কত কর্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নগরের রাস্তাঘাটে প্রায়ই ভ্রাম্যমাণ আদালত বসে। তারা তখন অনেক বাস রেকার দিয়ে থানায় নিয়ে যায়। বাস ফেরত আনতে একদিকে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ফয়সালা করতে হয়, আবার থানার সঙ্গেও যোগাযোগ করতে হয়।’ বলছিলেন পরিবহন প্রতিষ্ঠান বিকল্প সিটি সুপার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মীর আমিরুজ্জামান। তিনি জানান, চলন্ত যানবাহন থামিয়ে রাস্তার পাশে পরীক্ষা-নিরীক্ষা করা হলে বেশি দুর্ভোগে পড়ে যাত্রীরা। তাদের সময় অপচয় হয়। অনেক সময় তাদের বাস থেকে নেমে যেতে হয়। আবার রাস্তার পাশে যানবাহন থেমে থাকায় যানজট তৈরি হয়।অনুসন্ধানে জানা যায়, চলার পথে ডিএমপির ট্রাফিক বিভাগের তিন ধরনের কর্তার মুখে পড়তে হয় যান-চালকদের। তাঁরা হচ্ছেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট, হলুদ পোশাকধারী সার্জেন্ট ও ভ্রাম্যমাণ পরিদর্শক (পেট্রোল ইন্সপেক্টর)। আবার অপরাধী শনাক্ত করতে কোনো কোনো সময় ডিএমপির অপরাধ দমন বিভাগ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও (র‌্যাব) রাস্তার পাশে যানবাহন থামিয়ে তা ‘চেক’ করে থাকে। এদিকে যানবাহনের নকশা, ফিটনেস ও নিবন্ধনের কাগজ এবং চালকের লাইসেন্স পরীক্ষার জন্য ভ্রাম্যমাণ আদালত বসায় বিআরটিএ। আবার যানবাহনের ধোঁয়া, ভেঁপু যাচাইয়ে আদালত বসায় পরিবেশ অধিদপ্তর। একাধিক যাত্রী, চালক ও পরিবহন ব্যবসায়ী জানান, বাসের কাগজপত্র, ফিটনেস ও চালকের লাইসেন্স পরীক্ষার জন্য চলার পথে বাস না থামিয়ে নগরের প্রধান প্রধান বাসস্ট্যান্ডে অভিযান চালানো যেতে পারে। এতে যাত্রীরা দুর্ভোগ থেকে বাঁচবে, আবার নগর থেকে যানজটও কমবে।এ প্রসঙ্গে বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) তপন কুমার সরকার বলেন, ‘বিষয়টা নিয়ে আমরাও ভেবেছি। বড় বড় বাসস্ট্যান্ডে অনেক মালিক ও বাসশ্রমিক একসঙ্গে থাকায় গুটিকয় লোক নিয়ে অভিযানে গিয়ে তাঁদের ওপর প্রভাব বিস্তার করা যাবে না। এ ক্ষেত্রে অভিযানে থাকা কর্মীদের নিরাপত্তার বিষয়টিও এসে যায়। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অনেক পুলিশসদস্য দরকার। কিন্তু এত পুলিশসদস্য পাব কোথায়?’ ডিএমপির সহায়তায় ঘাটতির কথা উঠে এল তপন কুমার সরকারের কথায়।