত্রিকা। এ অভিযোগ অস্বীকার করে হামিদ মির ওই পত্রিকাকে ১৪ দিনের মধ্যে লিখিতভাবে ক্ষমা চাওয়ার ও সম্মানহানির কারণে ২৫ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন। পত্রিকাটির পাশাপাশি পাকিস্তানভিত্তিক টেলিভিশন চ্যানেল বিজনেস প্লাসের প্রধান নির্বাহীকেও আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।হামিদ মির পাকিস্তানের জং গ্রুপের টেলিভিশন জিয়ো টিভিতে কর্মরত। হামিদ মিরের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে এই গ্রুপের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক বিবৃতিতে এ ব্যাপারে সত্য উদ্ঘাটনের জন্য সাংবাদিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। হামিদ মির নিজেও এই তদন্ত কমিটিকে সাহায্য করবেন বলে জানিয়েছেন।ডেইলি টাইমস-এর গত রোববারের সংস্করণে প্রকাশিত একটি খবরে বলা হয়, হামিদ মিরের সঙ্গে তালেবানদের যোগাযোগ রয়েছে। সম্প্রতি পাকিস্তানে নিহত সাবেক গোয়েন্দা কর্মকর্তা খালিদ খাজার মৃত্যুর সঙ্গে তিনি জড়িত। এ ব্যাপারে তালেবানের অচেনা এক জঙ্গির সঙ্গে একজন সাংবাদিকের কথপোকথনের একটি অডিও টেপের ধারাবর্ণনাও ওই সংবাদে প্রচার করা হয়। সূত্রের বরাত দিয়ে পত্রিকাটিতে দাবি করা হয়, ওই সাংবাদিকের কণ্ঠস্বর হামিদ মিরের। খবরে আরও বলা হয়, পাকিস্তান কর্তৃপক্ষ অডিও টেপের কণ্ঠস্বর হামিদ মিরের কি না, তা নিশ্চিত করতে তদন্ত করছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ডেইলি টাইমস পত্রিকাটির প্রকাশক পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসির। পারভেজ মোশাররফের সময় নিয়োগ পাওয়া তাসিরের পাকিস্তানের ক্ষমতাসীনদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। এবং একটি অডিও টেপের ভিত্তিতে এই অভিযোগ আনা হয় খালিদ খাজা নিহত হওয়ার তিন সপ্তাহ পর। খালিদ খাজা নিহত হন গত ৩০ এপ্রিল।এ ব্যাপারে ই-মেইলে যোগাযোগ করা হলে হামিদ মির বলেন, তাঁর কণ্ঠস্বর রোধ করতেই এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তিনি জানান, অপহূত রাজনৈতিক কর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে ৫ মে তিনি পাকিস্তানের পার্লামেন্টের সামনে টেলিভিশন শো করেন। সেখানে শাকিল তুরাবি নামের এক সাংবাদিক দাবি করেন, তাঁর ছেলেকে অপহরণ করেছে সেনাবাহিনী। উল্লেখ্য, হামিদ মির জিয়ো টিভিতে ক্যাপিটল টক নামের একটি নিয়মিত অনুষ্ঠান করেন। তিনি আরও বলেন, যে অডিও টেপের ভিত্তিতে এ অভিযোগ আনা হয়েছে, তা একেবারেই সাজনো এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটা করা সম্ভব।এ ছাড়া গত ২৬ এপ্রিল দ্য নিউজ পত্রিকায় প্রকাশিত হামিদ মিরের একটি লেখায় নাদিম এজাজ নামের সেনাবাহিনীর একজন কর্মরত জেনারেলের বিরুদ্ধে বেনজির ভুট্টো হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়। পাকিস্তান সেনাবাহিনীর মিলিটারি ইন্টেলিজেন্স বিভাগের মহাপরিচালক জেনারেল এজাজ সম্পর্কে অভিযোগের অঙ্গুলি নির্দেশ করা হয় জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে। এ অভিযোগ প্রকাশের পর পাকিস্তানের সব রাজনৈতিক দল জেনারেল এজাজের বিরুদ্ধে তদন্ত শুরু করতে একজোট হয়। কিন্তু সরকার ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারেনি।হামিদ মিরের দাবি, এ দুটি ঘটনার পর তাঁর বিরুদ্ধে তালেবানের সঙ্গে সম্পর্কের নাটক উপস্থাপনের তোড়জোড় শুরু হয়ে যায়। তিনি বলেন, ‘কথিত’ অডিও টেপে তাঁর সঙ্গে তালেবানের সম্পর্কের কথা বলা হয়েছে। আবার নিহত খালিদ খাজার ছেলে দাবি করেছেন, হামিদ মির মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর এজেন্ট। তাহলে এই দুই বিপরীত মন্তব্যের কোনটা সত্য—প্রশ্ন হামিদ মিরের। তাঁর বক্তব্য, বিভিন্ন বিষয়ে তাঁর কণ্ঠস্বর রোধ করতেই এ উদ্যোগ।